স্টাফ রিপোর্টার: দক্ষিণ কলকাতার হাইল্যান্ড পার্কের একটি শপিং মলে মহিলাদের পোশাক পরিবর্তনে নজরদারির মতো ভয়ংকর অভিযোগ তুলল এক মহিলা ক্রেতা৷ যার জেরে তুলকালাম কাণ্ড শপিংমল চত্বরে৷
বুধবার শপিংমলের নামজাদা একটি বিপণিতে কেনাকাটা করতে গিয়েছিলেন সোনারপুরের এক মহিলা৷ পোশাক পরিবর্তনের সময় তিনি লক্ষ্য করেন ট্রায়াল রুমের দরজায় একটি ছোট্ট ছিদ্র৷ সন্দেহ হওয়ায় ভালো করে দেখতেই চক্ষু চড়কগাছ৷ কে যেন সেই ছিদ্র দিয়ে তাকিয়ে রয়েছে! এমনটা আঁচ হতেই চিৎকার করে ওঠেন ওই মহিলা৷ চিৎকার শুনে শপিংমলের কর্মীরা দৌড়ে আসেন৷ প্রথমে মহিলার অভিযোগ তারা মানতে চাননি৷ এরপর সার্ভে পার্ক থানায় খবর দেন ওই মহিলা৷ পুলিশ এসে মলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে৷ সেখানে দেখা যায় মহিলা চিৎকার করার সঙ্গে সঙ্গেই এক যুবক ট্রায়াল রুমের বাইরে থেকে দৌড়ে পালাচ্ছে৷
এরপরই ওই বিপণির আধিকারিকদের চাপ দেন পুলিশ৷ ছবি দেখে আধিকারিকরা জানিয়েছেন, ওই ছেলেটি মলের কোনও কর্মী নয়৷ সে ঠিকাদারের অধীনে কাজ করছিল৷ জানা গিয়েছে, যুবকের নাম পরিচয় জানতে পেরেছে পুলিশ৷ তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে৷ পুলিশ জানিয়েছে, যুবককে জিজ্ঞাসাবাদ করলে পুরো বিষয়টি পরিষ্কার হবে৷ কোনওরকম ক্যামেরা রেকর্ডিং হচ্ছিল কি না সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ৷ এর আগে গোয়াতে একটি বিখ্যাত ব্র্যান্ডের বিপণিতেও সিসিটিভি ক্যামেরা দেখে কেস ঠুকেছিলেন দেশের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরাণি৷ কোচিতেও মোবাইল ক্যামেরা ট্রায়াল রুমের যুবতীর ছবি তুলতে গিয়ে গ্রেফতার হয়েছিল এক যুবক৷ কলকাতায় শপিং মলে এই ঘটনায় শঙ্কিত সাধারণ মানুষ৷
সর্বশেষ খবর
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে
-
রক্তারক্তি কাণ্ড! হাসপাতালে অশোক ভট্টাচার্য, কেমন আছেন বর্ষীয়ান সিপিএম নেতা?
-
উনিশেই সেরার শিরোপা, ইতিহাস গড়ে ফরাসি ওপেনের নতুন রানি মীরা আন্দ্রিভা