Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Rakhi 2025

ইলিশ না চিংড়ি? রাখিতে রাঁধুন ভাইবোনের পছন্দের পদ, রইল একগুচ্ছ রেসিপি

নিজহাতে রেঁধে ভাইবোনের মন জয় করুন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৫, ২০:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৫, ২০:২২

options
link
ইলিশ না চিংড়ি? রাখিতে রাঁধুন ভাইবোনের পছন্দের পদ, রইল একগুচ্ছ রেসিপি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাখি মানেই দাদা-ভাই, বোন, বন্ধুদের সঙ্গে আড্ডা, দেদার খানাপিনা। আজকাল রাখি শুধু আর ভাইদের হাতে নয়, বোন কিংবা দিদির হাতেও বাঁধা হয়। রাখি মানেই ভাইফোঁটার মতো পঞ্চব্যঞ্জনে সাজানো দাদা-ভাই, বোনেদের পাত। অনেকেই রেস্তরাঁয় না গিয়ে নিজে হাতে রকমারি পদ রান্না করে উদরপূর্তি করতে ভালোবাসেন। সারপ্রাইজ দিতে হলে এবার আপনিও নিজে রাঁধতে পারেন। বিশেষ করে মাছের পদ নিয়ে ধন্দে ভোগেন অনেকে। বর্ষাকালে পেটে ডিমওয়ালা ইলিশের লোভ সামলানো দায় ঠিকই, তবে অনেকেই আবার চিংড়ির পথে হাঁটেন। কিন্তু কী রাঁধবেন? কুছ পরোয়া নেহি! জেনে নিন একগুচ্ছ রেসিপি।

গন্ধরাজ ইলিশ

Advertisement

উপকরণ
ইলিশ মাছ, কাঁচা হলুদ বাটা, গন্ধরাজ লেবুর রস, গন্ধরাজ লেবুর খোসা, কাঁচালঙ্কা বাটা , পিঁয়াজ বাটা , আদা বাটা , টকদই , নুন, চিনি, জল, সাদা তেল।

প্রণালী
মাছ পরিষ্কার করে ধুয়ে নুন, অল্প কাঁচা হলুদ বাটা, লেবুর রস, লেবুর খোসা, আদা বাটা দিয়ে মেখে ফ্রিজে মিনিট ২০ রেখে দিন। আঁচে ননস্টিক প্যান বসিয়ে তাতে তেল গরম করে ম্যারিনেট করা মাছটা হালকা ভেজে তুলে নিন। এবার ওই প্যানেই পিঁয়াজ বাটা দিয়ে কষতে থাকুন। কাঁচা গন্ধটা চলে গেলে এবং পিঁয়াজে রং ধরলে আদা বাটা, কাঁচালঙ্কা বাটা, নুন, চিনি দিয়ে কষতে থাকুন। এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ওর মধ্যে পরিমাণমতো জল দিয়ে এবং ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করুন। টকদই খুব ভালো করে ফেটিয়ে মাছের উপর ছড়িয়ে দিন এবং সেই সঙ্গে লেবুর রস ও লেবুর খোসাও দিন। এবার আঁচ থেকে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন গন্ধরাজ ইলিশ।

কাশ্মীরি ইলিশ

উপকরণ
৪ টে ইলিশ মাছের টুকরো, ১ চামচ পোস্ত বাটা, ১ বড় চামচ কাশ্মীরি লঙ্কা বাটা, নুন-চিনি (আন্দাজমতো), জিরে গুঁড়ো, হলুদ, সর্ষের তেল।

প্রণালী
একটি বড় কড়াইয়ে তেল গরম করুন। তারপর তেলের মধ্যে নুন, হলুদ মাখানো ইলিশের টুকরো ভাল করে সাঁতলে নিন। সাঁতলে নেওয়া মাছ তুলে নিয়ে সেই কড়াইয়েই কাশ্মীরি লঙ্কা বাটা, জিরে গুঁড়ো দিয়ে ভাল নেড়ে নিন। কিছুক্ষণ কষতে দিন। কষানো হয়ে গেলে সামান্য জল দিয়ে আন্দাজমতো নুন ও চিনি মিশিয়ে মাছটা ভাল করে ফুটতে দিন। মিনিট সাতেক পর নামিয়ে নিন। চাইলে কাঁচালঙ্কাও দিতে পারেন। তৈরি আপনার কাশ্মীরি ইলিশ। গরম গরম ভাতে দারুণ লাগবে এই ইলিশের রেসিপি।

চিংড়ির মুইঠ্যা

উপকরণ
চিংড়ি মাছ- ৫০০ গ্রাম, আলু সেদ্ধ- ১৫০ গ্রাম, ধনেপাতা কুচি- ২ চামচ, রসুন বাটা- ১ চামচ, লঙ্কা গুঁড়ো- আধ চামচ, হলুদ গুঁড়ো- আধ চামচ, লেবুর রস- ১ চামচ, কাঁচালঙ্কা বাটা- ১ চামচ, নুন- স্বাদমতো, গ্রেভির জন্য, পেঁয়াজ কুচি- ১ কাপ, রসুন- ৬-৭ কোয়া, আদা টুকরো- আধ ইঞ্চি, কাজু- ৮-১০টি, টম্যাটো- ১টি, গোটা গরমমশলা- পরিমাণমতো, তেজপাতা- ১টি, লঙ্কা গুঁড়ো- ১ চামচ, হলুদ গুঁড়ো- আধ চামচ, ধনে গুঁড়ো- ১ চামচ, নারকেলের দুধ- ১ কাপ, নুন ও চিনি- স্বাদমতো, সর্ষের তেল- ৫ চামচ।

প্রণালী
প্রথমে, চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ভাল করে পরিষ্কার করে নিন। পরিষ্কার অবশ্যই নজরে রাখুন যেন জল না থাকে। চিংড়িগুলোকে ভাল করে বেটে নিন। এরপর একটি বড় পাত্রে চিংড়ির সঙ্গে আলু সেদ্ধ, ধনেপাতা কুচি, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লেবুর রস, কাঁচালঙ্কা বাটা ও নুন ভাল করে মিশিয়ে নিন। দেখবেন যেন প্রত্যেকটি উপদান ভাল করে মিশিয়ে যায়। এবার একটি কড়াইয়ে সামান্য তেল নিয়ে তাতে পেঁয়াজ কুচি, রসুন, আদা টুকরো, কাজু ও টম্যাটো দিয়ে ভাল করে ভেজে নিন। এরপর অন্য পাত্রে রেখে মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে ভাল করে বেটে নিন। এ বার কড়াইতে তেল গরম করে তাতে তেজপাতা ও গোটা গরমমশলা ফোড়ন দিয়ে বাটা মশলা দিয়ে দিন। ভাল করে একটু নাড়াচাড়া করে সব রকম গুঁড়ো মশলা দিয়ে ভাল করে কষিয়ে নিন। তেল ছেড়ে এলে নারকেলের দুধ দিয়ে ভাল করে নাড়াতে থাকুন। এ বার বেটে রাখা চিংড়ি মাছের মিশ্রণ বড়ার মতো গড়ে নিয়ে ঝোলে ছেড়ে দিন। মিনিট পাঁচেক ঢাকা দিয়ে ফুটতে দিন। গ্যাসের আঁচ বন্ধ করে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। ব্যস তৈরি চিংড়ি মাছের মুইঠ্যা। ভাতের সঙ্গে দারুণ লাগবে এই চিংড়ি মুইঠ্যা।

কচুপাতা চিংড়ি ভাপা

উপকরণ
কচুপাতা- ১০টি, সর্ষের তেল- ২০০ গ্রাম, সর্ষে বাটা- ৩ টেবিল চামচ, কাজুবাদাম- ২ টেবিল চামচ, পোস্ত বাটা- ৪ টেবিল চামচ, নারকেল কোরা- এক কাপ, কাঁচালঙ্কা- ৫টি, নুন ও চিনি- স্বাদমতো, হলুদ গুঁড়ো- ২ চা চামচ, পাতিলেবু- ১টি।

প্রণালী
কচুপাতা ধুয়ে কুচি করে কেটে নুন-লেবু মেশানো গরম জলে হালকা ভাপিয়ে নিতে হবে, যাতে গলা চুলকানোর ভয় না থাকে। এবার কচুপাতাগুলি ছেঁকে জল ফেলে দিন। কড়াইতে আবারও তেল গরম করে নিন। এবার চিংড়ি মাছে নুন-হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিন। এরপর কাঁচালঙ্কা বাটা, কাজুবাদাম বাটা, পোস্ত বাটা এবং সর্ষে বাটা দিয়ে চিংড়ি সেদ্ধ না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। স্বাদমতো নুন, চিনি দিয়ে নারকেল কোরা মিশিয়ে দিন। নামানোর মিনিট দুয়েক আগে ভাপিয়ে রাখা কচুপাতা কুচি দিয়ে দিতে হবে। গ্যাসের আঁচ বন্ধ করে এক চামচ সর্ষের তেল ছড়িয়ে রান্নাটি ঢেকে রাখুন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কচুপাতা চিংড়ি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.