স্টাফ রিপোর্টার: ফের জাতীয় স্তরে সম্মানিত এরাজ্যের প্রকল্প। এবার স্কচ অ্যাওয়ার্ড পেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত প্রকল্প ‘খাদ্যসাথী’। সোমবার দিল্লিতে এক অনুষ্ঠানে রাজ্য প্রশাসনের দুই আধিকারিকের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। দেশের বিভিন্ন রাজ্যের কয়েকশো প্রকল্প প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। প্রকল্পকে কেন্দ্র করে মৌখিক উপস্থাপনার ভিত্তিতে অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ একটি প্রাথমিক তালিকা তৈরি করে। তার থেকে অর্ডার অফ মেরিটের ভিত্তিতে ২৫৯টি প্রকল্পকে নির্বাচিত করা হয়। যার মধ্যে সেরার সেরা হয়েছে রাজ্য সরকারের খাদ্যসাথী প্রকল্প।
[রাজ্যের মুকুটে নয়া পালক, রাষ্ট্রসংঘে স্বীকৃতি পাচ্ছে ‘সবুজ সাথী’ প্রকল্প]
‘প্ল্যাটিনাম’ সম্মানে ভূষিত করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই প্রকল্পকে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “সবার জন্য খাদ্য, এটাই সংকল্প রাজ্য সরকারের। কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে। কিন্তু মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর খাদ্যের সুরাহার জন্য চালু করেছেন খাদ্যসাথী প্রকল্প। গোটা দেশ আজ এই প্রকল্পকেই অনুসরণ করছে। যারই স্বীকৃতি স্কচ অ্যাওয়ার্ড।” খাদ্য দপ্তরের দুই আধিকারিক অচিন্ত্যকুমার পতি ও অজয় ভট্টাচার্য সরকারের তরফে দিল্লির অনুষ্ঠানে উপস্থিত থেকে স্কচ অ্যাওয়ার্ড গ্রহণ করেন। পুরস্কার আরও ভাল কাজ করতে উৎসাহ জোগায়। আর সেরার সেরা হলে সেটা বড়সড় সাফল্য বলেই মনে করছেন খাদ্য দপ্তরের আধিকারিকরা।
[কলকাতার ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার বিহারের দুই ডন]
এর আগে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত তিন প্রকল্প কন্যাশ্রী, উৎকর্ষ বাংলা এবং সবুজসাথী। সম্প্রতি, রাষ্ট্রসংঘের এক সংস্থার বিচারে চ্যাম্পিয়ন প্রকল্পের শিরোপা পেয়েছে ‘উৎকর্ষ বাংলা।’ এই প্রকল্পও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা। এক্ষেত্রেও প্রকল্পের নাম তাঁরই দেওয়া। এদিকে রাষ্ট্রসংঘের আরেক সংস্থার বিচারে বিশ্বের সেরা পাঁচটি প্রকল্পের মধ্যে একটি নির্বাচিত হয়েছে ‘সবুজসাথী’। আগামী ৯ এপ্রিল এই প্রকল্পকেও সম্মানিত করা হবে। এর আগে গতবছরই বিশ্বসেরার স্বীকৃতি পেয়েছিল রাজ্যের কন্যাশ্রী প্রকল্প। লোকসভা ভোটের আগে রাজ্যের একের পর এক প্রকল্প সম্মানিত হওয়ায় রাজ্যের শাসকদলের নেতাদের মুখে চওড়া হাসি।
সর্বশেষ খবর
-
৫৪ ফুটের দোসা, ১৪ টনের বিরিয়ানি! গিনেসবুকে নাম তোলা ভারতের এই ৬ ডিশ চেখেছেন?
-
ন’বছর পর শ্রীলঙ্কায় টেস্ট খেলতে যাচ্ছে টিম ইন্ডিয়া, কবে কোথায় ম্যাচ?
-
‘মহামারির আকার নিয়েছে প্রতারণা’ , সাইবার সহায়তা কেন্দ্র চালু করে শুভেন্দুর অ্যাকশন শুরু!
-
পেটে ২ মিলিয়ন ব্যারেল তেল, হরমুজে ভারতীয় জাহাজে গোলাবর্ষণ! সমুদ্রেই সলিল সমাধি?
-
বর্ষায় সংক্রমণ পিছু ছাড়ছে না? এই ৮ লক্ষণ হতে পারে দুর্বল ইমিউনিটির ইঙ্গিত