সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একরত্তি বাচ্চা। চোখেমুখে কখনও হাসি খেলে, কখনও বা বিষাদের ছায়া। কিন্তু কখনওই পৃথিবীর সঙ্গে তেমন করে যোগাযোগ করে উঠতে পারে না। পারবেই বা কী করে! জন্ম থেকেই যে সে কানে শোনে না। অবশেষে শুনল। আর তাতে তার যা প্রতিক্রিয়া, সেই ভিডিও দেখে মন্ত্রমুগ্ধ নেটদুনিয়ায়।
[ রিফিউজি ক্যাম্পে রোহিঙ্গাদের নির্বীজকরণের ভাবনা বাংলাদেশে ]
খুদেটির নাম চার্লি কিন। ২০১৭ সালে সে পৃথিবীর আলো দেখে। গোড়ার দিকে তাকে দেখে কেউ কিছু বুঝতে পারেনি। এমনকী তার মা-বাবাও নয়। স্বাভাবিক বাচ্চা যেমন হয় চার্লি সেরকমই। কিন্তু যত দিন গড়াতে লাগল বোঝা গেল, সে আসলে কোনও কিছুই শুনতে পাচ্ছে না। কোনওরকম আওয়াজেই সে কোনও সাড়া দেয় না। চিকিৎসকরা প্রাথমিক ভাবে ভেবেছিলেন, ফ্লুইড ব্লকের কারণেই শ্রবণ নেই বাচ্চাটির। কিন্তু আরও কিছুদিন পেরতে বোঝা গেল শিশু জন্মবধির। এরপরই তার মা-বাবা কৃত্রিম উপায়ে শিশুটির শ্রবণশক্তি ফেরানোর ব্যবস্থা করেন। দেওয়া হয় যন্ত্র। আর তারপরই প্রথমবার মায়ের গলার আওয়াজ শুনতে পায় শিশুটি। বছরখানেক পৃথিবীতে এলেও এ যেন অন্য এক দুনিয়াকে আবিষ্কার করল শিশুটি। আর তার মুখে ফুটে উঠল যে অভিব্যক্তি, তা এককথায় অমূল্য।
কী বলছেন শিশুটির মা? ক্রিস্টি নামে ওই মহিলা জানাচ্ছেন, শিশুটির মুখে এরকম অভিব্যক্তি তিনি আগে কখনও দেখেননি। শিশুটির মা হিসেবে তার চোখের ভাষা চেনেন ক্রিস্টি। ঠিক কখন তাঁর সন্তান আনন্দে আছে, কখন কষ্ট পাচ্ছে তা চোখ দেখেই বুঝে যান তিনি। কিন্তু এদিন তাঁর গলার আওয়াজ শোনার পর চার্লির মুখে যে হাসি দেখা গিয়েছে, যেভাবে সে ঠোঁট ফুলিয়ে উঠেছে তার ব্যাখ্যা নেই মায়ের কাছে। সন্তানকেও যেন নতুন করে চিনলেন মা। সে কথা স্বীকার করে নিয়ে ক্রিস্টি বলছেন, মা-সন্তানের যোগাযোগ যে ঠিক কোন মাত্রার তা চার্লির এই অভিব্যক্তিই যেন তাঁকে নতুন করে শিখিয়ে দিয়েছে। আর সেই হাসি দেখার জন্য এখন প্রায় প্রতিদিনই শিশুটির কানে ‘হিয়ারিং এড’টি পরিয়ে দেন ক্রিস্টি। বাকিটা একরাশ আলো। যা প্রকাশের কোনও ভাষা হয় না।
[ গুলি চালিয়ে ভারতের ড্রোন নামানোর দাবি পাক সেনার ]
সর্বশেষ খবর
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ
-
‘কলাকুশলীরা বেশি ভুগেছেন…’, স্বরূপের গ্রেপ্তারিতে কী বলছেন ‘বাজিগর’ অনির্বাণ?
-
তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি
-
অস্তাচলে তৃণমূলের সূর্য! ২৮ বছর পর ‘ছুটি’ পেলেন মমতার ‘বক্সীদা’
-
সেন্টার অফ এক্সেলেন্সে যাচ্ছেন রোহিত, ইংল্যান্ড সিরিজেও কোহলিকে নিয়ে অনিশ্চয়তা