দেবাশিস সেন, অ্যান্টিগা: ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম টেস্টেই জয়৷ উচ্ছ্বাসে ভাসছেন বিরাট কোহলি৷ নিজে ডবল সেঞ্চুরি করেছেন৷ জয়ের ভিত গড়ে দিয়েছেন দলের৷ তবু তাঁর মুখে শুধুই সতীর্থদের প্রশংসা৷ ওয়েস্ট ইন্ডিজকে চারদিনে গুঁড়িয়ে দেওয়ার পর ভারত অধিনায়ক বলছিলেন, “আমরা যখন পাঁচ ব্যাটসম্যান খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন একটা কথাই মাথায় ছিল, জিততে হবে৷ আমরা সব ম্যাচই জেতার জন্য মাঠে নামি৷ এটাই আমাদের লক্ষ্য৷ এই দলের যা দক্ষতা আছে, তাতে না জেতাটাই আশ্চর্য৷”
তিনি আরও জানিয়েছেন, এই উইকেটে রান করাটা মোটেই সহজ ছিল না৷ ক্যারিবিয়ান বোলাররা প্রথম দিকে চমৎকার বোলিং করেছে৷ কিন্তু অধিনায়ক হিসাবে তিনি সব সময়ই পজিটিভ ছিলেন৷ বললেন, “আমি চেয়েছিলাম যত দ্রুত সম্ভব রান তুলতে৷ যাতে আমাদের বোলাররা বিপক্ষকে আউট করার জন্য পর্যাপ্ত সময় পায়৷ সেই কারণেই আমরা পাঁচ বোলার নিয়ে মাঠে নেমেছিলাম৷” কোহলির মুখে ভারতের তিন পেসার মহম্মদ সামি, ইশান্ত শর্মা এবং উমেশ যাদবের প্রশংসাও শোনা গেল৷ বিশেষ করে সামির৷ দীর্ঘদিন পর চোট সারিয়ে দলে ফিরেছেন বাংলার এই পেসার৷ তা সত্ত্বেও যে পারফরম্যান্স তিনি করলেন, তাতে মুগ্ধ অধিনায়ক৷ একইসঙ্গে বিরাট প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনকেও৷ অশ্বিনই এই টেস্টের নায়ক৷ ব্যাটে সেঞ্চুরির পর বল হাতে দ্বিতীয় ইনিংসে সাত উইকেট৷ অশ্বিন বলছিলেন, “প্রথম ইনিংসে আমি সেভাবে ছন্দ খুঁজে পাইনি৷ সেই কারণেই একটা উইকেটও তুলতে ব্যর্থ হয়েছিলাম৷ কিন্তু দ্বিতীয় ইনিংসে অনিল কুম্বলের পরামর্শে নিজেকে ফিরে পেয়েছি৷ আশা করছি, এই ধারাবাহিকতা বজায় থাকবে৷” ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার বলেছেন, “আমরা ভাল বোলিং করতে পারিনি৷ সেই কারণেই হারতে হল৷”
(ছবি: প্রতিবেদক)
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার