সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাগরি মার্কেটের আগুন এখনও আয়ত্তে আসেনি৷ তারই মাঝে শহরে আবার লাগল আগুন৷ এবার আগুন লাগল ভবানীপুরের যদুবাবু বাজারে৷ ওই বাজারের একটি গোডাউনে আগুন লেগে গিয়েছে৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল৷ শুরু হয়েছে আগুন নেভানোর কাজ৷
[ধর্মের বেড়াজাল ভেঙে সহাবস্থানের পাঠ শেখাচ্ছে ‘জ্বলন্ত’ বাগরি]
শনিবার মধ্যরাত থেকে আগুনের লেলিহান শিখার গ্রাসে চলে গিয়েছে বাগরি মার্কেট৷ প্রায় ৩৬ ঘণ্টা সময় কেটে গেলেও, এখনও নিয়ন্ত্রণ করা যায়নি আগুন৷ দমকলবাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন৷ কিন্তু অগ্নিদগ্ধ মার্কেটে দফায় দফায় বিস্ফোরণ, জলের অভাবে বারবারই বেগ পেতে হয়েছে দমকল বাহিনীকে৷ ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার সামগ্রী৷ পুজোর আগে শহরে জতুগৃহ হওয়ার ঘটনা আশঙ্কা বাড়িয়েছে ব্যবসায়ীদের৷ উৎকণ্ঠার প্রহর গুনছে গোটা শহর৷ এরই মাঝে আবার শহরে অগ্নিকাণ্ড৷ এবার ঘটনাস্থল যদুবাবুর বাজার৷ সোমবার দুপুরে ওই এলাকায় একটি গোডাউনে আগুন লাগতে দেখেন স্থানীয় ব্যবসায়ীরা৷ বাগরি মার্কেটের ঘটনার পর থেকে একেই আতঙ্কে দিন কাটাচ্ছেন ব্যবসায়ীরা৷ তারই মাঝে আবারও গোডাউনে আগুন লেগে যাওয়ায় উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় ব্যবসায়ীরা৷
[বাগরি মার্কেটের আশপাশেও একই চিত্র, গ্যাস জ্বালিয়ে রান্নাবান্না চলে বহুতলেই]
সঙ্গে সঙ্গেই খবর পৌঁছায় দমকলে৷ খবর পেয়েই একে একে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন৷ শুরু হয়েছে আগুন নেভানোর কাজ৷ দমকল সূত্রে খবর, এখনও পর্যন্ত আগুন লাগার স্পষ্ট কারণ জানা যায়নি৷ প্রয়োজন হলে আরও দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে চলে আসবে বলেই দাবি আধিকারিকদের৷ আগুন আশেপাশের ঘিঞ্জি এলাকায় ছড়িয়ে পড়বে না তো, এই আশঙ্কায় প্রহর গুনছেন স্থানীয় ব্যবসায়ীরা৷ যদুবাবুর বাজারের অগ্নিনির্বাপণ ব্যবস্থা আদৌ ঠিকঠাক ছিল না, আগুন নেভানোর পরই তা খতিয়ে দেখবেন দমকল আধিকারিকরা৷
সর্বশেষ খবর
-
নিজেকে ভারতীয় রাগবি দলের সদস্য বলে দাবি, গুরুগ্রামে বাইকার তরুণীকে ধাক্কা দেওয়া যুবক আসলে কে?
-
তিন বছরে তৃতীয়বার, উত্তরপ্রদেশে আম্বেদকরের মূর্তি ভাঙচুর!
-
‘কুঁড়ে’ প্রতিযোগীদের উপর রেগে কাঁই ‘বিগ বস’, সবাইকে ছাঁটাই! ব্রহ্মাস্ত্রে কাকে বাঁচাবেন জীতু?
-
পুজো উদ্যোক্তাদের ঐক্যবদ্ধ করতে রুদ্রনীলের নেতৃত্বে সমিতি বিজেপির! ‘ফোরাম ফর দুর্গোৎসবে’র ভবিষ্যৎ?
-
একঘণ্টা অপেক্ষার পরও আসেননি অধ্যক্ষ, কলেজের পরিচালন কমিটির সভাপতি দায়িত্ব নিজেই নিলেন কৌস্তভ!