সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল কংগ্রেসের অন্দরে স্বস্তির হাওয়া৷ রোজভ্যালি-কাণ্ডে শুক্রবারই শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ এই খবর শুনে স্বাভাবিকভাবেই তৃণমূল নেত্রীর গলায় সন্তোষের সুর৷ শুক্রবার তৃণমূল ভবনে তৃণমূলের কোর কমিটির বৈঠকে নেত্রী বলেন, “শুনেছি সুদীপদা জামিন পেয়েছেন৷ আমি তাঁকে দেখতে গিয়েছিলাম৷ ওঁর শারীরিক অবস্থা ভাল নয়৷ এখন আরও খারাপ হয়ে গিয়েছে৷” সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আপাতত কয়েকদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন দলের সুপ্রিমো৷
পাশাপাশি এদিনই পঞ্চায়েত ভোটের জন্য দলকে নেমে পড়তে বললেন মমতা৷ উন্নয়নকে তুলে ধরে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে যাওয়ার নির্দেশ দেন তৃণমূল নেত্রী৷ পুরভোটের সাফল্যের পর এখন থেকেই পঞ্চায়েত ভোটের জন্য ঝাঁপিয়ে পড়তেও বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল নেত্রী জানিয়েছেন, আগামী ২৭ মে থেকে ২৭ জুন রাজ্যের প্রতিটি জেলায় তৃণমূল রাজনৈতিক কর্মীসভার আয়োজন করবে৷ একই সঙ্গে, ২০ মে থেকে ১০ জুন তৃণমূল ব্লকে ব্লকে সন্ধ্যাকালীন রক্তদান শিবির করবে৷ গরমকালে বাংলায় রক্তের সংকট মেটাতে ২০-২৫ মে কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশ সন্ধ্যাকালীন রক্তদান শিবির করবে৷
[মসজিদে আক্রান্ত হয়ে আরএসএস-কে দুষলেন বরকতি]
এদিন বেলা একটা নাগাদ বৈঠক শুরু হয়৷ উপস্থিত ছিলেন দলের বিধায়ক-সাংসদ ও সিনিয়র নেতারা৷ ছিলেন বিভিন্ন পুরসভার চেয়ারম্যান, জেলায় দলের শীর্ষনেতা, বিভিন্ন শাখা সংগঠনের প্রধানরা৷ বর্তমান প্রেক্ষাপটে এই বৈঠক গুরুত্বপূর্ণ৷ পুরভোটের সাফল্যের মূল্যায়নের পাশাপাশি বিরোধীদের অপপ্রচারের জবাব দেওয়ার রণকৌশল নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে৷ সাংগঠনিক ক্ষেত্রেও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে তৃণমূল সূত্রে খবর৷ বৈঠকে নেত্রী দলের নেতাদের বেশ কিছু নির্দেশিকা দেন৷ তৃণমূলের সিনিয়র নেতাদের বক্তব্য, বিরোধীদের নারদ-সারদা প্রচার ভোটে প্রভাব ফেলতে পারবে না৷ বিরোধীদের উদ্দেশেই এবার পাল্টা প্রচারের কৌশল নিচ্ছে তৃণমূল৷
আশা করব ছাড়া পাওয়ার পর সুদীপদা কিছুদিন রেস্ট নেবেন: মমতা বন্দ্যোপাধ্যায় #BengalWithDidi
— AITC (@AITCofficial) May 19, 2017
বিজেপিকে এখন আর খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই বলে এদিন বার্তা দেন তৃণমূল সুপ্রিম৷ হতাশ বাম কর্মীদের ভোট পাওয়া ছাড়া তাঁরা চেষ্টা করে ধর্মীয় বিভাজন করতে পারছে না বলে এদিন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাই উন্নয়নকেই বেশি গুরুত্ব দিতে বলছেন তিনি৷ মা-মাটি-মানুষের সরকারের ছয় বছর পূর্তির দিনে আগামিকালই নবান্ন থেকে ট্যাবলো বের হবে৷ সেখানেও উন্নয়নে সাধারণ মানুষের স্বার্থে প্রকল্প তুলে ধরা হবে৷ পাশাপাশি আগামী ৮ জুন রাজ্যসভায় বাংলার ছয় প্রতিনিধির নির্বাচন৷ ছয়টির মধ্যে পাঁচটিতেই জিতবে তৃণমূল৷ দলের প্রার্থীদের নামও চূড়ান্ত করবেন মুখ্যমন্ত্রী৷ অন্যদিকে, আজ থেকেই শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন৷ দু’টি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নিয়োগে বিল সংশোধন করা হবে সেখানে৷ আরও কয়েকটি বিল আনা হতে পারে৷ শুক্রবার শোকপ্রস্তাব পাঠের পরই অবশ্য অধিবেশন মুলতবি হয়ে যাওয়ার কথা৷
[রাজ-শুভশ্রী বিবাদের প্রমাণ দিতে পারবে সিসিটিভি ফুটেজই!]
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?