Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
IPL 2025 final

আইপিএল ফাইনাল আয়োজন করতে প্রস্তুত ইডেন, বোর্ডকে চিঠি দিল সিএবি

অঝোর বৃষ্টি হলেও খেলা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে শুরু করে দেওয়া সম্ভব ইডেনে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০২৫, ১১:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০২৫, ১১:৫১

options
link
আইপিএল ফাইনাল আয়োজন করতে প্রস্তুত ইডেন, বোর্ডকে চিঠি দিল সিএবি zoom
ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: ইডেনে আইপিএল ফাইনাল নিয়ে ভারতীয় বোর্ডকে একটা ‘ইনফরমেটিভ’ চিঠি পাঠাল সিএবি। সেখানে লেখা হল, আগামী ৩ জুন ইডেন আইপিএল ফাইনাল আয়োজন করতে সব রকম ভাবে তৈরি। আগামী ৩ জুন শহরে কতটা কী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেই সমস্ত তথ্য দিয়ে লেখা হল যে, শহরে সেদিন যদি অল্প-বিস্তর বৃষ্টিও হয়, তা হলেও ইডেন গার্ডেন্সের কাছে বন্দোবস্ত রয়েছে পুরো ফাইনাল আয়োজন করার।

এখানে লিখে রাখা যাক, ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে মাঝপথে সাতদিনের জন্য স্থগিত হয়ে যায় আইপিএল। যা আবার শুরু হচ্ছে শনিবার থেকে। নতুন আইপিএল সূচি অনুযায়ী, ৩ জুন ফাইনাল। কিন্তু বোর্ড প্রেরিত রিলিজে আইপিএল প্লে অফ এবং ফাইনালের কেন্দ্র নিয়ে কোনও উচ্চবাচ্য করা হয়নি। বোর্ড রিলিজে বলা হয়েছিল যে, আইপিএলের বাকি ১৭ ম্যাচ (যা ফাইনাল ধরে দাঁড়াচ্ছে) হবে ছয় কেন্দ্রে। যে কেন্দ্র তালিকায় কলকাতার নাম ছিল না। সঙ্গে বলা হয়, প্লে অফ এবং ফাইনালের কেন্দ্র পরে ঘোষণা করে দেওয়া হবে। তবে বেসরকারি ভাবে ছড়িয়ে পড়ে যে, বর্ষার কারণে ইডেন থেকে ফাইনাল সরাতে হচ্ছে। এবার দেশে বর্ষা আগে ঢুকছে। আগামী ৩ জুন কলকাতায় আইপিএল ফাইনাল হলে বৃষ্টিতে তা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

তা ছাড়া মাঝপথে টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ায় ব্রডকাস্টারদের আর্থিক ক্ষতি হয়েছে। তারা নাকি চায় না, বৃষ্টিতে খেলা কোথাও পণ্ড হোক। সঙ্গে তারা ছ’টা কেন্দ্রেই খেলা সম্পন্ন করিয়ে ফেলতে চাইছে অতিরিক্ত খরচের কারণে। যে যুক্তি বিবিধ মহলের কাছেই হাস্যকর ঠেকছে। পাল্টা বলা হচ্ছে, ওয়েদার অ্যাপ দেখাচ্ছে আগামী ৩ জুন কলকাতায় বৃষ্টির সম্ভাবনা মাত্র চৌত্রিশ শতাংশ। তা হলে ফাইনাল কী করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবা হতে পারে? বাংলা ক্রিকেটমহলের কেউ কেউ বললেন, গ্রাউন্ড কভার থেকে শুরু করে ইডেনে যে উন্নত মানের সুপার সপার রয়েছে, তাতে অঝোর বৃষ্টি হলেও খেলা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে শুরু করে দেওয়া সম্ভব। ভারতবর্ষের যে কোনও মাঠের তুলনায় ইডেনের নিকাশি ব্যবস্থা এতটাই উন্নত।

সঙ্গে এটাও বলা হল, এবারই কেকেআরের একটা ম্যাচ চলাকালীন মাঝে বৃষ্টি নেমছিল। কিছুক্ষণ অপেক্ষার পর পুরো খেলা করানো সম্ভব হয়েছিল (পাঞ্জাব ম্যাচ নয়)। আইপিএল উদ্বোধনের কথাও বলা হচ্ছে। সে দিনও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস ছিল। শেষ পর্যন্ত কিছুই হয়নি। তা হলে ফাইনালের কুড়ি দিন আগে থেকে কী করে বলা সম্ভব ৩ জুন কলকাতায় ফাইনাল হলে, বৃষ্টি হবে? এটা অন্যায় নয়? ইডেনের সঙ্গে ঘোর অবিচার নয়? তা হলে আর অন্যায়-অবিচার কাকে বলে? যুক্তিসঙ্গত প্রশ্ন নিঃসন্দেহে। শুধু উত্তর অজানা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.