Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
কুলদীপ যাদব

কুলদীপের হ্যাটট্রিকে কুপোকাত ক্যারিবিয়ানরা, সিরিজে সমতা ফেরাল ভারত

ওয়ানডে কেরিয়ারে দুই নম্বর হ্যাটট্রিক করে ইতিহাসে চায়নাম্যান বোলার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৮, ২০১৯, ২১:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৮, ২০১৯, ২১:৩৬

options
link
কুলদীপের হ্যাটট্রিকে কুপোকাত ক্যারিবিয়ানরা, সিরিজে সমতা ফেরাল ভারত zoom

ভারত- ৩৮৭/৫ (রোহিত ১৫৯, রাহুল ১০২)
ওয়েস্ট ইন্ডিজ- ২৮০ অল আউট (শাই হোপ ৭৮, শামি ৩/৩৯)
ভারত ১০৭ রানে জয়ী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে ব্যাটে রোহিত-রাহুলের ধামাকা ইনিংস। তারপর বল হাতে কুলদীপের ঘূর্ণি। সবমিলিয়ে আজ দিনটাই যেন ছিল টিম ইন্ডিয়ার। মাঝে বেশ কয়েকটা বাজে ক্যাচ মিস ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মোটের উপর দুরন্ত পারফরম্যান্স বিরাট বাহিনীর। বুধ সন্ধেয় বিশাখাপত্তনমে পোলার্ডদের ধরাশায়ী করে ভারত জিতল ১০৭ রানে। এদিনের হ্যাটট্রিকের জেরে ওয়ানডে কেরিয়ারে দুই নম্বর হ্যাটট্রিক করলেন চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। প্রথম ভারতীয় হিসাবে এই বিরল রেকর্ডের অধিকারী হলেন কুলদীপ।

Advertisement

রেকর্ডের ছড়াছড়ি এদিনের ম্যাচে। প্রথমে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের জেতার আশায় জল ঢেলে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের হোপ-হেটমেয়ার জুটি। ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের দাপটে চেন্নাইয়ে ধাক্কা খেয়েছিল বিরাট কোহলিদের বোলিং অর্ডার। সেই হারের স্মৃতি ভুলে দ্বিতীয় ম্যাচে বিশাখাপত্তনমে দুরন্ত পারফরম্যান্স ভারতীয় ব্যাটসম্যানদের। দুই ওপেনার রোহিত শর্মা ও কেএল রাহুলের জোড়া সেঞ্চুরিতে ভর করে প্রথমে ব্যাট করে ৩৮৭ রানের বিরাট স্কোর খাড়া করে ভারতীয় দল। ক্যারিবিয়ানদের নির্বিষ বোলিংকে তছনছ করলেন রোহিত (১৫৯) ও রাহুল (১০২)। কিন্তু জোড়া সাফল্যের মাঝেও খারাপ খবর অধিনায়ক বিরাট করেছেন মাত্র ০। খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরত যান তিনি।

এদিন প্রথম উইকেটে জুটি বেঁধে ২২৭ রান তোলেন দুজনে। ওয়ানডে কেরিয়ারের তৃতীয় শতরান হাঁকালেন রাহুল। ভারতের মাটিতে প্রথম। রাহুল আউট হওয়ার পর বিরাট নামায় মনে হচ্ছিল তিনিও তাণ্ডব চালাবেন ব্যাট হাতে। কিন্তু এক বল খেলেই আউট হন তিনি। উলটোদিকে ধ্বংসাত্মক মেজাজে ব্যাটিং ছাড়েননি হিটম্যান রোহিত। একটা সময় মনে হচ্ছিল ফের ডাবল সেঞ্চুরি করতে পারেন তিনি। কিন্তু ১৫৯ রানের মাথায় কটরেলের বলে কট বিহাইন্ড হন ভারতের সহ-অধিনায়ক। ওয়ানডে কেরিয়ারের ২৮তম এবং চলতি বছরে সপ্তম সেঞ্চুরি করলেন রোহিত।

এই ইনিংসের জেরে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডেভিড ওয়ার্নারকে ছুঁলেন ‘হিটম্যান’। ২০০০ সালে সৌরভ সাতটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এক ক্যালেন্ডার ইয়ারে। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার ওয়ার্নারও সাতটি সেঞ্চুরি করেছিলেন। এদিন রোহিত যেখানে শেষ করেন সেখান থেকেই ভারতের স্কোরকে আরও উচ্চতায় নিয়ে যান শ্রেয়াস আইয়ার (৫৩) ও ঋষভ পন্থ। ১৬ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন পন্থ। পাঁচ উইকেট হারিয়ে ৩৮৭ রানের বিশাল স্কোর তুলে ক্যারিবিয়ানদের সামনে রাখে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার এভিন লুইস (৩৮) ও শাই হোপ (৭৮) টানছিলেন দলকে। লুইস আউট হতেই ধস নামে মিডল অর্ডারে। আগের ম্যাচের নায়ক হেটমেয়ার এদিন ব্যর্থ (৪)। প্রতিরোধ গড়েন নিকোলাস পুরান (৭৫)। কিন্তু হোপের সঙ্গে তাঁর পার্টনারশিপ ভেঙে ঝটকা দেন কুলদীপ। এই ওভারে হোল্ডার ও জোসেফকে আউট করে কেরিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক করে ইতিহাসে নাম লেখান কুলদীপ। কিমো পল (৪৬) শেষদিকে কিছুটা চেষ্টা করেছিলেন। কিন্তু শামির বলে বোল্ড হতেই খেল খতম হয়ে যায় ক্যারিবিয়ানদের। শামিও এদিন তিনটি উইকেট নেন। সিরিজে সমতা ফেরাল ভারত। আগের ম্যাচের হারের জ্বালা জুড়ালো টিম ইন্ডিয়া।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.