সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনিয়র দল হোক বা রিজার্ভ- গত মরশুমে গোল করার লোক না থাকায় বারবার ভুগেছে ইস্টবেঙ্গল (East Bengal)। এবারও কলকাতা লিগে রেনবো এসির বিরুদ্ধে প্রথম ম্যাচে সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেননি লাল-হলুদ ফুটবলাররা।
কিন্তু দ্বিতীয় ম্যাচেও কি সেই সমস্যা মিটবে ইস্টবেঙ্গলের? রবিবাসরীয় বিকালে লাল-হলুদের অনুশীলন দেখে তা নিয়ে আশাবাদী হওয়ার উপায় নেই। জেসিন টিকে অসুস্থ, মহম্মদ রোশেলের চোট। তাঁরা এখনই মাঠে ফিরছেন না। এই অবস্থায় গোলের জন্য কোচ বিনো জর্জের বাজি মহম্মদ নিয়াস। প্রথম ম্যাচে একাই খান চারেক সুযোগ নষ্ট করেছেন তিনি। এদিন হাওড়া স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে গোল করার জন্য বিশেষভাবে প্র্যাকটিস চালিয়ে গেলেন এই দীর্ঘদেহী স্ট্রাইকার। সতীর্থ নসিব রহমান, রূপম রায়রা একের পর এক বল সাজিয়ে দিলেন নিয়াসকে। হাতে গোনা করেকটা বলই গোলে রাখতে পারলেন তিনি। বাইরে গেল শট, নয়তো কাছে পৌঁছাতে পারলেন না নিয়াস।
[আরও পড়ুন:আতশবাজির আলোয় মেসিকে স্বাগত জানাল ইন্টার মায়ামি, পেলেন পছন্দের ১০ নম্বর জার্সি]
সোমবার দুপুরে নৈহাটি স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের সামনে পশ্চিমবঙ্গ পুলিশ। গ্রুপের অন্যতম সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগেও স্বস্তি নেই লাল-হলুদ শিবিরে। পুলিশের বিরুদ্ধে প্রথম একাদশে একধিক বদল করতে পারে ইস্টবেঙ্গল। মহম্মদ নিশাদ, বুনান্দো সিং, নিরঞ্জন মণ্ডল, দীপ সাহাদের দলে দেখার সম্ভবনা প্রবল। সার্থক গোলুই খেলবেন সেন্টার ব্যাক হিসাবে। কোচ বিনো ভরসা রাখছেন এই দলের উপর। বলে গেলেন, “সবাই নতুন ছেলে। সেট হতে একটু সময় লাগবে। একটা ম্যাচ জিতলেই ছেলেরা আত্মবিশ্বাস ফিরে পাবে। আশা করছি কালই সেটা হবে।”
ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ পুলিশের দলটি আবার চোট সমস্যায় ভুগছে। আক্রমণের দুই মুখ নুরউদ্দিন মণ্ডল ও রাজীব দত্তের চোট। প্রথম গোলকিপার সৌমাভ ঘোষ লাল কার্ড দেখেছেন আগের ম্যাচে। কোচ অশোক চক্রবর্তীর দাবি, নির্বাচনের ডিউটি থেকে ফিরেই সরাসরি ম্যাচ খেলতে হওয়ায় এত চোট লেগেছে। তবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী তিনিও।
(আজ কলকাতা লিগে-ইস্টবেঙ্গল বনাম পশ্চিমবঙ্গ পুলিশ
দুপুর ৩.৩০, নৈহাটি স্টেডিয়াম, ইনস্পোর্টস ডট টিভি)
[আরও পড়ুন: ‘ফেডেরার-নাদাল-নোভাক মিলিয়েই আলকারাজ’, প্রতিপক্ষকে কুর্নিশ জকোভিচের]
সর্বশেষ খবর
-
ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে আকণ্ঠ মদ্যপান, হোটেলে ‘গণধর্ষণ’! প্রশ্নের মুখে নির্যাতিতার বান্ধবীর ভূমিকা
-
সমুদ্রতটে ৭০০ ডলফিন ও তিমির লাশ! উৎসবের নামে নৃশংস হত্যালীলা, নিন্দায় সরব বিশ্ব
-
বিশ্বকাপ রুখতে ফুটবলারদের মূর্তি বিবস্ত্র করে প্রতিবাদ! শিক্ষকদের মার পুলিশের, উত্তপ্ত মেক্সিকো
-
বর্ষায় কীভাবে বাড়ি রক্ষা করবেন, জেনে নিন সহজ কৌশল
-
রোমারিওর ফেভারিট তালিকায় নেই ব্রাজিলই, কেন এমন মনে করেন কিংবদন্তি তারকা