সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি ভারত-ইংল্যান্ড সিরিজের মধ্যে বারবারই খবরের শিরোনামে উঠে আসছে একটা বিষয়৷ ক্রিকেটারদের চোট৷ ঋদ্ধিমান সাহা থেকে লোকেশ রাহুল, শিখর ধাওয়ান থেকে রোহিত শর্মা, একে একে চোটের কবলে পড়েছেন প্রথম একাদশের তারকারা৷ ফলে তিনটি টেস্টে দলেও পরিবর্তন আনতে হয়েছে৷ সিরিজ যত গড়াচ্ছে চোটের তালিকা ততই বেড়ে চলেছে৷ এবার সেই তালিকায় ঢুকলেন মহম্মদ শামি এবং অজিঙ্কা রাহানে৷
বুধবার দলের বাকিরা যখন প্র্যাকটিসে ব্যস্ত, তখন শামি ছিলেন নিশ্চুপ৷ নেটে বল হাতে দৌড়লেন না৷ ব্যাপারটা কী? মিডিয়ার সামনে এসে ক্যাপেটন কোহলি ব্যাপারটা খোলসা করে জানালেন, বাংলার পেসারকে নিয়ে সমস্যা দেখা দিয়েছে৷ মুম্বইয়ে হয়তো তিনি খেলছেন না৷ অস্ত্রোপচার করে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন৷ বিরাট বলেন, “আমরা শামির ব্যাপারে কোনও ঝুঁকি নেব না৷ সামনে প্রচুর ম্যাচ৷ মোহালিতে চোট পেয়েছিল৷ এখনও পুরোপুরি ফিট নয়৷ তাই ওকে আমরা রাখতে চাইছি না৷” তাঁর পরিবর্তে দলে ঢুকবেন ভুবনেশ্বর কুমার৷ এদিকে হাতের আঙুলে চোট পাওয়ায় বাকি সিরিজ থেকেই ছিটকে গেলেন ফর্মে থাকা রাহানেও৷ ফলে ডেকে নেওয়া হল মনীশ পাণ্ডেকে৷
এমনিতেই সিরিজে ভারত ২-০-তে এগিয়ে৷ বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা চতুর্থ টেস্ট জিতলেই সিরিজ বিরাটের পকেটে চলে আসবে৷ এমনিতেই ওয়াংখেড়েতে তৃতীয় দিনের পর থেকে বল ঘুরতে শুরু করে৷ কোহলি তা জানেন বলেই চাইছেন টস জিততে৷ যাতে শুরুতে রানের বোঝা ইংরেজদের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়৷
চতুর্থ টেস্ট শুরুর আগে অনেকটা বিশ্রাম পেল দুই দল৷ কোহলি জানিয়ে দিলেন, তাঁরা অনেকটাই ফ্রেশ হয়ে নামবেন৷ “মাঝে ৭-৮ দিন বিশ্রাম পেল সকলে৷ ফলে মানসিক দিক দিয়ে পুরো দল ফিট৷ আশা করি ধারাবাহিকতা বজায় রাখা খুব একটা সমস্যা হবে না৷ এই ম্যাচটা জিতলে আমাদের সিরিজ জেতা হয়ে যাবে৷ সেই লক্ষ্যেই নামব৷” এদিকে, বাকি দুই টেস্টের জন্য বিসিসিআই-কে এক কোটি ৩৩ লক্ষ টাকা ব্যয় করার অনুমতি দিল সুপ্রিম কোর্ট৷
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’