শিলাজিৎ সরকার: সুপার কাপের শুরুতেই বিদেশিহীন ডেম্পোর কাছে হোঁচট খেতে হয়েছে ইস্টবেঙ্গলকে। ম্যাচ শেষ হয়েছিল ২-২ অবস্থায়। মঙ্গলবার লাল-হলুদের সামনে চেন্নাইয়িন এফসি। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ম্যাচটিতে জেতা ছাড়া আর কোনও রাস্তা নেই অস্কার ব্রুজোর দলের সামনে। তবে প্রত্যাবর্তনের ব্যাপারে আশাবাদী ইস্টবেঙ্গল কোচ। মরণ-বাঁচন ম্যাচের আগে তিনি কী বলে মশাল বাহিনীকে চাঙ্গা করলেন?
চেন্নাইয়ান ম্যাচের আগে গতবছরের এএফসি’র পারফরম্যান্সের প্রসঙ্গ টেনে এনে দলকে উদ্বুদ্ধ করেছেন তিনি। তাঁর কথায়, “এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম ম্যাচের কথা মনে করুন। আশানুরূপ ফলাফল হয়নি। পরবর্তীতে আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছিলাম। ছেলেদের সেটাই বুঝিয়েছি। ২০১০ সালের বিশ্বকাপে স্পেনও প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। সেই স্পেনই কিন্তু বিশ্বকাপ জিতেছিল। আমাদের তেমনই নির্ভুল ফুটবল খেলতে হবে।”
প্রশিক্ষণের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লাল-হলুদ হেডকোচ আরও বলেন, “চেন্নাইয়িন ম্যাচ আমাদের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচ। আমাদের দল খারাপ খেলেনি। ওরা সুসংহতই রয়েছে। তবে মনঃসংযোগের অভাব আমাদের ভুগিয়েছে। সেই কারণে পুরো ৯০ মিনিট নিখুঁত ফুটবল খেলতে হবে। কোনওভাবেই মনঃসংযোগ হারালে চলবে না।”
উল্লেখ্য, সুপার কাপের প্রথম ম্যাচে ২৭ মিনিটে খেলার গতির বিরুদ্ধে গিয়ে মহম্মদ আলির গোলে এগিয়ে যায় ডেম্পো। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই মহেশ সিংয়ের গোলে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। ৫৭ মিনিটে ব্যবধান বাড়ান মিগুয়েল। ৮৯ মিনিটে রেনের গোলে সমতায় ফেরে ডেম্পো। ২-২ অমীমাংসিত অবস্থায় শেষ হয় ম্যাচ। অন্যদিকে, মোহনবাগানের কাছে ০-২ গোলে হেরে সুপার কাপ অভিযান শুরু হয়েছে ক্লিফোর্ড মিরান্ডার চেন্নাইয়িন এফসি’র। ২০২৩ সালে ওড়িশা এফসি’কে সুপার কাপ এনে দেওয়া কোচ মিরান্ডা চাইবেন ইস্টবেঙ্গলকে রুখে দিয়ে সুপার কাপে পয়েন্টের খাতা খুলতে। প্রসঙ্গত, ম্যাচটি এআইএফএফ-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে।
সর্বশেষ খবর
-
অসহিষ্ণু বিশ্বে এভাবেও ছিন্নমূল প্রেমের গল্প বলা যায়, ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’য় দেখালেন ইমতিয়াজ
-
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎকে পরপর চড়, জয়পুরে বিক্ষোভে চরম হেনস্তা! তুঙ্গে উত্তেজনা
-
বিশ্বকাপে ইবোলার থাবা? রোনাল্ডোদের বিরুদ্ধে খেলবে ‘আক্রান্ত’ কঙ্গো, কী করবে ট্রাম্প প্রশাসন?
-
যোগদিবসের আগে যোগাভ্যাসে ব্যস্ত অঙ্কুশ, ‘ময়ূরাসন’ বলে টিপ্পনি সায়ন্তিকার, রসিকতা মিমিরও
-
এবার মিলবে পাহাড় সমস্যার স্থায়ী সমাধান! মঙ্গলেই জোড়া কর্মসূচিতে কার্শিয়াংয়ে শুভেন্দু