সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের বাকি ফুটবলারদের সঙ্গে ওর ফারাকটা আশা করি বুঝে গিয়েছেন সবাই? প্রশ্নকর্তা কে হতে পারেন? স্যর অ্যালেক্স ফার্গুসন৷ যাঁর মতে, এই প্রজন্মের সেরা ফুটবলারের নাম বিচার করতে বসলে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছাড়া আর কাউকে ভাবা যাবে না৷
স্তাদ দ্য ফ্রান্স-এ প্রিয় ছাত্রের খেলা দেখতে উপস্থিত ছিলেন ফার্গি৷ সেখানে প্রাক্তন কোচকে দেখতেই জড়িয়ে ধরেছিলেন রোনাল্ডো৷ ম্যান ইউয়ের প্রাক্তন কোচ জানিয়েছেন, নিজেকে সেরা প্রমাণ করার চেষ্টাই এগিয়ে নিয়ে যায় রোনাল্ডোকে৷ তাঁর কথায়, “শুধু এই খেলা বলে নয়৷ সব কিছুতেই সাফল্য পেতে গেলে ইচ্ছাটা জরুরি৷ রোনাল্ডোর এই ইচ্ছাটা মারাত্মক৷ এর জন্য প্র্যাকটিসে বাড়তি ঘাম ঝরাতেও তৈরি ও৷” ফার্গি বলে চলেন, “ছয় বছর ওকে কাছ থেকে দেখেছি৷ বড় ম্যাচ এলেই যেন ওকে অন্য চেহারায় দেখা যায়৷ ও জিততে ভালবাসে৷ ইউরোর ফাইনাল সেটা প্রমাণ করে দিল৷ হয়তো চোটের কারণে পুরো সময় মাঠে থাকেনি৷ কিন্তু দলকে তাতিয়ে গিয়েছে৷ সেটাই বা কম কী?”

দু-পায়েই মারাত্মক শট আছে৷ স্পটজাম্প করে অনেকটা উঠে গোল করার ক্ষেত্রেও রোনাল্ডো টপকে গিয়েছেন বাকিদের৷ ইউরোয় ওয়েলসের বিরুদ্ধে তাঁর হেডে গোল করার ছবি এখনও টাটকা৷ কারণ ব্যাখ্যা করতে গিয়ে ফার্গুসন জানিয়েছেন, “প্র্যাকটিসে ও প্রচুর শট মারা প্র্যাকটিস করে৷ সেটা দু-পা দিয়েই৷ হেডেও প্রচুর গোল করে৷ এগুলিতে ওর আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে৷ আগের থেকে ও নিজেকে উন্নত করেছে৷ সাধারণ ফুটবলাররা কেরিয়ারে ছয় থেকে আট বছর সেরা পারফরম্যান্স করতে পারে৷ রোনাল্ডো এই কাজটা গত দশ বছর ধরে করে আসছে৷ এটাই ওকে বাকিদের থেকে আলাদা করে রাখে৷”

রোনাল্ডো-মেসি নিয়ে আলোচনা ফুটবল বিশ্বে নতুন নয়৷ আর্জেণ্টাইন তারকার কথা না উঠলেও, ম্যান ইউয়ের প্রাক্তন ম্যানেজার বুঝিয়ে দিলেন, তাঁর কাছে সেরা রোনাল্ডোই৷ ফার্গুসনের কথায়, “ফুটবলে প্রত্যেক প্রজন্মেই ছবিটা এক৷ একাধিক সেরা ফুটবলার উঠে এলেও, কেউ না কেউ স্পেশাল থাকে৷ আমার মতে এই প্রজন্মে সেই বিশেষ ফুটবলারটি রোনাল্ডো ছাড়া আর কেউ নয়৷”
সর্বশেষ খবর
-
রাজসাক্ষী হতে চান! জমি দুর্নীতি মামলায় ইডি আদালতে আবেদন জয় কামদারের
-
বাড়ির প্রত্যেক সদস্যদের আলাদা আয়ুষ্মান কার্ড, আধার নম্বরেই মিলবে উপভোক্তার তথ্য
-
দেবরাজের ‘দাদাগিরি’র নয়া হদিশ! দাবিমতো কোটি টাকা না দেওয়ায় কাজ বন্ধ মামলায় চার্জশিট
-
ধনঞ্জয় ফাঁসির ২২ বছর! ‘বিচার মেলেনি’, মামলার পুনঃতদন্তের দাবিতে ফের মিছিল বাঁকুড়ার গ্রামে
-
খোলা হল শ্যামাপ্রসাদের নামের বোর্ড, রামপুরহাটে ফের নেতাজির নামে ফিরল রাস্তা!