সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহম্মদ শামি থেকে মুকেশ কুমার কিংবা রজত পাতিদার। দলীপ ট্রফিতে তাঁরা কেমন খেলেন, তা দেখার জন্য সমর্থকরা মুখিয়ে ছিলেন। বিশেষ করে, শামি এবং মুকেশ কুমার টেস্ট দলে ঢোকার লড়াইয়ে রয়েছেন। তাই তাঁদের কাছ থেকে ভালো পারফরম্যান্স প্রত্যাশিত। যদিও দলীপ ট্রফির প্রথম দিন সেভাবে দাগ কাটতে পারলেন না তাঁরা। তবে, টি-টোয়েন্টি মেজাজে সেঞ্চুরি হাঁকিয়েছেন পাতিদার।
চোট সারিয়ে দীর্ঘদিন পর ২২ গজে ফিরেছেন শামি। প্রথম দিন তিনি ১৭ ওভার বল করলেও পেয়েছেন মাত্র ১ উইকেট। অর্থাৎ রান দেওয়ার দিক থেকে তিনি যথেষ্ট কৃপণ হলেও তাঁর কাছ থেকে আরও বেশি উইকেট আশা করেছিল পূর্বাঞ্চল। টেল এন্ডার ব্যাটার সাহিল লোথারাকে আউট করেছেন তিনি। নতুন বলে পুরনো ছন্দে দেখা যায়নি তাঁকে।
অন্যদিকে, মুকেশ কুমার ১১.৫ ওভার বল করেছেন। ৩৯ রান দিলেও কোনও উইকেট পাননি। আরও বিড়ম্বনার খবর হল, প্রথম দিনের শেষে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। দুই প্রধান বোলার সেভাবে নিজেদের মেলে ধরতে না পারায় প্রথম দিনের শেষে উত্তরাঞ্চল করে ৬ উইকেটে ৩০৮ রান।
দলীপের অন্য একটি ম্যাচে নর্থ-ইস্ট বোলাররা সেভাবে আমল পাননি মধ্যাঞ্চলের ব্যাটারদের সামনে। প্রথম দিনের শেষে ২ উইকেটে ৪৩২ রানের পাহাড়ে তারা। অধিনায়ক রজত পাতিদার ৯৬ বলে ১২৫ রানের দুরন্ত ইনিংস উপহার দেন। তাঁর ইনিংসটি সাজানো ছিল ২১টি চার এবং ৩টি ছক্কা দিয়ে। দলের আরেক ব্যাটার দানিশ মালেওয়ার দ্বিশতরানের পথে। দিনের শেষে তিনি অপরাজিত ১৯৮ রানে।
সর্বশেষ খবর
-
মহরমের পর নজরে রথযাত্রা, কোনও অশান্তি বরদাস্ত নয়, ম্যাপিং শুরুর নির্দেশ সিপির
-
অঘটনের বিশ্বকাপে জারি ফরাসি বিপ্লব, সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় এমবাপেরা
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?