সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ শহরের ফুটবলপ্রেমীদের জন্য দারুণ সুখবর। একবার নয়। আরও দু’বার সাম্বা ছন্দে মেতে ওঠার সুযোগ পাচ্ছে কলকাতা। কারণ শেষ মুহূর্তে হঠাৎই একটি সেমিফাইনাল ম্যাচ পেয়ে গেল যুবভারতী।
রবিবার যুব বিশ্বকাপ থেকে জার্মানিকে ছিটকে দিয়ে সোমবারই গুয়াহাটি পৌঁছে গিয়েছেন আমাদিউ ও তাঁর ছেলেরা। কিন্তু সেখানে গিয়ে দেখা যায়, টানা বৃষ্টি হচ্ছে। অতিমাত্রায় বৃষ্টি হওয়ার জন্য মাঠের অবস্থা অত্যন্ত শোচনীয়। কোয়ার্টার ফাইনালে মালি বনাম ঘানা ম্যাচেই মাঠ নিয়ে প্রশ্ন উঠেছিল। ঘাস সরে বেরিয়ে এসেছিল বালি। তাই ব্রাজিল-ইংল্যান্ডের মতো হাইভোল্টেজ ম্যাচ নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না ফিফা। আর সেই কারণেই যুবভারতীর শিকে ছিঁড়ল। বুধবার বিকেল ৫টায় সল্টলেক স্টেডিয়ামেই মুখোমুখি হবে দুই যুযুধান। সেই কারণে সোমবার রাতের বিমানে শহরে আসছে দুই দল।
[ভরা যুবভারতীতে ফুটবল ঐতিহ্যের মাথা হেঁট করলেন ‘সমর্থক’রা]
যুব বিশ্বকাপের ছ’টি ভেন্যুর মধ্যে একমাত্র যুবভারতীই দশে-দশ পেয়েছিল ফিফার তরফে। স্টেডিয়ামের বন্দোবস্ত দারুণ মনে ধরেছিল ফিফা কর্তাদের। তাই গুয়াহাটিতে ম্যাচ বাতিল হতেই প্রথম পছন্দ হিসেবে উঠে আসে কলকাতার মাঠই। শেষ চারে ওঠা মানেই ফের একবার অ্যালান, পাওলিনহো, ব্রেনারদের ঝলক দেখার সুযোগ ছিল যুবভারতীর। কারণ তৃতীয় স্থান নির্ধারক ম্যাচও এখানেই হবে। তবে আরও একবার জোগা বনিতো উপভোগ করতে শনিবার পর্যন্ত অপেক্ষা করার আর প্রয়োজন হবে না কলকাতার ফুটবলপ্রেমীদের। বুধবারই ফের সে সুযোগ মিলবে। সোমবার রাত সাড়ে ৮টা থেকে অনলাইনে মিলবে এই ম্যাচের টিকিট। ফলে অনায়াসেই টিকিট কেটে মাঠে যেতে পারবেন দর্শকরা। তবে গুয়াহাটিতে যাঁরা টিকিট কেটেছেন, তাঁরা এত অল্প সময়ের মধ্যে শহরে পৌঁছতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় থাকছে। অন্যদিকে এত সফরের ফলে খুদেদের ক্লান্তিও একটা বড় ফ্যাক্টর। তবে ফিফার এমন সিদ্ধান্তে আপ্লুত শহরবাসী। ফুটবলকে ভালবাসার প্রতিযোগিতায় এভাবেই যেন গোটা দেশকে হারিয়ে দিল তিলোত্তমা।
[টি-টোয়েন্টি সিরিজে ডাক তরুণ সিরাজের, টেস্টে ফিরছেন বিজয়]
সর্বশেষ খবর
-
নির্বাচনে সুপ্রিম হস্তক্ষেপ চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি ইন্ডিয়া জোটের! বিজেপি বলছে, ‘গণতন্ত্রকে অস্বীকারের চেষ্টা’
-
কলম্বিয়ার কাছে হার ঘানার, নিজের দেশকে ‘বাঁচাতে’ পারলেন না ওঝা! শেষ ষোলোয় কার বিরুদ্ধে কে?
-
বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ! জেলায় জেলায় লাল সতর্কতা, উত্তাল হতে পারে সমুদ্র
-
গালওয়ান নিয়ে আপত্তিকর দৃশ্য! সলমনের ‘মাতৃভূমি’ নিয়ে জটিলতা, সেন্সর বোর্ডে আটকে ছাড়পত্র
-
মধ্যরাতে সালানপুরে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত বাড়ি ও দোকান! দগ্ধ কিশোর-সহ একই পরিবারের ৩