মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচে দেশের বাজার আগুন। মহার্ঘ জ্বালানি। ঘরে-বাইরে মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা। এরমধ্যেই শুক্রবার ফের এক ধাক্কায় লিটার প্রতি ৩ টাকা ১১ পয়সা দাম বেড়েছে পেট্রল-ডিজেলের। এবার বাসভাড়া বাড়ানোর দাবিতে পরিবহণ দপ্তরকে চিঠি দিল বেসরকারি বাসমালিক সংগঠন। একাধিক বাসমালিক সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল শুক্রবার পরিবহণ সচিবের সঙ্গে দেখা করে। সেখানে সংগঠনের প্রতিনিধিরা জানান, আগেও বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে রাজ্য সরকার কমিটি তৈরি করার পরেও সুপারিশ কার্যকর হয়নি। বর্তমান পরিস্থিতিতে ভাড়া না বাড়লে বাস তুলে নেবেন বলেও দাবি করেন তাঁরা।
বেসরকারি বাসমালিক সংগঠনের লেখা চিঠিতে উল্লেখ করা হয়, ২০১৮ সালে অর্থাৎ করোনাকালের দু’বছর আগে শেষবার বাসের ভাড়া বৃদ্ধি হয়েছিল। যখন ডিজেলের দাম ছিল প্রতি লিটার ৬৮ টাকা। আট বছর পেরিয়ে গেলেও বাসভাড়া আর বাড়েনি। চিঠিতে দাবি করা হয়, বর্তমানে ডিজেলের দাম বেড়ে প্রতি লিটার ৯২.০৪ টাকা হয়েছে। জ্বালানির দামে এই ৩৫% ব্যাপক বৃদ্ধি সত্ত্বেও, সরকারের কাছে বহুবার আবেদন করা সত্ত্বেও আজ পর্যন্ত বাসের ভাড়া বাড়ানো হয়নি।
বলা হয়, ২০২০ ও ২০২১ সালে ভাড়া সংশোধনের জন্য দুটি কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু এই কমিটিগুলির রিপোর্ট সামনে আনা হয়নি বা তার উপরে ভিত্তি করে কোনও সিদ্ধান্তও নেওয়া হয়নি। বর্তমান পরিস্থিতিতে গণ পরিবহণের দুর্দশার কথা জানিয়ে ভাড়া বাড়ানোর আবেদন জানানো হয় চিঠিতে। সেই সঙ্গে এও বলা হয়েছে, যন্ত্রাংশ, বীমা, কর্মচারীদের বেতন সহ সামগ্রিক ব্যয় বহুগুণে বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বাস চালানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে। এমন চলতে থাকলে রাস্তা থেকে বাস উধাও হয়ে যাবে বলেও দাবি করেন বাস সার্ভিসের সাধারণ সম্পাদক।

চিঠিতে উল্লেখ করা হয়, নামমাত্র ভাড়ায় সর্বাধিক সংখ্যক যাত্রীকে পরিষেবা দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। লক্ষ লক্ষ শ্রমিক ও হাজার হাজার বাস মালিকের জীবিকা সরাসরি গণপরিবহনের উপর নির্ভরশীল, যা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জীবনরেখা। ভাড়া বাড়াতে বিষয়টি পুনর্বিবেচনা ও গণপরিবহণের অস্তিত্বের সংকট থেকে রক্ষা করতে ন্যায্য ভাড়া কার্যকর করার আবেদন করা বাস সংগঠনের তরফে।
সর্বশেষ খবর
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?
-
নজরে মহিলা ও যুবসমাজ, মোদির জন্মদিন উপলক্ষে একমাসের মেগা জনসংযোগ কর্মসূচি বঙ্গ বিজেপির
-
‘দুর্নীতিমুক্ত’ পুজোয় কোপ বাজেটে, উত্তর থেকে দক্ষিণ, ‘ছোট’ হচ্ছে কলকাতার কোন বড় পুজো?