Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
Virat Kohli Retirement

অবসরে দলের ‘শাহরুখ-সলমন’ জুটিই, বিরাট-রোহিত বিদায়ে যেন অভিভাবকহীন টিম ইন্ডিয়া

টেস্ট ক্রিকেটের আকাশে 'দোতারা' তাঁরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১২, ২০২৫, ১৭:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১২, ২০২৫, ১৭:৫২

options
link
অবসরে দলের ‘শাহরুখ-সলমন’ জুটিই, বিরাট-রোহিত বিদায়ে যেন অভিভাবকহীন টিম ইন্ডিয়া zoom

প্রসেনজিৎ দত্ত: ‘পাঠান’ সিনেমায় একটা ডায়লগ ছিল। সলমন খানের উদ্দেশ্যে শাহরুখ খান বলছেন, ‘হামে হি করনা পড়েগা ভাই, দেশ কা সওয়াল হ্যায়। বাচ্চো পে নেহি ছোড় সাকতে’। অর্থাৎ, আমাদের এটা করতেই হবে ভাই। দেশের ব্যাপার। আমরা এটা বাচ্চাদের উপর ছেড়ে দিতে পারি না।’ রোহিত শর্মার পর লাল বলের ক্রিকেটে বিরাট কোহলির অবসরের (Virat Kohli Retirement) দিনে এমনটাই মনে পড়ল। যাওয়ার বেলা তাঁকে ‘পিছুডাক’ দিয়েছিল বিসিসিআই। কিন্তু সম্রাট যখন পণ করেন, তখন তা ধনুকভাঙা পণ তো হবেই। লাল বলের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিলেন বিরাট কোহলি। এভাবেই যেন ভারতীয় ক্রিকেটের ‘শাহরুখ-সলমন জুটি’ আলবিদা জানালেন টেস্ট ক্রিকেটকে। কিন্তু ‘বাচ্চো পে’ ছেড়েই তো এই চলে যাওয়া। হয়তো তাঁরা বুঝেছেন, বিদায় বলার যোগ্য সময় এটাই। কারণ ‘বাচ্চা’রা আজ সাবালক হয়ে উঠেছে। 

হয়তো অনেকেই লিখবেন ‘বিরাট যুগাবসান’, ‘বিরাট সমাপ্তি’ ইত্যাদি ইত্যাদি। অথচ সরে যাওয়ার এমন সিদ্ধান্ত তখনই নেওয়া যায়, যখন মন ভাঙে। মানও ভাঙে। সেই অভিমান কখনও গল্প বলে। কখনও দীর্ঘ একটা ব্যালাডের মতো ঘটনাও বর্ণনা করে। পরত বদলাতে বদলাতে জীবনের সেই ঘটনার প্রবাহ হঠাৎই মৃদুভাষী হয়ে বলে দেয়, এবার থামার সময় এসেছে আপনার। আমরা তো অনেকেই ‘ধুর ভাল্লাগছে’ বলে ছেড়ে দিই অনেক কিছু। কিন্তু এক্ষেত্রে কি কেবলই ভালো না লাগা থেকেই অবসরের সিদ্ধান্ত নিলেন বিরাট কোহলি? প্রশ্নটা আপাত সরল মনে হলেও এতটাও সহজ নয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ক্রিকেটের ‘আধুনিক ঈশ্বর’কেও তো কতবার সমালোচনার মুখে পড়তে হয়েছে। কোহলিও বা কেন ছাড় পাবেন? কোনও বল যখন তাঁর ব্যাটের কানা ছুঁয়ে উইকেটরক্ষকের দস্তানায়, তখন তাবড় ক্রিকেট ‘বলিয়ে’ বা লেখিয়েরা রে-রে করে তেড়ে উঠেছেন। ঠারেঠোরে তাঁরা বুঝিয়েছেন, অনেক তো বসন্ত গেল, এবার বিদায় বলো। সেই বিরাট এবার ‘সায়োনারা’ বললেন টেস্ট ক্রিকেটকে। এমন বিদায় জানানো রাজার মতো। এখানে কোনও বিচ্ছেদের ভয় নেই, আছে কেবলই সমাপন। এই বিদায়ের ক্ষণ কেবলই সুন্দরতম নয়।

পরিভাষায় যাকে বলা হয় ‘গ্লোবাল ফ্যানডম’, তা কি অচিরেই শেষ হয়ে গেল ভারতীয় ক্রিকেট থেকে? হয়তো বা হ্যাঁ। অনেকেই বলবেন, কারওর জন্য কিছু থেমে থাকে না কখনও। কিন্তু বুকে হাত রেখে বলুন তো, এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে কেউ আছেন কিনা, যাঁকে দেখে গ্যালারিতে মেক্সিকান ঢেউ ওঠে। অথবা কেউ নাওয়াখাওয়া ছেড়ে বিরাট ‘তপস্যা’ নিয়ে কারওর ব্যাটিং দেখেন। রোহিত শর্মা টেস্ট ছাড়লেন। এবার বিরাটও অবসরে। টেস্ট ক্রিকেটের আকাশে ‘দোতারা’ তাঁরা। সেখানে কেমন যেন বিষাদের যোগসূত্র আজ। ভবিষ্যতে হয়তো শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থদের দিকে নজর থাকবে সবার। কিন্তু ওই, ফ্যানডম বলতে যা বোঝায়, তার হয়তো ‘অপমৃত্যু’ ঘটল। আজ অবসরে দলের ‘শাহরুখ-সলমন’ জুটি। বিরাট-রোহিত বিদায়ে যেন অভিভাবকহীন টিম ইন্ডিয়া।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.