সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন অনেকটা ‘গেছো দাদা’র গল্পের মতো। এই তিনি ইংল্যান্ডে, তো পরের দিনে পাকিস্তানে। আর শুধু পাকভূমে এসে পৌঁছলেন না, শেষ বলে চার মেরে লাহোর কলান্দার্সকে পিএসএল চ্যাম্পিয়ন করালেন। তিনি জিম্বাবোয়ের সিকান্দার রাজা। অর্ধেক বিশ্ব পাড়ি দিয়ে তিনি ‘কালান্দারের সিকান্দার’।
পিএসএলের ফাইনালে প্রথমে ব্যাট করে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স করে ২০১ রান। জবাবে এক বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শাহিন শাহ আফ্রিদির দল লাহোর কালান্দার্স। শেষের দিকে ঝড় তুলে ৭ বলে ২২ রান করে ‘রাজা’ সিকান্দার। ফাইনাল ছিল রবিবার। তার আগেরদিন, অর্থাৎ শনিবার শেষ হয় ইংল্যান্ড বনাম জিম্বাবোয়ের টেস্ট ম্যাচ। সেই ম্যাচেও খেলেছিলেন ৩৯ বছর বয়সি সিকান্দার।
২৪ ঘণ্টার মধ্যেই তিনি পাকিস্তানে। বার্মিংহাম, দুবাই, আবু ধাবি পাড়ি দিয়ে লাহোরে এসে পৌঁছন জিম্বাবোয়ের ক্রিকেটার। টসের ঠিক দশ মিনিট আগে পাকিস্তানে এসে পৌঁছন। তিনি নিজে বলছেন, “রাতের খাবার খেয়েছি বার্মিংহামে, ব্রেকফাস্ট দুবাইয়ে, লাঞ্চ আবু ধাবিতে। আবার এসে ডিনার করেছি পাকিস্তানে। এই জীবনটার জন্য ধন্যবাদ।” শেষ তিন বলে দরকার ছিল ১০ রান। চতুর্থ বলে ছক্কা ও পঞ্চম বলে চার মেরে তিনি লাহোরকে ম্যাচ জিতিয়ে দেন। তারপর সতীর্থরা তাঁকে কাঁধে চাপিয়ে মাঠ থেকে বের করেন।
ইংল্যান্ডের নটিংহাম থেকে লাহোরের দূরত্ব প্রায় সাড়ে ছ’হাজার কিলোমিটার। বিমানে সময় লাগে প্রায় সাড়ে ন’ঘন্টা। সেই দীর্ঘ পথ অতিক্রম করে অসাধ্যসাধন করলেন সিকান্দার। এই নিয়ে তৃতীয়বার পিএসএল জিতল লাহোর কালান্দার্স।
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?