সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরি যেতেই নতুন চাকরি। জাতীয় দলের চাকরি যাওয়ার পরই অভিষেক নায়ারকে সাদরে গ্রহণ করেছে কেকেআর। গতবার যে দলের ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন তিনি। আর নায়ারের প্রত্যাবর্তনে আপ্লুত নাইট শিবির। গুজরাটের বিরুদ্ধে মহারণে নামার আগে কেকেআরের বোলিং কোচ কার্ল ক্রো জানিয়ে গেলেন, নায়ার ফিরে আসায় দলের ‘মঙ্গল’ই হবে।
গতবার আইপিএল জয়ী দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন নায়ার। পরে গম্ভীরের সঙ্গে যোগ দেন জাতীয় দলে। কিন্তু সদ্য চাকরি গিয়েছে তাঁর। তারপরই ফিরে এসেছেন কেকেআরের কোচিং দলে। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নাইটদের। প্লে অফের লড়াইয়ে শক্তপোক্ত জায়গা বজায় রাখতে সোমবার গুজরাটকে হারাতেই হবে।
এই পরিস্থিতিতে নাইট রাইডার্সের বোলিং কোচ বলেন, “অভিষেক দীর্ঘদিন আমাদের সঙ্গে ছিল। প্লেয়ারদের মধ্যেও ও খুব জনপ্রিয়। প্রয়োজন পড়লেই তারা ওর সঙ্গে কথা বলে। ফলে অভিষেকের প্রত্যাবর্তন নিঃসন্দেহে আমাদের জন্য ইতিবাচক একটা ব্যাপার। প্লেয়াররাও নিশ্চিতভাবে ওর সমর্থন পাবে।” সেই সঙ্গে কার্ল ক্রোর সংযোজন, “গত বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। সেখানে ওর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অভিষেকের ফিরে আশা আমাদের জন্য বিরাট প্রাপ্তি।”
এ তো গেল কোচের কথা। কিন্তু গুজরাটের বিরুদ্ধে কোন দল খেলবে? মইন আলি ফিরবেন? এর মধ্যে গুঞ্জন রয়েছে বৈভব অরোরার চোট নিয়েও। সুযোগ পাবেন রোভম্যান পাওয়েল? সেটা অবশ্য খোলসা করলেন না কার্ল। তিনি বলেন, “ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগে সেটা আমি একেবারেই ফাঁস করব না। এটুকু বলতে পারি, আমাদের দল অসাধারণ। সকলেই খুব পরিশ্রম করছে। ম্যানেজমেন্ট এটুকু ভরসা রাখে, যেই নামুক না কেন, সে সেরাটা দেবে।”
সর্বশেষ খবর
-
বিশ্বকাপের প্রথম ডোপপাপী ও এক স্বৈরশাসকের ভয়ংকর গল্প
-
আয়ুষ্মান ভবঃ, ঘুম থেকে উঠে এই ৫ অভ্যাস বদলে দেবে জীবনের মান! বলছেন চিকিৎসকরা
-
বারাকপুরে জোড়া ধাক্কা তৃণমূলে, ভাঙল গ্রাম পঞ্চায়েত, ইস্তফা পুরসভার চেয়ারম্যানেরও
-
বাংলাদেশে ঢুকলেই ‘খুন’ করা হবে! ‘জিরো পয়েন্টে’ থাকা ১২ বাংলাদেশিকে ফেরাল ‘মানবিক’ বিএসএফ
-
ফরাক্কায় হেরোইন ল্যাব! ৪ মহিলা-সহ ৭ গ্রেপ্তার, পলাতক বিহারের মূল পাণ্ডা