Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬

ভাড়া নিয়ে বচসার জের, ট্রামের কনডাক্টরকে মার মদ্যপ যাত্রীর

গ্রেপ্তার ওই মদ্যপ যুবক৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২১, ২০১৮, ২১:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২১, ২০১৮, ২১:২৭

options
link
ভাড়া নিয়ে বচসার জের, ট্রামের কনডাক্টরকে মার মদ্যপ যাত্রীর zoom
Advertisement

অর্ণব আইচ: “পাড়ার ট্রাম। ভাড়া দেব কেন?” চলন্ত ট্রামে মদ্যপ যাত্রীর মুখে এই কথা শুনে হতবাক হয়ে গিয়েছিলেন কনডাক্টর। “ভাড়া দেবেন না মানে? দিতেই হবে।” কনডাক্টরের প্রশ্নে যাত্রী বলে ওঠে, “আমাদের পাড়া দিয়ে এই ট্রাম যায়। তাই ভাড়া দিই না।” এরপর বাগবিতণ্ডা শুরু হতেই কনডাক্টরের মুখে ঘুসি আর মার। প্রচণ্ড যন্ত্রণার মধ্যেও ওই মদ্যপ যাত্রীকে পুলিশের হাতে তুলে দেন ওই পরিবহণ কর্মী। মহম্মদ মাজহার খান নামে মোমিনপুর রোডের বাসিন্দা ওই যুবককে হেস্টিংস থানার পুলিশ গ্রেপ্তার করেছে।

[বৈশাখীকে খুনের চেষ্টা করেছিলেন রত্না, বিস্ফোরক অভিযোগ শোভনের]

Advertisement

রাতের অন্ধকারে ময়দান দিয়ে ছুটছিল ট্রাম। দু’টি কামরায় ছিলেন মাত্র কয়েকজন যাত্রী। টিকিট কাটতে কাটতে এক যুবকের সামনে আসেন ট্রাম কনডাক্টর পার্থ দে। তিনি যুবকের কাছে টিকিট চান। যুবক তাঁকে বলে, তার বাড়ি মোমিনপুরে। তার বাড়ির সামনে দিয়েই ট্রাম যায়। ‘পাড়ার ট্রাম’ চড়তে গেলে টাকা লাগবে কেন? কনডাক্টর এতে কান না দিয়ে ফের টিকিট চান। মদ্যপ যুবক বলে ওঠে, সে ও তার বন্ধুরা ট্রামে উঠে টিকিট দেয় না। তাই এদিনও দেবে না। তার ঔদ্ধত্য সহ্য করতে পারেননি তিনি। যুবককে কনডাক্টর বলে ট্রাম থেকে নেমে যেতে। ততক্ষণ ট্রামটি খিদিরপুরে চলে এসেছে।

[মেয়র পদে তবে কি ফিরহাদ হাকিম? মমতার পদক্ষেপে নয়া জল্পনা]

ট্রাম থেকে নামতে বলামাত্রই তেড়েফুঁড়ে ওঠে ওই যুবক। ওই পরিবহণ কর্মীকে গালিগালাজ দিতে শুরু করে। তাকে এই আচরণ করতে বারণ করেন পার্থবাবু। কিন্তু দেখে নেওয়ার ভঙ্গিতে এগিয়ে যায় সে। ট্রামের মধ্যেই তাঁর মুখে ঘুসি মারে যুবক। তাঁকে মারধর করতে শুরু করে। অভিযোগ, খিদিরপুরের বাপু গেটের কাছে ট্রামটি এলে কামরার মধ্যে থাকা একটি ভারী জিনিস দিয়ে তাঁর মাথায় আঘাত করে সে। রক্তাক্ত অবস্থায় তাঁকে দেখে এবার চলন্ত ট্রাম থেকে যুবক পালানোর চেষ্টা করে। কিন্তু এবার আর তাকে নামতে দেননি কনডাক্টর। অন্য কয়েকজন যাত্রীর সহযোগিতায় তাকে ধরে রাখেন। খিদিরপুরে ট্রাম থামিয়ে অন্য কামরার কনডাক্টরকেও ডেকে নিয়ে আসেন। রাস্তায় থাকা কর্তব্যরত পুলিশের হাতে ওই মদ্যপ যুবককে তুলে দেওয়া হয়। হেস্টিংস থানার আধিকারিকরা তাকে গ্রেপ্তার করেন। আদালতের নির্দেশে সে জেল হেফাজতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.