ইংল্যান্ড- ৫ (ফডেন ২, ব্রিউস্টার, গিবস-হোয়াইট, গুয়েহি)
স্পেন- ২ (সের্জিও গোমেজ ২)
সুলয়া সিংহ: কথায় বলে, বাস্তব কল্পনার থেকেও বিচিত্র, অদ্ভূত। এ যে শুধু কথার কথা নয় তাই চাক্ষুষ করল শনিবারের যুবভারতী। প্রায় অসম্ভবকে সম্ভব করে স্পেনের মুখের গ্রাস ছিনিয়ে প্রথমবারের জন্য অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ ঘরে তুলল ইংল্যান্ড। অসম্ভব কারণ, ২-০ স্কোরে পিছিয়ে থেকে ২-৫ গোলে জেতা মিরাকল ছাড়া কম কি? বৃথা গেল স্পেনের সের্জিও গোমেজের জোড়া গোল। দ্বিতীয়ার্ধের ব্রিটিশ ঝড়ে চুরমার হয়ে গেল স্প্যানিশ আর্মাডা। চোকার্স তকমা ঘুচলো না তিনবারের ফাইনালিস্ট স্পেনের। এক নয়নাভিরাম, দুর্ধর্ষ ম্যাচের সাক্ষী থাকল প্রায় ৬৬ হাজার ফুটবলপ্রেমী। যুবভারতীতে জয় হল ফুটবলের।

রূদ্ধশ্বাস। টানটান উত্তেজনা। গোল-পালটা গোল। আক্রমণ-প্রতি আক্রমণ। গতি বনাম স্কিল। কী ছিল না ম্যাচে? এমন ফাইনাল ম্যাচই তো চায় দর্শক। একটা অসাধারণ ম্যাচের সব গুণাগুণ, রসদই মজুদ ছিল এদিন। যুবভারতীর ৬৬,৬৮৪ জন দর্শক অনেক স্মৃতি ঘেঁটেও এমন ম্যাচের কথা মনে করতে পারছেন না। কোন বিশ্বকাপের ফাইনালে এমন হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল মনে করতে পারছেন না অনেকেই। ইউরো কাপে এই স্পেনের কাছেই হেরেছিল দাদারা। সেই হারের মধুর প্রতিশোধ নিল ছোটরা। ফডেনের জোড়া গোল আর ব্রাজিল ম্যাচের নায়ক ব্রিউস্টার, গিবস-হোয়াইট এবং গুয়েহির একটি করে গোলের সুবাদে ফাইনালে স্পেনকে ৫-২ ফলে হারাল ইংল্যান্ড। ব্রিটিশদের ইতিহাস সৃষ্টির সাক্ষী থাকল তিলোত্তমা।

প্রথমার্ধে কিন্তু স্প্যানিশ আর্মাডার আক্রমণে ব্রিটিশ রক্ষণভাগ টলমল লাগছিল প্রায়। ম্যাচের দশ মিনিটেই গোল পেয়ে যায় সের্জিও গোমেজ। তারপর ৩১ মিনিটে ফের তার গোল।


বিরতির ঠিক আগে ৪৪ মিনিটে ইংল্যান্ডের হয়ে স্পেনের গোলে বল জড়ায় ব্রাজিল ম্যাচের নায়ক ব্রিউস্টার। বিরতির পর স্পেনকে আর ম্যাচে ফিরতে দেয়নি ফডেনরা। ৫৮ মিনিটে গিবস-হোয়াইট, ৬৯ মিনিটে ফডেন, ৮৪ মিনিটে গুয়েহি এবং ৮৮ মিনিটে আবার ফডেনের গোলে উড়ে যায় স্পেন। তিকিতাকা ফুটবলের ভরাডুবি হয় যুবভারতীতে। একটা অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড। ৭ ম্যাচে ৮ গোল করে গোল্ডেন বুটের মালিক হয় ইংল্যান্ডের ওয়ান্ডার কিড রিয়ান ব্রিউস্টার। গোল্ডেন গ্লাভস পায় ব্রাজিলের গোলকিপার গ্যাব্রিয়েল ব্রাজাও। এদিন ফিফার প্রেসিডেন্ট ইনফান্তিনো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এআইএফএফ-র সভাপতি প্রফুল প্যাটেলের উপস্থিতিতে ট্রফি তুলে দেওয়া হয় ইংল্যান্ডের ফুটবলারদের হাতে। লিনেকার, বেকহ্যাম, রুনিরা যা পারেননি তাই করে দেখাল ফডেন-ব্রিউস্টাররা। তাদের দীর্ঘদিন মনে রাখবে ফুটবলের শহর কলকাতা।
ছবি- অচিন্ত্য রায়
সর্বশেষ খবর
-
দুই বিদেশি মহিলাকে অপহরণ করে গণধর্ষণ, পাকিস্তানের নাক কাটল খোদ উপপ্রধানমন্ত্রীর আত্মীয়
-
এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি! জ্যোতিপ্রিয়র মেয়ে প্রিয়দর্শিনীর ‘কীর্তি’তে জোর শোরগোল
-
নির্বাচনে সুপ্রিম হস্তক্ষেপ চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি ইন্ডিয়া জোটের! বিজেপি বলছে, ‘গণতন্ত্রকে অস্বীকারের চেষ্টা’
-
কলম্বিয়ার কাছে হার ঘানার, নিজের দেশকে ‘বাঁচাতে’ পারলেন না ওঝা! শেষ ষোলোয় কার বিরুদ্ধে কে?
-
বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ! জেলায় জেলায় লাল সতর্কতা, উত্তাল হতে পারে সমুদ্র