সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘এতদিন তারে গেনু ছাড়াবারে এতদিনে গেল ছাড়ি’- এ কথা পুরাতন ভৃত্যের সম্বন্ধে খাটে কিন্তু পুরাতন নেশাতে একেবারেই খাটে না৷ ছাড়ি ছাড়ি করেও কতজনে ধূমপান ছাড়তে পারেন না৷ একদিন যেচে সেধে যে বস্তুটিকে জীবনে ডেকে আনা হয়েছিলে, তাকে ছাড়াতে ঘুম ছুটে যায় ধূমপায়ীদের৷ এদিকে বয়স যত গড়ায় তত মধ্যবিত্ত শরীর জুড়ে হাজার অসুখের ফন্দি৷ ডাক্তাররা চশমা এঁটে জানাচ্ছেন ধূমপান না ছাড়লেই নয়৷ কিন্তু উপায় কী?
ধূমপান ছাড়তে নানাজনে নানা পদ্ধতি অবলম্বন করেন৷ হাজার টোটকার আশ্রয় নেন৷ কিন্তু ঘটনা যেটা হয়, সেইসব টোটকাও চলে পাশপাশি পুড়তে থাকে সিগারেটটাও৷ এমনকী ধূমপান ছাড়ানোর বাজারচলতি বিজ্ঞাপন যেগুলো, তা অনুসরণ করেও ভাল ফল পাননি অনেকে৷
আসলে এই অপারগতার কারণ একটিই৷ ধূমপান ছাড়তে চান অনেকেই, কিন্তু কেউই বিজ্ঞানসম্মত উপায় অনুসরণ করেন না৷ সে উপায় কীরকম? মোটামুটি দুটো উপায়ে সিগারেট ছাড়ার কথা ভাবেন ধূমপায়ীরা৷ প্রথমত, সিগারেটের সংখ্যা কমিয়ে ধূমপান ছাড়া৷ দ্বিতীয়ত, আচমকা একদিন ছাড়ার সিদ্ধান্ত নেওয়া৷ দুটোতেই সাফল্য মেলে৷ কিন্তু সঠিক উপায় কোনটি?
ঠিক উপায়ের খোঁজেই পরীক্ষায় নেমেছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই গবেষক৷ দিনে অন্তত ১৫টি সিগারেট খান এরকম ৭০০জন লোকের মধ্যে এই সমীক্ষা চালানো হয়৷ কিছু লোককে ধীরে ধীরে সিগারেট ছাড়তে বলা হয়৷ বাকিদের আচমকাই একদিন সিগারেট ছেড়ে দিতে বলা হয়৷ নেশা ছাড়ার পরবর্তী সময়ের যে কাউন্সেলিং তাও করানো হয়৷ বেশ কয়েকমাস পরে এর ফলাফল পরীক্ষা করে দেখা হয়৷ দেখা যায়, যাঁরা আচমকাই সিগারেট ছেড়েছেন তাঁদেরই সাফল্যের হার বেশি৷ আচমকা সিগারেট ছেড়ে যেখানে ৪৯ শতাংশ মানুষ সফল, সেখানে ধীরে ধীরে সিগারেট ছেড়ে সফল মাত্র ৩৯ শতাংশ মানুষ৷ ছ’মাস পরেও এই সাফল্যের হার অপরিবর্তিত৷
অর্থাৎ এই সমীক্ষা জানাচ্ছে, ধীরে ধীরে সিগারেট ছাড়ার নিয়ম তেমন কাজে দেয় না৷ বরং সাফল্য বেশি হুট করে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে৷ তবে এই গবেষণা যিনি করছেন সেই নিকোলা লিন্ডসন ও হওলে জানাচ্ছেন, যাঁরা ধীরে ধীরে সিগারেট ছাড়তে চান, তাঁরা কোন উপায়ে আরও সাফল্য পান তা গবেষণা করে দেখছেন তাঁরা৷
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!