স্টাফ রিপোর্টার: বধূ নির্যাতনের অভিযোগে বাড়িতে চড়াও হল পাড়ার ক্লাবের সদস্যরা৷ শ্বশুর-শাশুড়িকে তাদের সাফ হুঁশিয়ারি, ‘বন্ধ করুন নির্যাতন, ঘরে ফিরিয়ে নিন গৃহবধূকে৷ আর না হলে আপনারা বেরিয়ে যান ঘর থেকে৷’ মঙ্গলবার ঘটনাটি বেলেঘাটা থানা এলাকায়৷ স্থানীয় ক্লাবের দামাল ছেলেদের এই চাপের কাছে কার্যত নতি স্বীকার করে বেরিয়ে যেতে বাধ্য হয়েছেন প্রবীণ কর্মকার দম্পতি৷ এরপরই তাঁরা বেলেঘাটা থানায় গিয়ে পুলিশের দ্বারস্থ হন৷ খাস কলকাতায় পুলিশ-প্রশাসনকে এড়িয়ে বিহারের খাপ পঞ্চায়েতের ধাঁচে সালিশি সভা করে ফতোয়ার অভিযোগ উঠেছে ক্লাবের বিরুদ্ধে৷
[১৫০০ কোটির ল্যান্ডমার্ক পেরোল ‘দঙ্গল’, জোর টক্কর ‘বাহুবলী’কে]
জানা গিয়েছে, ১১ বছর আগে শংকর কর্মকার ও কমলা কর্মকারের ছেলে শুভেন্দুর সঙ্গে বিয়ে হয় কাঁকুরগাছির বাসিন্দা চৈতালীর৷ অভিযোগ, বিয়ের চার বছরের মাথায় সন্তান হওয়ার পর শাশুড়ির অত্যাচারে ঘর থেকে বেরিয়ে যান চৈতালী৷ বাপের বাড়িতেই থাকতে শুরু করেন তিনি৷ তিনমাস আগে ফিরে আসেন৷ শ্বশুরবাড়িতে থাকার চেষ্টা করেন৷ তাই নিয়ে দু’পক্ষের মধ্যে বচসাও হয়৷ অভিযোগ, কমলাদেবী ও শংকরবাবু ওই গৃহবধূকে তাঁর সন্তানের সঙ্গে দেখা করতে দেন না৷ এমনকী, সন্তানের এমনভাবে মগজধোলাই করা হয়েছে যে সে মা-কে দেখলে তাঁর সঙ্গে মিশতে বা কথা বলতে চায় না৷ পুলিশের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা না হওয়ায় চৈতালীদেবী স্থানীয় ক্লাবের সহযোগিতা নেন৷ সেই মতো নাকি এক সপ্তাহ আগে সালিশি সভা করে ওই ক্লাব৷ সেখানে শংকরবাবু, কমলাদেবীকে ছ’মাসের জন্য অন্য ফ্ল্যাটে গিয়ে থাকার নিদান দেন সদস্যরা৷ এর জন্য এক সপ্তাহের মধ্যে ঘর ছাড়ার কথা ছিল তাঁদের৷ তা না হওয়ায় মঙ্গলবার চড়াও হয় ক্লাব সদস্যরা৷ যদিও এর আগেই হামলার আশঙ্কা করে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ওই প্রবীণ দম্পতি৷
[অ্যাসিড হামলার স্মৃতি অতীত, বিয়ে করে নতুন জীবনে প্রবেশ এই যুবতীর]
প্রতিবেশীদের অভিযোগ, কমলাদেবীর ব্যবহার অত্যন্ত খারাপ৷ কারও সঙ্গেই সদ্ভাব নেই তাঁর৷ গোটা পাড়াই কার্যত কমলাদেবী ও শংকরবাবুর বিরুদ্ধে৷ যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন ওই প্রবীণ দম্পতি৷ তাঁদের পাল্টা যুক্তি, নিজেই সংসার করতে আগ্রহী নয় বউমা৷ চৈতালীদেবী স্নায়ুর রোগে আক্রান্ত৷ বিয়ের আগে এই রোগের কথা চেপে গিয়েছিল তাঁর পরিবার৷ সবকিছুই ঠিকঠাক চলছিল৷ কিন্তু সন্তান হওয়ার পর থেকেই অদ্ভূত ব্যবহার করতে শুরু করেন তিনি৷
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল অবধি বাড়ির বাইরেই রয়েছেন ওই প্রবীণ দম্পতি৷ গোটা ঘটনার তদন্তে নেমেছে বেলেঘাটা থানার পুলিশ৷ যদিও পুলিশের একাংশের মতে, পারিবারিক বিবাদের মধ্যে ঢুকে গোটা বিষয়টিকে জটিল করে তুলছে ওই ক্লাব৷
[‘ভারতকে এমন শিক্ষা দেব যে আগামী কয়েক প্রজন্ম মনে রাখবে’]
সর্বশেষ খবর
-
হিন্দুদের বঞ্চিত করে মুসলমানদের সংরক্ষণ! বাম-তৃণমূলের ‘ভুল শোধরাতে’ জোড়া ওবিসি বিল বিধানসভায়
-
আর্থিক বেনিয়ম-সংগঠনের চাপ! সকাল থেকে বন্ধ ২৩৯ রুটের বাস, নাকাল যাত্রীরা
-
দুঃস্বপ্নের দুবাই! জন্মদিন উদযাপন করতে গিয়ে গুরুতর অসুস্থ, হাসপাতালে জ্যাসমিন
-
সরকারি নির্দেশ অমান্য করে টিউশনে ‘চাপ’ শিক্ষকের, কলকাতার স্কুলে অভিভাবক বিক্ষোভে ধুন্ধুমার
-
‘নকআউট পর্যায়ে শুরু হবে আসল লড়াই’, প্রত্যাবর্তনের বার্তা দিলেন রোনাল্ডো