স্টাফ রিপোর্টার: এবার প্রকাশ্যে আইএফএ-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলল মোহনবাগান। সেই সঙ্গে সবুজ-মেরুনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, আইএফএ যথাযথ পদক্ষেপ না নিলে বাংলা ছেড়ে ভিনরাজ্যে চলে যেতে তারা দ্বিধা করবে না। ব্যাপারটা দেখভালের জন্য বৃহস্পতিবার পাঁচজনের একটি কোর কমিটিও গড়া হল। কমিটিতে রয়েছেন সচিব অঞ্জন মিত্র, সহ-সচিব সৃঞ্জয় বোস, অর্থ-সচিব দেবাশিস দত্ত, ফুটবল-সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায় ও মাঠ-সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়। এই পাঁচজন যে সিদ্ধান্ত নেবেন তাই মেনে নেবে ক্লাব কর্তৃপক্ষ।
[ঘানার কাছে হেরে যুব বিশ্বকাপের স্বপ্ন শেষ ভারতের]
পুজোর আগে চতুর্থীতে শিলিগুড়িতে অনুষ্ঠিত কলকাতা লিগের ডার্বিতে একটা পেনাল্টিকে ঘিরেই যাবতীয় বিতর্ক শুরু। মোহনবাগানের দাবি, ইস্টবেঙ্গলকে দেওয়া সেদিনের পেনাল্টি ন্যায্য ছিল না। লাইন্সম্যানের প্ররোচনাতেই রেফারি পেনাল্টি দিতে বাধ্য হন। দুই প্রধানের খেলার পর মোহনবাগান ক্লাবকর্তারা মাঠেই ক্ষোভে ফেটে পড়েছিলেন। জানিয়ে দিয়েছিলেন, এভাবে চলতে পারে না। অবশেষে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল বৃহস্পতিবার। এদিন ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা ডাকা হয়েছিল। সেই সভায় সদস্যরা আক্রমণাত্মক ভঙ্গিতে জানিয়ে দেন, আইএফএ-র সঙ্গে থাকার কোনও প্রয়োজন নেই। পারলে ভিনরাজ্যের অ্যাফিলিয়েশন নেওয়া হোক। সেই রাজ্যের লিগে যোগ দেবে মোহনবাগান। অর্থাৎ একশো বছরের ওপর সম্পর্ককে ছিন্ন করে ভিন রাজ্যের দিকে পা ফেলতে চায় সবুজ-মেরুন ক্লাব। এদিনের সভায় ক্লাবের পক্ষ থেকে কার্যনির্বাহি কমিটির সদস্যদের এও জানানো হয়, চারটে রাজ্য জানিয়ে দিয়েছে সরাসরি মোহনবাগানকে অনুমোদন দিতে অসুবিধা নেই। বাকি সদস্যরা তাতে সহমত পোষণ করেন। বলেন, আইএফএ ছেড়ে অন্যত্র চল।
প্রশ্ন ওঠে, ক্লাব সদস্যরা তা মানবেন কেন? তাঁরা দলের খেলা দেখা থেকে বঞ্চিত হবেন? তখন আশ্বস্ত করা হয়, আই লিগ মোহনবাগান নিজেদের মাঠে খেলবে। তখন সদস্যরা ক্লাবের কার্ড দেখিয়ে খেলা দেখতে পারবেন। তারজন্য ১৬ অক্টোবরের পর থেকে ক্লাবের মাঠে কাজ শুরু হবে। তাই পাঁচজনের একটা কোর কমিটি গড়া হয়েছে। কমিটি ঠিক করবে আদৌ ক্লাব আইএফএ-র সঙ্গে থাকবে নাকি ভিন রাজ্যে চলে যাবে। এদিন সভার পর ক্লাবের পক্ষ থেকে সচিব অঞ্জন মিত্র বলছিলেন, “আইএফএ আমাদের সঙ্গে সব ক্ষেত্রে বিরোধিতা করে আসছে। এবছর চরম আকার নেয়। কিছু প্রমাণও আমরা পেয়েছি। ক্রীড়াসূচি তৈরি করা থেকে, রেফারি পোস্টিং, সব জায়গাতেই দুর্নীতির আখড়া চরম আকার নিয়েছে। তাই ঠিক করেছি, এভাবে চলতে পারে না। কমিটি বিষয়টা দেখভাল করবে। তেমন হলে আমরা জরুরি ভিত্তিতে সাধারণ বার্ষিক সভা ডাকব। সদস্যদের মতামত বাদ দিয়ে কোন সিদ্ধান্ত নেবে না।” এরপর প্রশ্ন তুলে দিলেন দেবাশিস দত্ত, “কেন ক্রীড়াসূচি লটারির মাধ্যমে হয়না? ক্রীড়াসূচি তৈরির সময় কেন ক্লাব প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করা হয় না? মিজোরাম যেভাবে উন্নতি করছে সেখানে আমরা পারছি না কেন?”
[ফের একবার রণবীর-অভিষেকদের মুখোমুখি হতে চলেছেন বিরাট-ধোনিরা]
আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় মোহনবাগানের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জানিয়েছেন, “মোহনবাগান যদি আইএফএ-র বিরুদ্ধে আনা অনৈতিকের বিরুদ্ধে প্রমাণ দাখিল করতে পারে, তাহলে আমরা প্রকাশ্যে তা তুলে ধরতে দ্বিধা করব না। অবশ্যই অনৈতিকের বিরুদ্ধে অনুসন্ধান চালাব। তবে আমরা মনে করিনা, মোহনবাগান দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে ভিনরাজ্যে যাবে। শুধু মোহনবাগান নয়, বাংলার কোনও ক্লাব এমন চরম সিদ্ধান্ত নেবে না।” এদিনের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, মোহনবাগান এবার কলকাতায় অনুষ্ঠিত ডুরান্ড কাপে অংশ নেবে। এদিকে, সোহিনী মিত্রকে এদিন ক্লাবের ফুটবল কমিটির ডিরেক্টর বোর্ডে নিয়ে আসা হল। ঠিক হয়েছে, ক্লাবের অন্যতম জুনিয়র ফুটবলার রহিম আলি-সহ গোটা ভারতীয় দলকেই অভিনন্দন জানিয়ে চিঠিও পাঠানো হবে।
[অবসরের সিদ্ধান্ত জানানোর পরই আবেগময় টুইট নেহরাকে ঘিরে]
সর্বশেষ খবর
-
নির্দল থেকে চেয়ারম্যান পদে! তৃণমূলের সমর্থনে কামারহাটির পুরপ্রধান লকেটের দাদা
-
বিধায়কদের ক্লাস করাতে এসে শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ ওম বিড়লা! মুখ্যমন্ত্রীর নিশানায় বাম-তৃণমূল
-
বিজ্ঞান জগতেও সমাদৃত শ্যামাপ্রসাদ! নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার নামকরণে ‘ভারত কেশরী’
-
ব্রিজে ওঠার মুখে গাড়ির উপর ভেঙে পড়ল লোহার বার, বন্ধ বাগুইআটি ফ্লাইওভার
-
মিলবে ৫০ শতাংশ এরিয়ার! রাজ্য সরকারের সিদ্ধান্তে পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর