সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপাতত স্বপ্ন রাজ্যে বাস করছেন ১৮ বছরের শিবানী কাটারিয়া৷ অনেক বছর আগে দেখা স্বপ্ন যে এভাবে সত্যি হবে, ভাবতেই পারেননি৷ খবরটা পেয়ে তাই প্রথমে বিশ্বাসও করতে পারেননি৷ কী খবর? ১২ বছর পর একমাত্র ভারতীয় মহিলা হিসেবে রিও ওলিম্পিকের ছাড়পত্র পেয়েছেন এই সাঁতারু৷
২০০৪ সালে এথেন্স ওলিম্পিকের পর কোনও ভারতীয় মহিলা সাঁতারে অংশ নিতে চলেছেন৷ ২০০ মিটার ফ্রি স্টাইল বিভাগে দেশকে প্রতিনিধিত্ব করবেন শিবানী৷ ওলিম্পিক কোয়ালিফায়ারে কোনও সাঁতারুই কোয়ালিফাই করতে পারেননি৷ একমাত্র শিবানীকেই ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে ওলিম্পিকে অংশ নেবেন৷ কারণ একটাই৷ তাঁর শেখার আগ্রহ৷

বাড়ির মেয়ে এত অল্প বয়েসে রিও যাচ্ছে৷ তাই হরিয়ানার বাড়িতে এখন উৎসবের আমেজ৷ শিবানী নিজেও জানিয়েছেন, একদিন যে পেশাদার সাঁতারু হয়ে উঠবেন, তার আগে কখনও ভাবেননি৷ নেহাত শখেই মাঝে মধ্যে সাঁতার কাটতেন৷ ৬ বছর বয়সে বাড়ির কাছেই সামার ক্যাম্পে সাঁতারে অংশ নিয়েছিলেন৷ তারপর থেকেই তাঁর জীবনে সাঁতারের গুরুত্বটা অনেক বেশি মূল্যবান হয়ে ওঠে৷ ছোট্ট শিবানীর পাশে দাঁড়িয়েছিলেন তার বাবা-মাও৷ মেয়ের স্বপ্নকে অত্যন্ত যত্নের সঙ্গে বড় হওয়ার সুযোগ দিয়েছেন তাঁরা৷ আজ তারই প্রতিদান হিসেবে রিওর টিকিট বাবা-মায়ের হাতে তুলে দিলেন শিবানী৷
২০১৩ সাল থেকে লাগাতার ভাল পারফরম্যান্সের সুবাদেই রিওর ছাড়পত্র পেলেন শিবানী৷ তিনি বলেন, “দিনে তিনবার অনুশীলন করতাম৷ সারাদিনে ঘুম আর খাওয়া বাদ দিলে সাঁতারই ছিল ধ্যান-জ্ঞান৷” মেয়ের সাফল্যে আপ্লুত শিবানীর মা মীনা কাটারিয়া জানালেন, প্রশিক্ষণের জন্য এক বছর বাইরেই ছিলেন মেয়ে৷ চলতি মাসেই বাড়ি ফিরেছেন৷ এবার রিও পাড়ি দিচ্ছেন৷ পুরো বিষয়টা তাঁর কাছে অত্যন্ত গর্বের৷ শিবানী যদিও রিওর মঞ্চকে শিক্ষার মঞ্চ হিসেবেই গণ্য করছেন৷ ২০২০ টোকিও ওলিম্পিকে যাতে দেশকে পদক এনে দিতে পারেন, সেই লক্ষ্যেই রিও যাচ্ছেন হরিয়ানার এই সাঁতারুর৷
সর্বশেষ খবর
-
দলে ভাঙনের মধ্যেই সোনিয়া সাক্ষাতে মমতা, কী কথা হল?
-
রাজ্য মন্ত্রিসভার দপ্তর বণ্টন মুখ্যমন্ত্রীর, কে কোন বিভাগের মন্ত্রী হচ্ছেন?
-
অন্ধকারে আলোর রেখা! প্রীতি ম্যাচ ৩৬ ধাপ উপরে থাকা তাজিকিস্তানের বিরুদ্ধে ড্র ভারতের
-
সুজিত বসুর পর উজ্জ্বল বিশ্বাস, গ্রেপ্তার আরও এক প্রাক্তন মন্ত্রী, এবার ত্রাণচুরির অভিযোগ
-
রাজস্থানে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ঝলসে মৃত অন্তত ৭