স্টাফ রিপোর্টার: মোহনবাগানের নব্য নির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সভায় আলোচ্য সূচিতে প্রথম বিষয়টাই ছিল সভাপতি মনোনয়ন। কিন্তু সভাপতি পদে উপযুক্ত নাম নিয়ে কার্যকরী সমিতির সদস্যরা একমত হতে না পারায় এদিন নতুন কমিটির সভাপতির নাম ঠিক করা গেল না। কার্যকরী কমিটির আলোচনার শেষে সচিব দেবাশিস দত্ত বলেন, “অনেক নামই আলোচনায় এসেছে, কিন্তু কমিটির সবাই মনে করছেন। এই প্রসঙ্গে আরও কিছু আলোচনা হওয়া উচিত।”
সভাপতি মনোনয়নের ক্ষেত্রে কোন কোন দিকগুলি ভাবা হচ্ছে জিজ্ঞাসা করা হলে মোহনবাগান সচিব বলেন, “আমরা বিভিন্ন দিক নিয়েই আলোচনা করছি। তার সঙ্গে শারীরিক সুস্থতার ব্যপারটাও রয়েছে। দেখতে হবে সভাপতি যেন নিয়মিত ক্লাবেও আসতে পারেন।” ঠিক কবে নতুন সভাপতির নাম জানা যাবে তা অবশ্য জানাননি তিনি। তবে ছ’জন সহ–সভাপতির মধ্যে কার্যকরী কমিটির সদস্যদের দ্বারা মনোনীত চারজনের নাম এদিন ঘোষণা করে দেন দেবাশিস দত্ত। নতুন চারজন সহ-সভাপতি হলেন, মন্ত্রী অরূপ রায় এবং মলয় ঘটক, অসিত চট্টোপাধ্যায় এবং প্রাক্তন সাংসদ এবং সাংবাদিক কুণাল ঘোষ। সে অর্থে মোহনবাগানের কমিটিতে কুণাল ঘোষের নামটাই নতুন। তবে মোহনবাগানে তিনি নতুন নন। যেবার আই লিগে দল তুলে নেওয়ার জন্য মোহনবাগানকে সাসপেন্ড করেছিল ফেডারেশন সেবার প্রাক্তন দুই ফুটবলার মানস ভট্টাচার্য এবং বিদেশ বসুকে নিয়ে দিল্লি গিয়ে ফেডারেশন সচিব কুশল দাসের সঙ্গে বৈঠক করেন তিনি। দু’লক্ষ সমর্থকের লিখিত আবেদন নিয়ে ফেডারেশনে জমা দেন। এমনকী এর আগে মোহনবাগানে নির্বাচনের সময়ও মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যা টেকনিক্যাল কারণে বাতিল হয়ে গিয়েছিল। ফলে সবুজ মেরুনের সঙ্গে তাঁর সম্পর্ক অনেকদিন ধরেই।
[আরও পড়ুন: লখনউয়ের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার! শামিকে শুভেচ্ছা জনপ্রিয় পর্নস্টারের]
কুণাল ঘোষ মোহনবাগানের সহ-সভাপতি হওয়ার সঙ্গে সঙ্গে টুইট করে অভিনন্দন জানান বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য সৌরভ শিকদার। তিনি টুইটে বলেন, “রাজনীতি আরেক জায়গায়। মোহনবাগানে কুণাল ঘোষকে স্বাগত।” সহ-সভাপতি হওয়ার জন্য ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার ফোন করে কুণাল ঘোষকে অভিনন্দন জানান। বাকি দু’জন সহ-সভাপতি কে হবেন, তা এদিন ঠিক হয়নি। সেখানেও বিভিন্ন নাম নিয়ে আলোচনা চলছে। পিন্টু বিশ্বাসকে কো-অপ্ট করে নিয়ে আসা হয়েছে কার্যকরী কমিটিতে।
ঠিক হয়েছে, নতুন কমিটি গঠিত হওয়ার পর প্রথম বার্ষিক সাধারণ সভা হবে ২৩ এপ্রিল। তার আগে অনুষ্ঠিত হবে আরও একটি কার্যকরী কমিটির সভা। এদিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি ঠিক হয়েছে বাংলা নববর্ষকে কেন্দ্র করে জাঁকজমকভাবে বার পুজো করা হবে। বাঙালি সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে বার পুজোর পরই মোহনবাগান তাঁবুতে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে রবীন্দ্রসঙ্গীত গাইবেন মনোজ মুরলী নায়ার এবং আবৃত্তি করবেন মেধা বন্দ্যোপাধ্যায়।
চুক্তি অনুযায়ী শুধুমাত্র আইএসএলের সময়েই ক্লাব সদস্যদের ফ্রিতে ম্যাচ দেখানোর কথা আছে। কিন্তু কোম্পানির ডিরেক্টরদের সঙ্গে এদিন দেবাশিস দত্তর আলোচনার পর ঠিক হয়েছে, ১২ এপ্রিল এএফসি কাপে, এটিকে মোহনবাগানের ম্যাচেও সদস্যরা ফ্রিতে টিকিট পাবেন। আলোচনা হয়, ইউথ ডেভলপমেন্টের প্রসঙ্গেও। ঠিক হয়েছে, এটিকে মোহনবাগানের ইউথ ডেভলপমেন্টের আলোচনায় ক্লাবের তরফে থাকবেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য।
[আরও পড়ুন: ইস্টবেঙ্গল কোচিং থেকে মিশরের টিম ম্যানেজমেন্টে, সালাহদের বিদায়ে মন খারাপ সেই কোস্টার]
আলোচনা যখন প্রায় শেষের দিকে ঠিক সেই সময়েই ক্লাবে আসেন প্রাক্তন ফুটবলার জোস ব্যারাটো। সচিব দেবাশিস দত্তকে অভিনন্দন জানিয়ে বলেন, তিনি সব সময় ক্লাবের ভালোর জন্য পাশে আছেন। একদা সতীর্থ সত্যজিৎ চট্টোপাধ্যায় এখন ক্লাবের সহসচিব। তাঁকে এবং ফুটবল সচিব স্বপন বন্দ্যোাপধ্যায়–সহ নির্বাচিত কমিটির সব সদস্যকেই অভিনন্দন জানান তিনি। দেবাশিস দত্ত বলেন, “কলকাতায় পা দিয়েই আমাকে ফোন করে সচিব হওয়ার জন্য অভিনন্দন জানান ব্যারেটো। তখনই ক্লাবে আসার জন্য আমন্ত্রণ জানাই তাঁকে। শুধু আমাকে নয়। কমিটির সব সদস্যদের অভিনন্দন জানাতে এসেছেন।”
সর্বশেষ খবর
-
ছাব্বিশে ফিরল ʼ১৪-র স্মৃতি, ৭ গোল দিয়ে বিশ্বকাপ শুরু জার্মানির
-
সই জাল কাণ্ডে কুণাল-অভিষেককে মুখোমুখি জেরা, বয়ানে অসংগতি সাংসদের! ফের তলবের ভাবনা সিআইডির
-
লেবানন নিয়ে ইজরায়েল-ইরানের মধ্যে মধ্যস্থতা, ‘আমরা শান্তির দোরগোড়ায়’, বার্তা ট্রাম্পের
-
ক্রিকেট মাঠে ফের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ ভারতের, পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু স্মৃতি-দীপ্তিদের
-
হাতের সঙ্গে জুড়ছে মমতার তৃণমূল? জল্পনার মাঝেই ২১ জুলাই ‘শহিদ তর্পণে’ রাহুলকে আনার প্রস্তুতি প্রদেশ কংগ্রেসের