সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিপাকে বরকতি৷ টিপু সুলতান মসজিদে তাঁর আসাকে কেন্দ্র করে শুক্রবারও বিক্ষোভে উত্তাল হয়ে উঠল মসজিদ চত্বর৷ প্রাক্তন ইমামকে নমাজ পড়তে দেওয়া হবে না বলে সরব হলেন বিক্ষোভকারীরা৷
[ ইমাম পদ ছাড়তে নারাজ বরকতি এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন ]
একের পর এক বিতর্কিত মন্তব্য ও দেশবিরোধী কথাবার্তার জেরে বরকতির বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠেন মুসলিম ধর্মাবলম্বী মানুষরা৷ মসজিদ চত্বরেই তাঁর বিরুদ্ধে প্রতিবাদ সভা হয়৷ মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরির নেতৃত্বে এক সভায় মুসলিমরা সাফ জানায়, ইমামের মন্তব্যের সঙ্গে মসজিদ কর্তৃপক্ষ একমত নয়৷ মুসলিমরা কখনওই পাকিস্তান চায় না, বরং ভারতের সম্প্রীতির ঐতিহ্যেই বিশ্বাস রাখে৷ বরকতি যেভাবে বিদ্বেষ ছড়াচ্ছেন তা মুসলিম সমাজের সামগ্রিক মতামত নয় এবং দেশের অখণ্ডতার পরিপন্থী বলেই একযোগে জানান সকলে৷ এদিকে নিজের গাড়ি থেকে লালবাতি খুলতেও অস্বীকার করেছিলেন বরকতি৷ যদিও রাজ্যের প্রতিনিধি দল তাঁর সঙ্গে দেখা করার পর পুলিশই তাঁর গাড়ি থেকে লালবাতি খুলে নেয়৷ পাশাপাশি ইমাম পদ থেকে তাঁকে সরানোর প্রক্রিয়াও শুরু হয়৷ গত বুধবার তাঁকে আনুষ্ঠানিকভাবে মসজিদের শীর্ষ পদ থেকে তাঁকে বরখাস্ত করা হলেও সে সিদ্ধান্ত মানতে নারাজ হন বরকতি৷ এদিকে তিনি সাত দিনের মধ্যে পদ না ছাড়লে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান মসজিদের এক মুখপাত্র৷ গতকালই মসজিদে এসে আক্রান্ত হন বরকতি৷ আজও দেখা গেল সেই ছবি৷ এদিনও প্রাক্তন ইমামের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়৷ তাঁকে মসজিদে নমাজ পড়তে দেওয়া হবে না বলেও সরব হয় বিরোধীগোষ্ঠী৷
[ মসজিদে আক্রান্ত হয়ে আরএসএস-কে দুষলেন বরকতি ]
এদিকে এই ঘটনায় আরএসএস-এরই ছায়া দেখছেন বরকতি৷ এ অভিযোগ তিনি আগেও তুলেছিলেন৷ তাঁর বিরুদ্ধেই আরএসএস-এর হাত শক্ত করার অভিযোগ তুলেছিল মুসলিমরা৷ তাঁর পাল্টা দাবি, তিনি ন্যায় ও সুবিচারের পক্ষে সওয়াল করেছেন বলেই তাঁকে হেনস্তার শিকার হতে হচ্ছে৷ তাঁর দাবি, তিনি শুধু বলেছিলেন আইন আইনের পথে চলুক৷ কিন্তু মসজিদ কর্তৃপক্ষ এখন যে পরিস্থিতি তৈরি করছে তার সুবিধা নিচ্ছে আরএসএস বলে পাল্টা অভিযোগ বরকতির৷ তিনি জানান, আজও তাঁকে মারধর করা হয়৷ পিছন থেকে কেউ তাঁর মাথায় আগাত করে বলে অভিযোগ প্রাক্তন ইমামের৷ এর আগে তিনি বলেছিলেন, কোনও ধার্মিক মুসলমান ইমামের গায়ে হাত তুলতে পারে না৷ স্পষ্টতই মসজিদ ও আরএসএস-দু’য়ের বিরুদ্ধেই পরোক্ষে আঙুল তুলেছেন তিনি৷
সর্বশেষ খবর
-
হরমুজ এবার ট্রাম্প প্রণালী! ইরানের সঙ্গে উত্তেজনার মাঝেই গর্জন মার্কিন প্রেসিডেন্টের
-
কখনও জলে ডুবে, কখনও ঠায় শুয়ে, আচমকা কী হল ‘রামলালে’র?
-
বয়স ভাঁড়ানোর অপরাধে ‘বাংলা’র ক্রিকেটারকে দু’বছরের নির্বাসনে পাঠাল বোর্ড
-
পুজোর আগে বেহাল পিচ রাস্তা মেরামত, বিধায়কদের সঙ্গে বৈঠকে কী জানালেন পুর ইঞ্জিনিয়াররা?
-
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিদেশে ত্রিশতরান! দক্ষিণ আফ্রিকায় ইতিহাস হৃদয়ের