Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৯ জুন ২০২৬
MS Dhoni

দুঃসংবাদ চেন্নাই শিবিরে! এখনই মাঠে ফেরা হচ্ছে না থালার

১১ এপ্রিল দিল্লি ম্যাচের আগে বড় ধাক্কা চেন্নাই শিবিরে। চোটের কারণে এখনও পুরোপুরি সুস্থ না হয়ে ওঠায় ধোনিকে ছাড়াই মাঠে নামতে হবে তাদের। 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ২০:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ২০:১২

options
link
দুঃসংবাদ চেন্নাই শিবিরে! এখনই মাঠে ফেরা হচ্ছে না থালার zoom
চেন্নাই অনুশীলনে ধোনি। ছবি পিটিআই।

হারের হ্যাটট্রিকে বিধ্বস্ত চেন্নাই সুপার কিংস। তরুণ থেকে অভিজ্ঞ – সবাই ডাহা ফেল। এই পরিস্থিতিতে মহেন্দ্র সিং ধোনির অভাব হাড়েহাড়ে বুঝতে পারছে সিএসকে। অনেকেই বলছেন, তিনিই হয়তো সঞ্জীবনী এনে দিতে পারবেন। সমর্থকরা আশা করেছিলেন, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নেমে পড়বেন মাহি। কিন্তু ১১ এপ্রিল দিল্লি ম্যাচের আগে বড় ধাক্কা চেন্নাই শিবিরে। চোটের কারণে এখনও পুরোপুরি সুস্থ না হয়ে ওঠায় ধোনিকে ছাড়াই মাঠে নামতে হবে তাদের। 

প্রস্তুতি শিবিরে কাফ মাসলে চোট পেয়েছিলেন তিনি। সেই কারণে প্রথম তিন ম্যাচে খেলতে পারেননি। প্রথমে মনে করা হয়েছিল আইপিএলের প্রথম দু’সপ্তাহ খেলতে পারবেন না এমএসডি। কিন্তু পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে আগে নেটে দেখা যায় তাঁকে। নেটে অনুশীলনের সময় তাঁর ছক্কা হাঁকানোর ভিডিও ভাইরাল হওয়ার পর সমর্থকদের মধ্যে আশার সঞ্চার হয়। তবে সেই আশায় আপাতত জল ঢেলে দিলেন সিএসকে-র সিইও কাশী বিশ্বনাথন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইটকে তিনি বলেন, “ধোনি এখন রিহ্যাবের মধ্যে রয়েছে। আরও কিছুটা সময় লাগবে। ঠিক কতদিন লাগবে, সেটা এখনই বলা সম্ভব নয়।” দিল্লির বিরুদ্ধে ম্যাচের পর ১৪ এপ্রিল কেকেআরের মুখোমুখি হওয়ার কথা চেন্নাইয়ের। তবে সেই গুরুত্বপূর্ণ ম্যাচেও ধোনির খেলা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজির তরফে কাশী বিশ্বনাথন জানিয়েছেন, ধোনির মাঠে ফিরতে ঠিক কত দিন সময় লাগবে, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয়। তিনি বলেন, “আমরা এখনই নির্দিষ্ট করে বলতে পারছি না ধোনির ফিরতে আর কতটা সময় লাগবে। তবে আমরা আশাবাদী, ও দ্রুত সুস্থ হয়ে দলে ফিরবে।” তাঁর এই মন্তব্য থেকেই স্পষ্ট, কেকেআরের বিরুদ্ধেও ধোনির নামার সম্ভাবনা অনিশ্চিতই রয়ে গেল। ফলে আসন্ন গুরুত্বপূর্ণ লড়াইয়ে চেন্নাই সুপার কিংসকে আবারও ধোনিকে ছাড়াই নামতে হতে পারে বলেই মনে করা হচ্ছে।

ধোনির অনুপস্থিতি যে দলকে ভোগাচ্ছে, তা স্পষ্ট পারফরম্যান্সেই। আইপিএল ২০২৬-এ এখনও জয়ের মুখ দেখেনি সিএসকে। প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে বড় হার, তারপর পাঞ্জাব কিংসের বিরুদ্ধে পরাজয়। সব শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৪৩ রানে হারের পর পয়েন্ট তালিকার একেবারে তলানিতে নেমে গিয়েছে সিএসকে। তাদের নেট রান রেটও উদ্বেগজনক (-২.৫১৭)। এদিকে কিছুটা স্বস্তির খবর দিয়েছে ফ্র্যাঞ্চাইজি। দিল্লি ম্যাচে দলে ফিরতে পারেন দলের নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসও। দক্ষিণ আফ্রিকার ব্যাটারকে নিয়ে চেন্নাই সিইও বলেন, “আমরা আশা করছি ব্রেভিস পরের ম্যাচে খেলতে পারবে। তবে সবকিছু নির্ভর করছে ওর ফিটনেসের উপর। হাতে এখনও কয়েকটা দিন আছে।” সব মিলিয়ে ধোনিকে ছাড়াই আবারও কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছে চেন্নাই। অভিজ্ঞ অধিনায়কের অনুপস্থিতিতে ঘুরে দাঁড়াতে পারবে কি দল? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটমহলে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.