Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬
বিজেপির মহামিছিল

CAA-ইস্যুতে আজ পালটা পথে বিজেপি, মহামিছিলের নেতৃত্বে জে পি নাড্ডা

শহরে মিছিল রয়েছে বামেদেরও, তীব্র যানজটের আশঙ্কা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৩, ২০১৯, ০৯:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৩, ২০১৯, ০৯:৩৪

options
link
CAA-ইস্যুতে আজ পালটা পথে বিজেপি, মহামিছিলের নেতৃত্বে জে পি নাড্ডা zoom

স্টাফ রিপোর্টার: আজ শহরে বিজেপির কার্যকরী সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত বিজেপির মহামিছিল। যে মিছিলের নেতৃত্বে ও পুরোভাগে থাকছেন নাড্ডা। মিছিল শেষে শ্যামবাজারে সভাও করবেন তিনি। আজই কলকাতায় আসার কথা বিজেপির কার্যকরী সভাপতির। বিমানবন্দর থেকে সোজা তিনি আসবেন সুবোধ মল্লিক স্কোয়ারে।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত সপ্তাহভর মিছিল ছিল তৃণমূলের। সিএএ-এর বিরোধিতায় টানা তিনদিন মিছিল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বামেরাও মিছিল করেছে। এবার সিএএ-এর সমর্থনে রাজপথে বিজেপি। বিজেপির এই মিছিল রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ন বলে মনে করা হচ্ছে।এতদিন সিএএ-এর সমর্থনে ছোটখাট মিছিল করলেও কলকাতার বুকে আজই বিজেপির বড় কর্মসূচি। মহামিছিলে দলের সর্বভারতীয় কার্যকরী সভাপতি জে পি নাড্ডাকে এনে রাজ্যের শাসকদলকে পালটা জবাব দিতে চায় গেরুয়া শিবির। মিছিলকে তাই জনসমুদ্রের রূপ দিতে চাইছে তারা। মিছিল শেষে সভা থেকে নাড্ডা কি বলেন সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের। নাগরিকত্ব সংশোধনী বিল পাসের সাফল্যকে তুলে ধরে অভিনন্দন জানানো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহকে। মিছিলের তাই পোশাকি নাম দেওয়া হয়েছে অভিনন্দন যাত্রা।

bjp-rally

[আরও পড়ুন: ঝাড়খণ্ডের রায় LIVE: বেলা বাড়তেই ঘুরছে খেলা, কংগ্রেস জোটকে পিছনে ফেলে এগিয়ে বিজেপি]

সিএএ-এর প্রতিবাদে বিরোধীদের দেশজুড়ে আন্দোলনের পালটা জনসম্পর্ক অভিযান কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি। রবিবার দিল্লিতে রামলীলা ময়দানে জনসভার মধ্যে দিয়ে সেই কর্মসূচির সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ কলকাতায় সেই কর্মসূচির সূচনা করছেন জে পি নাড্ডা। এই মিছিলকে বর্ণাঢ্য রূপ দিতে চাইছে তারা। রবিবার রাতে হিন্দ সিনেমা হলের সামনে মিছিলের প্রস্তুতি ঘুরে দেখেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ও শিবপ্রকাশ। ছিলেন মুকুল রায়, রাজু বন্দ্যোপাধ্যায়রাও। আজ দুপুর ১টায় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু হয়ে গনেশচন্দ্র এভিনিউ হয়ে সেন্ট্রাল এভিনিউ ধরে শ্যামাবাজারে গিয়ে শেষ হবে।

Nadda

[আরও পড়ুন: ‘বিক্ষোভকারীদের ধরছেন না কেন?’ পুলিশকে বলতেই গ্রেপ্তার কংগ্রেস কর্মী]

মিছিলে যাতে কোনও বহিরাগতরা গন্ডগোল করতে না পারে সেজন্য কড়া নজরদারি রাখতে দলের কর্মীদের নিয়েই বিশেষ টিম তৈরি করেছে বিজেপি। নাম দেওয়া হয়েছে অ্যাডভান্স টিম। মিছিলের একদম সামনে থেকে যারা পরিস্থিতি নজর রাখবে। তাদের হাতে থাকছে ৫০টি ওয়াকটকি। এছাড়া, দলের তরফেও ক্যামেরা রাখা হচ্ছে। মিছিলের প্রথমে জে পি নাড্ডা-সহ থাকছেন শিবপ্রকাশ, অরবিন্দ মেনন, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, মুকুল রায়রা। পরের সারিতে রাজ্য নেতৃত্ব ও সাংসদ-বিধায়করা। তারপর সেলিব্রিটিরা। দশটি ট্যাবলো থাকছে। মতুয়া, কীর্তনীয়া সম্প্রদায়ের বহু মানুষ মিছিলে থাকবেন। উদ্বাস্তুদের জীবন যন্ত্রণার ছবি নিয়ে একটি তথ্যচিত্র দেখানো হবে এলইডি স্ক্রিনে। মিছিলের পথে যত মনীষীদের মূর্তি রয়েছে রবিবার সেগুলি পরিস্কার করে মালা দিয়েছে বিজেপি স্বচ্ছ ভারত সেল। এদিকে, রবিবার সন্ধ্যায় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আবেদন করা সত্ত্বেও পুলিশের লিখিত অনুমতি আসেনি। অনুমতি না এলেও মিছিল হচ্ছেই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.