স্টাফ রিপোর্টার: অবাধ্য অটোকে বাঁধতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি অটোর তালিকা তৈরির নির্দেশ দিলেন পরিবহণমন্ত্রীকে৷ সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী অটোর দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন৷ সেখানেই তিনি পরিবহণমন্ত্রীকে এব্যাপারে ব্যবস্থা নিতে বলেন৷ মুখ্যমন্ত্রীর পরামর্শ, কোথায় কোথায় কতগুলো বেআইনি অটো চলছে সেটা খোঁজ নেওয়া দরকার৷ এবিষয়ে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “ইতিমধ্যেই বেআইনি অটোর তালিকা তৈরির কাজ শুরু হয়েছে৷ তবে আমাদের সরকার মানবিক৷ যে সমস্ত অটো বৈধ নয়, সেগুলোকে রেগুলারাইজড করা হবে৷ বুধবার অটো পলিসি-র খসড়া প্রকাশ করা হবে৷ অটো-সংক্রান্ত একটি ডেটাব্যাঙ্ক তৈরি করা হবে৷ অটোর মালিকের নাম, চালকের নাম সব পরিবহণ দফতরের কাছে রাখা হবে৷ তাছাড়া অটো সংক্রান্ত অভিযোগ জানাতে যাত্রীদের জন্য টোল ফ্রি নম্বর এবং হোয়াটস অ্যাপ নম্বর চালু করা হচ্ছে৷” অভিযোগ জানানোর এই নম্বর দুটি এদিনই পরিবহণ দফতরের তরফে প্রকাশ করা হয়৷ ফোন নম্বরটি হল ১৮০০৩৪৫৫১৯২৷ হোয়াটসঅ্যাপ নম্বরটি হল ৮৯০২০১৭১৯১৷ ছুটির দিন এবং শনি-রবিবার ছাড়া যে কোনও দিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সেই নম্বরে অভিযোগ জানানো যাবে৷
অটো পলিসির খসড়ায় ভাড়ার বিষয়টি রাখা হচ্ছে না৷ অটোর ভাড়া রাখা হচ্ছে রুট কমিটির হাতেই৷ শহর-শহরতলিতে একের-পর এক অটো-দৌরাত্ম্যের ঘটনায় সাধারণ যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছিল৷ তাই প্রথম থেকেই অটো দৌরাত্ম্য বন্ধে শক্ত হতে লাগাম টানতে সচেষ্ট পরিবহণ দফতর৷ মন্ত্রী বলেন, “অটোয় সাউন্ড বক্স বাজানো যাবে না৷ চারজনের বেশি যাত্রী তোলা যাবে না৷ এলইডি লাইট লাগানো যাবে না৷ সরকারের তরফে অটো রুট রিস্ট্রাকচার করা হবে৷ সেক্ষেত্রে কাটা রুটেও অটো চালানো যাবে না৷” পরিবহণমন্ত্রী জানিয়ে দেন, বেআইনি অটোকে আগে রেগুলারাইজ করতে হবে৷ তা না হলে দুর্ঘটনা ঘটলে বিমা বা ক্ষতিপূরণ পাওয়া যায় না৷ সরকারের কাছে তথ্য না থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায় না৷ ৫০ শতাংশের বেশি বেআইনি অটো৷ এগুলোকে রেগুলারাইজ করতেই বারাকপুর, হাওড়া, বিধাননগর এবং কলকাতা আরটিওকে একত্রিত করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার