সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাগ গুছিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলেই উত্তরে সিমলা, নৈনিতাল, আগ্রা আর দক্ষিণে উটি, কেরল, এসব জায়গার কথাই সাধারণত প্রথমে মাথায় আসে৷ উত্তর ও দক্ষিণ ভারতের পর্যটন কেন্দ্রগুলো নিয়ে তো অনেকবার অনেক আলোচনা হল৷ এবার বরং একটু পূর্ব ভারতের দিকে নজর দেওয়া যাক৷ আজকের গন্তব্য মণিপুর৷
নীল পাহাড়ে ঘেরা পূবের এই রাজ্য ‘ভারতের সুইজারল্যান্ড’ নামেও পরিচিত৷ শীতকালেই এখানে বেশি ভিড় জমান পর্যটকরা৷ তবে সারা বছরই এখানে মনোরম আবহাওয়া বিরাজমান৷ মণিপুর গেলে এই সাতটা স্থান অবশ্যই ঘুরবেন৷
১. প্রথমেই চলে যান রাজধানী ইম্ফলে৷ এখানকার পাহাড়ি উপত্যকার শোভা দেখে মন ভরে যাবে৷ লোকতাক লেক, কাঙলা ফোর্ট, সিরোহি ন্যাশনাল পার্ক, মণিপুর স্টেট মিউজিয়াম, শ্রী গোবিন্দাজি মন্দির হল এখানকার উল্লেখযোগ্য দর্শনীয় স্থান৷

২. ইম্ফল থেকে পৌঁছে যান উখরুলে৷ প্রকৃতিপ্রেমীদের কাছে এই সাজানো ছোট্ট শহরটি অত্যন্ত প্রিয়৷ এখানে এক এক করে ঘুরে নিন খায়াং পাহাড় চূড়া, কাচৌউফুং লেক, খাংখুই গুহা, হাংডাং ম্যাংভা গুহা ও নিল্লাই চা বাগান৷ প্রকৃতি যে নিজে থেকে এমনভাবে সেজে উঠতে পারে, তা চোখে না দেখলে বিশ্বাস হয় না৷
৩. এক মুহূর্তের জন্য মনে হতে পারে, পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরে পৌঁছে গিয়েছেন বুঝি৷ কারণ এই বিষ্ণুপুরের মন্দিরের চেহারা ও প্রকৃতি একেবারেই বাঁকুড়ার বিষ্ণুপুরের মতো৷ আসলে মণিপুরের এই এলাকাটিও প্রাচীন মন্দিরের জন্যই বেশি জনপ্রিয়৷ এখানের মন্দিরের আরাধ্য দেবতা হলেন বিষ্ণু৷

৪. যাঁদের দৈনন্দিন জীবন গাড়ির হর্নের আওয়াজ আর দূষণের মধ্যেই কাটে, তাঁদের জন্য আদর্শ স্থান হল থউবল৷ যতদূর তাকানো যায়, ততদূর সবুজ আর সবুজ৷ থউবল ও ইম্ফল নদী এখান দিয়েই বয়ে গিয়েছে৷ এখানকার দর্শনীয় স্থানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল পিপল’স মিউজিয়াম, লোসি লেক ও খোংজোম ওয়ার মেমোরিয়াল৷
৫. এবার চান্দেল যাওয়ার পালা৷ এটি হল মায়ানমারের প্রবেশদ্বার৷ এই অঞ্চলে নানা ধরনের বন্য জীব-জন্তুর বাস৷

৬. সেনাপতি হল মণিপুরের এমন এক জায়গা যার সৌন্দর্য দেখে শেষ করা যায় না৷ এই এলাকার পরতে পরতে লুকিয়ে নতুন কোনও আকর্ষণীয় দৃশ্য৷ সেনাপতির ৮০ শতাংশই জঙ্গল৷ জুকো উপত্যকা, মাখেল গুহা, সাদু চিরু জলপ্রপাত দেখে নেবেন৷
৭. ফেরার আগে ঘুরে আসুন চূড়াচাঁদপুর জেলা থেকে৷ পাহাড়ি এই এলাকায় গালোই জলপ্রপাত, টোংলোং গুহা, খুগা ড্যাম, এসব জায়গাগুলি ঘুরে দেখে নিন৷
আর ভাবছেন কী? এবার চটপট তারিখ ঠিক করে ফেলুন আর কী!
সর্বশেষ খবর
-
ভেঙেছে হাওড়ার পুর পরিষেবা! ‘অপদস্ত করতেই বর্ষার আগে পালিয়েছেন মেয়র, কাউন্সিলররা’, দাবি অগ্নিমিত্রার
-
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্কে চিঠি ‘কোষাধ্যক্ষ’ অরূপের, দিদির ‘বিশ্বাস’ ভাঙলেন তিনিও?
-
টলিউডের উন্নয়নে নয়া কমিটিতেও ঠাঁই দেবের, হিরণের খোঁচা, ‘সৌজন্যের রাজনীতি শিখুন!’
-
বাজেট অধিবেশনে পাশাপাশি বসবে তৃণমূলের দুই গোষ্ঠী! ঋতব্রতর সঙ্গে প্রথম সারিতে শোভনদেবও
-
এ যেন মহাতারকাদের বিশ্বকাপ! পেনাল্টি বিতর্ক এড়িয়ে জোড়া গোল কেনের, ক্রোয়েশিয়াকে হারাল ইংল্যান্ড