রূপায়ণ গঙ্গোপাধ্যায়: আইন মেনে কাজ করছে না কমিশন। এমনকী আদালতের নির্দেশও মানছে না। এই অভিযোগে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবারই তিনি হাই কোর্টে মামলা দায়ের করতে চলেছেন বলে বিজেপির লিগ্যাল সেল সূত্রের খবর।
বিরোধী দলনেতা আগেই জানিয়েছিলেন, প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পঞ্চায়েত (Panchayat polls 2023) সংক্রান্ত যে নির্দেশ দিয়েছিল তার ব্যাখ্যা চাইবেন তিনি। বিরোধী দলনেতার অভিযোগ, স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন-সহ প্রার্থীদের মনোনয়নে বাধা ইস্যুতে বিকল্প পদ্ধতিতে প্রার্থীদের মনোনয়নে কোনও ব্যবস্থা নেয়নি কমিশন। হাই কোর্টে কমিশনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার দাবি জানাবেন শুভেন্দু।
[আরও পড়ুন: প্রার্থী হতে চান না অভিষেকের ‘পঞ্চায়েতের মুখ’ কেশপুরের শেখ হোসিনুদ্দিন]
গত ১৩ জুন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, পঞ্চায়েত ভোটে স্পর্শকাতর এলাকাগুলিতে মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী। যে সমস্ত এলাকায় রাজ্য পুলিশের সংখ্যা কম থাকবে সেখানেও ধীরে ধীরে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী। যেখানে কেন্দ্রীয় বাহিনী নেই, সেখানে ভোটকর্মীদের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে রাজ্য পুলিশ, রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে। নির্বিঘ্নে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করার সব দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। কিন্তু নির্বাচন কমিশন বুধবার পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। উলটে হাই কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন জানাতে চলেছে বলে খবর। কমিশনের এই অবস্থানের বিরুদ্ধেই আদালতে যাচ্ছেন শুভেন্দু।
[আরও পড়ুন: কালিয়াগঞ্জে নাবালিকা ‘ধর্ষণ ও খুন’ মামলায় SIT গঠনে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের]
উল্লেখ্য, আগামী ৮ জুলাই রাজ্যে ২২টি জেলার ৩ হাজার ৩১৭টি গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২৮৩টি আসনে ভোট করার উদ্দেশে বর্তমানে মনোনয়ন জমার কাজ চলছে। সঙ্গে নির্বাচন হবে ৯২৮টি জেলা পরিষদ ও ৯ হাজার ২১৭টি পঞ্চায়েত সমিতির আসনে। বৃহস্পতিবারই মনোনয়ন প্রক্রিয়ার শেষদিন।
সর্বশেষ খবর
-
ফুটবল না কুস্তি! বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে হাতাহাতিতে চিলি-পর্তুগালের ফুটবলাররা
-
ইন্ডিয়া জোটই ভরসা! ভাঙন চিন্তা মাথায় নিয়ে বৈঠকে যোগ দিতে দিল্লি রওনা মমতার
-
গ্রীষ্মকালীন বক্সঅফিসে ফের বাজিমাত শিবপ্রসাদ-নন্দিতার, প্রথম সপ্তাহেই দু’কোটির দুয়ারে ‘ফুলপিসি’
-
৭ বউ, পাঁচটি রাজপ্রাসাদ, ৫০০ কোটির মালিক! তৃণমূল কাউন্সিলরকে নিয়ে পোস্টার, কে এই ‘গুণধর’?
-
সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারে নেমে বিষাক্ত গ্যাসের কবলে, সুরাটের কারখানায় মৃত ৪ শ্রমিক