শ্রীলঙ্কা- ৪৯.৪ ওভারে ২৩৮ অলআউট (থিরিমানে ৬৭, ভুবনেশ্বর কুমার ৪২/৫)
ভারত- ৪৬.৩ ওভারে ২৩৯/৪ (বিরাট ১১০*, কেদার যাদব ৬৩, মালিঙ্গা ৩৫/১)
ভারত ছ’উইকেটে জয়ী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যাশামতোই টেস্টের পর ওয়ানডেতেও বিরাট বাহিনীর কাছে ধরাশায়ী শ্রীলঙ্কা। পাঁচ ম্যাচের সিরিজের পাঁচটিতেই জয় পেল টিম ইন্ডিয়া। রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ছ’উইকেটে জয় পেল ভারত। শ্রীলঙ্কার দেওয়া ২৩৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে অধিনায়ক বিরাট কোহলির সেঞ্চুরিতে সহজ জয় পেল ভারত।

রবিবারের কলম্বো একসঙ্গে তিনটি রেকর্ডের সাক্ষী থাকল। টেস্ট ও ওয়ানডেতে একসঙ্গে হোয়াইটওয়াশের রেকর্ড তো রয়েইছে, এদিনের জয়ের ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে দ্বিতীয়বার ৫-০ ব্যবধানে জয় পেল ভারত। এর আগে ২০১৪ সালে শ্রীলঙ্কাকে ৫-০ ব্যবধানে হারিয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। এদিকে, ওয়ানডে ম্যাচে ১০০ স্টাম্পিং করে নজির গড়লেন ধোনি। চলতি শ্রীলঙ্কা সফরেই ছাপিয়ে গেলেন কুমার সঙ্গাকরার ৯৯টি স্টাম্পিংয়ের রেকর্ড। বহু ম্যাচে দেখা গিয়েছে উইকেটের দিকে না তাকিয়েও নিখুঁতভাবে লক্ষ্যভেদ করেছেন তিনি। উইকেট ও কিপারের মধ্যের দূরত্বটুকু হাতের তালুর মতোই চেনেন। আর তাই নিখুঁত পারফেকশনে বেল ফেলে দিতে তাঁর জুড়ি মেলা ভার। এই কিপিং তো ধোনি স্টাইল বলে বিখ্যাত হয়ে গিয়েছে। ইতিমধ্যে অধিনায়ক এবং ব্যাটসম্যান ধোনি একাধিক রেকর্ড গড়েছেন। আর এবার ওয়ানডে ম্যাচে প্রথম উইকেটকিপার হিসাবে ১০০টি স্টাম্পিং করে আরও একটি রেকর্ড নিজের দস্তানায় পুরলেন তিনি।
.@msdhoni becomes first ever wicket-keeper to effect 100 stumpings in ODIs #TeamIndia #Dhoni100 pic.twitter.com/fchn8OazoU
— BCCI (@BCCI) 3 September 2017
এদিকে, প্রাক্তনের পাশেই উজ্জ্বল বর্তমান। ২৩৮ রান তাড়া করতে নেমে দলকে জয় তো এনে দিলেন বিরাট কোহলি। পাশাপাশি শতরান করে ছুঁয়ে ফেললেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের ওয়ানডেতে করা ৩০টি সেঞ্চুরির রেকর্ডও। যদিও রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছিল ভারত। শিখর ধাওয়ানের পরিবর্তে দলে সুযোগ পেয়ে ওপেন করতে নামেন অজিঙ্ক রাহানে। কিন্তু মাত্র ৫ রানেই ফিরে যান তিনি। বেশিক্ষণ ক্রিজে ছিলেন না রোহিত শর্মাও। আগের দিনের শতরানকারী রোহিত ফিরে যান ১৬ রানে। এরপর প্রথমে মনীশ পাণ্ডে(৩৬) এবং পরে কেদার যাদবকে সঙ্গে নিয়ে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন ভারত অধিনায়ক। তবে জয়ের থেকে ভারত যখন মাত্র দু’রান দূরে তখনই ফিরে যান কেদার যাদব(৬৩)। অধিনায়ক কোহলির সংগ্রহ ১১৬ বলে ১১০ রান। বিরাটের সঙ্গে ১ রান করে অপরাজিত থাকেন ধোনি। শ্রীলঙ্কান বোলারদের মধ্যে কেউই তেমন দাগ কাটতে পারেননি।

[ওয়ানডে ম্যাচে ১০০ স্টাম্পিং, নজির গড়লেন ধোনি]
এর আগে দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক উপুল থরাঙ্গা। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে শুরুতেই ফিরে যান ডিকওয়েলা(২)। এরপর ক্রিজে আসা মুনাওয়েরাও(৪) আউট হন দ্রুত। এরপরই দলের হাল ধরেন থরাঙ্গা এবং লাহিরু থিরিমানে। ৪৮ রানে শ্রীলঙ্কান অধিনায়ক আউট হলে অ্যাঞ্জেলো ম্যাথিউজ(৫৫) এবং থিরিমানে(৬৭) দলের রানকে এগিয়ে নিয়ে যান। কিন্তু এই দু’জন আউট হতেই ভারতীয় বোলাররা ম্যাচে জাঁকিয়ে বসেন। শেষপর্যন্ত পুরো ৫০ ওভার না খেলে ২৩৮ রানে অলআউট হয়ে যায় লঙ্কাবাহিনী। ভারতীয় বোলারদের মধ্যে পাঁচ উইকেট নেন ভুবনেশ্বর কুমার।
[হরভজনের সিংয়ের এই টুইটে বাকরুদ্ধ নেটদুনিয়া]
এই হারের ফলে বিশ্বকাপে সরাসরি সুযোগ পাওয়া কার্যত অনিশ্চিত হয়ে গেল শ্রীলঙ্কার। তাঁদের তাকিয়ে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজের দিকে। অন্যদিকে, টেস্ট, ওয়ানডে-র পর কলম্বোতেই আগামী ৬ সেপ্টেম্বর টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা। এখন দেখার ওই ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেন কিনা মালিঙ্গা-থিরিমানে-ম্যাথিউজরা।
[ইদে ছবি পোস্ট করে নেটিজেনদের হাসির খোরাক এই পাক ক্রিকেটার]
সর্বশেষ খবর
-
মূত্রনালিতে আটকে হেয়ার পিন! মুর্শিদাবাদ মেডিক্যালে নজিরবিহীন অস্ত্রোপচার বছর তেইশের যুবকের
-
মেয়ে ‘খুনি’, হৃদরোগে আক্রান্ত সিয়ার বাবা! মা বলছেন, ‘ওকে মৃত্যুদণ্ড দিক…’
-
দুর্যোগ কাটতেই তারাতলায় ফের উদ্ধারকাজ শুরু, নাইট ভিশন ক্যামেরায় চলছে তল্লাশি
-
‘৫ জন থাকলেও ধর্মতলায় যাব’, ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় ঘোষণা মমতার
-
সিএবিতে ফের নাটক! অ্যাপেক্স সদস্যের আচমকা ইস্তফা চাপ বাড়াল সহ-সভাপতির উপর