দেবাশিস সেন, অ্যান্টিগা: এ মাঠের প্রতি ঘাস ঐতিহ্যের সাক্ষী৷ এ মাঠেই লেখা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের সোনালি ক্রিকেট ইতিহাসের কয়েকটি অধ্যায়৷ স্যার ভিভ এখানেই করেছিলেন টেস্টে দ্রুততম শতরানের রেকর্ড৷ ব্রায়ান চার্লস লারা এ মাঠেই খেলেছিলেন ৩৭৫ ও ৪০০ রানের দুই স্মরণীয় ম্যারাথন ইনিংস৷ এহেন ঐতিহ্য যে মাঠের সঙ্গী, সেটির অবস্থা কিন্তু আজ সঙ্গিন৷ ভগ্নদশা প্রায়৷ অগাধ ঐতিহ্য ও ইতিহাস থাকা সত্ত্বেও কোহলির ভারতের সামনে পড়ে বর্তমান ওয়েস্ট ইন্ডিজ টিমটার কঙ্কালসার দশা যেমন বেরিয়ে আসেছে, বিখ্যাত অ্যান্টিগা রিক্রিয়েশন গ্রাউন্ডেরও হালও যেন অনেকটা সেরকমই৷

কেন এই বেহাল দশা স্টেডিয়ামটির? এককালে শুধু ক্রিকেট ম্যাচই হত এই মাঠে৷ দর্শকের উন্মাদনায় একসময় গমগম করত এ মাঠ৷ তাহলে আজ এরকম মৃতপ্রায় দশা কেন? জানা যাচ্ছে, ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের সময়, এই মাঠ বাতিল করে রাজধানীর অদূরেই আর একটি মাঠ তৈরি হয়৷ ক্রিকেট ম্যাচ কমে আসে এই মাঠে৷ বদলে নানা ধরনের কার্ণিভাল অনুষ্ঠিত হয়৷ যদিও ক্রিকেটপ্রেমীদের মতে, এই স্টেডিয়ামে ক্রিকেট যেভাবে উপভোগ করা সম্ভব হত, তা নতুন জায়গায় সম্ভব হয় না৷ তা সত্ত্বেও স্টেডিয়ামটি সারিয়ে তোলার কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷ ক্রিকেট ছেড়ে আপাতত অ্যান্টিগা-বারবুদা কার্নিভাল চলছে এ মাঠে৷ ঐতিহ্যবাহী এ কার্ণিভালেই দুধের স্বাদে ঘোলে মেটাচ্ছে ক্রিকেট পাগল জনতা৷
একদিন যেখানে ইতিহাস লেখা হয়েছে, আজ তা নতুন ইতিহাসের অপেক্ষায়৷ অপেক্ষা সংস্কারের৷ কিন্তু তা কবে হাতেকলমে বাস্তব হয়ে উঠবে, সে উত্তর নেই৷ আপাতত তাই পুরনো সোনালি ইতিহাসে মুখ ঢেকেই নতুন দিনের সোনালি রেখার অপেক্ষায় অ্যান্টিগা রিক্রিয়েশন গ্রাউন্ড৷
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক