পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ আজ পড়ুন ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতির পুজো প্রস্তুতি৷
সুলয়া সিংহ: দুর্গা পুজো মানেই দেবীপক্ষে নারীশক্তির বন্দনা৷ বর্তমান সমাজে নারীদের নিরাপত্তা, সম্মান এবং মর্যাদা নিয়ে মাঝেমধ্যেই প্রশ্ন উঠছে৷ সমাজ সভ্য হলেও আজও পুরুষদের লালসার শিকার হতে হয় মহিলাদের৷ আজও তাদের মানসিকতা, চোখের চাহনির মাপে নারী স্বাধীনতার মাপকাঠি তৈরি হয়৷ এই সমাজে দেবীর আরাধনার সঙ্গে প্রতিষ্ঠা পাক নারীর গুরুত্বও৷ কেবল খাতায়-কলমে নয়৷ সমাজের সেই ‘হীনমন্য’ দুষ্টের দমন হয়ে প্রকৃষ্টরূপেই নারীশক্তি জাগ্রত হোক৷ এমন ভাবনা নিয়েই এবার থিমের লড়াইয়ে নেমেছেন এক নারী৷ শিল্পী সুমি মজুমদার৷ ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতিতে তাঁর ভাবনায় ফুটে উঠবে দেবী দুর্গার ন’টি রূপ৷ থিমের নাম শুভ ৯৷

এ মণ্ডপে মায়ের কাছে প্রার্থনা, মানুষের মনের ভিতরের যা কিছু অশুভ, তা দূর করে শুভ শক্তির আগমন ঘটুক৷ তবেই বদলাবে সমাজ৷ তাই দেবী দুর্গার ন’টি রূপ যেমন থাকবে, তেমনই মণ্ডপে ধরা দেবে নারীর বিভিন্ন রূপ৷ কখনও তিনি মা হয়ে সন্তানকে আগলে রাখেন, তো কখনও স্ত্রী হিসেবে সংসার সামলান দশভুজার মতোই৷ ওয়েলিংটনের ফ্যান মার্কেট অঞ্চলের এই পুজোয় পাখাকে কাজে লাগানো হচ্ছে বিভিন্নভাবে৷ ফ্যানের ব্লেডে দেবী আরাধনার মন্ত্র ফুটে উঠবে৷ আবার অন্যদিকে, চোখে পড়বে ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বরের থেকে মায়ের শক্তি প্রাপ্তির ছবি৷ প্রদীপ জ্বালিয়ে শুভ শক্তির আহ্বান করা হচ্ছে এখানে৷ আর তাই প্রতিমা শিল্পী নবকুমার পালের প্রতিমাতেও ফুটে উঠবে মায়ের শান্ত রূপ৷ দুর্গার মুকুটের ভিতর দিয়ে প্রবেশ করে শুভ ৯-এর অংশীদার হতে পারবেন দর্শনার্থীরা৷ নারীশক্তিকে আলোকিত করার গুরুভার অমিত মুখোপাধ্যায়ের৷ আর মণ্ডপ জুড়ে দেবীর মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে পুজোর আমেজ তৈরি করবেন সংগীতশিল্পী গৌতম ব্রহ্ম৷
[পুজোয় ‘সেলফি’র ফাঁদ কেটে বেরনোর ডাক এসবি পার্ক সর্বজনীনে]

দুর্গোৎসবকে যতই বাঙালির পুজো বলা হোক, নাগরিক কল্যাণ সমিতিতে পা রাখলে সে সংজ্ঞা পালটে যেতে বাধ্য৷ এই পুজোয় হিন্দিভাষীর আধিক্য৷ তাঁরাই যত্ন সহকারে গত সাত-আট বছর ধরে থিমের লড়াই চালিয়ে যাচ্ছেন৷ যদিও হালে সেভাবে পানি মেলেনি৷ তবে উত্তর-দক্ষিণের জনজোয়ারের সঙ্গে পাল্লা দিয়ে মধ্য কলকাতার এই পুজোয় দর্শনার্থীদের সমাগমই বা কম পাওনা কি? এর আগে গৌরাঙ্গ কুইল্যা, অদিতি চক্রবর্তীর মতো প্রথিতযশা শিল্পীও নাগরিক কল্যাণ সমিতিকে সাজিয়ে তুলেছিলেন৷ এবার এক নারীকে সাজাচ্ছেন আরেক নারী৷ তাই উদ্যোক্তাদের আশা, নারীশক্তির জয় হবেই৷ সঙ্গে পুরস্কারের শিকেও ছিঁড়বে৷ এ বছর sangbadpratidin.in -এ ওয়েলিংটনের এই পুজোর যাবতীয় হালহকিকত জানতে পারবেন। ছবি, ভিডিওর জন্য চোখ রাখতেই হবে এখানে।
[শিষ্যের গুরুদক্ষিণায় শহরের পুজোয় ফের সনাতনী ছোঁয়া]
সর্বশেষ খবর
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?