সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো প্রায় চলেই এসেছে। আর একমাস বাকি। দুর্গাপুজোর আগে খুঁটিপুজো এখন শহরের পুজো কমিটিগুলির নয়া হিড়িক। বেশ কয়েক বছর ধরেই শহরে খুঁটিপুজোর ধুম চোখে পড়ার মতো। এবার সেই খুঁটিপুজোকে ঘিরেই রবিবার উত্তপ্ত হল দক্ষিণ কলকাতার নিউ আলিপুর এলাকা। একটি জনপ্রিয় পুজো কমিটির খুঁটিপুজোকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল ওই এলাকায়। অশান্তির মাত্রা এতটাই চরমে ওঠে যে পুলিশকে এসে পরিস্থিতি সামাল দিতে হয়। খুঁটিপুজোকে ঘিরে দু’পক্ষের ধস্তাধস্তিতে বেশ কয়েকজন আহত হন বলে খবর। ঘটনায় অভিযোগের তির উঠেছে রাজ্যের শাসকদলের দুই গোষ্ঠীর বিরুদ্ধে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই এলাকার ও ব্লকের একটি দুর্গাপুজোর সঙ্গে যুক্ত রয়েছেন রাজ্যের মন্ত্রী তথা বর্ষীয়াণ তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন তাঁর অনুগামীরা খুঁটিপুজোর সময় উপস্থিত ছিলেন। অভিযোগ, সেই সময় সেখানে দলবল নিয়ে উপস্থিত হন কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুঁই বিশ্বাস। সেখানে দু’টি খুঁটি পোঁতা ছিল পুলিশ জানিয়েছে। অভিযোগ, জুঁই বিশ্বাসের অনুগামীরা এসে দাবি করেন, তাঁদের খুঁটিই পুজো হবে। কিন্তু অন্য পক্ষ দাবি করে, তাঁদের খুঁটিই পুজো হবে। এরপরই দু’পক্ষের বচসা হাতাহাতিতে বদলে যায়। জুঁই বিশ্বাসের অনুগামীদের অভিযোগ, তাঁরা আগে থেকেই খুঁটিপুজোর জায়গায় উপস্থিত ছিলেন। অন্য পক্ষ সেখানে এসে তাণ্ডব শুরু করে। এমনকী তাঁদের খুঁটি উপড়ে ফেলার অভিযোগও ওঠে। পরিস্থিতি এতটাই বিশৃঙ্খল হয় যে নিউ আলিপুর থানার পুলিশ এসে ঘটনাস্থলে সামাল দেয়।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। অন্যদিকে, এই ঘটনা সম্পর্কে কিছু বলতে চাননি জুঁই বিশ্বাস। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খুঁটিপুজোকে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি হয়েছে।
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?