‘একলা চলো রে…।’
জিমন্যাস্ট প্রণতি নায়েকের কাছে ‘একলা’ লড়াইয়ে নামা নতুন কোনও বিষয় নেই। সেই কবে পরিবার-পরিজনকে ছেড়ে একাই মেদিনীপুর থেকে হাজির হয়েছিলেন কলকাতা সাইয়ে। তারপর একটু একটু করে ভারতীয় জিমন্যাস্টিক্সে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার সঙ্গে যেন বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের একমাত্র প্রতিনিধি হওয়াটাও ভবিতব্য হয়ে উঠেছে এই বাঙালি জিমন্যাস্টের। পাঁচ বছর আগে টোকিও অলিম্পিকে একাই গিয়েছিলেন প্রণতি। এবার সেই জাপানের মাটিতেই এশিয়ান গেমসে ভারতের একমাত্র জিমন্যাস্ট হিসেবে যাচ্ছেন তিনি। শুধু তাই নয়, জিমন্যাস্টিক্সের জন্য কোনও সাপোর্ট স্টাফও নেই ক্রীড়ামন্ত্রক অনুমোদিত ভারতীয় স্কোয়াডে। প্রণতির সঙ্গে দলে আছেন শুধুমাত্র তাঁর কোচ অশোক মিশ্র। অর্থাৎ কোনও ফিজিক্যাল ট্রেনার বা ফিজিও ছাড়াই যাচ্ছেন তিনি। বিষয়টি অবশ্য নতুন নয় প্রণতির কাছে।
আরও পড়ুন:
“আমাদের দলে কখনোই কোনও ফিজিক্যাল ট্রেনার বা ফিজিও থাকে না। এবার কমনওয়েলথ গেমসেও ছিল না। শরীরে যেখানে যা টেপ লাগানোর প্রয়োজন হয়, পুরোটাই নিজেরা করি,” ভুবনেশ্বরে গেমসের প্রস্তুতির মাঝে ফোনে বলছিলেন প্রণতি, “এখন আর এসব নতুন কিছু নয় আমার কাছে। অনেক প্রতিযোগিতাতেই একা যাই। আগে টোকিও অলিম্পিকেও আমি ভারতের একমাত্র প্রতিনিধি ছিলাম। ফলে অভ্যাস হয়ে গিয়েছে। তাছাড়া কোচ থাকছেন আমার সঙ্গে। সেটাই আমার কাছে যথেষ্ট।” অতীতে অবশ্য এমন প্রতিযোগিতায় আইওএ-র তরফে ফিজিও বরাদ্দ করা হয়েছে প্রণতির জন্য। এবারও তেমন কিছু হবে বলে মনে করছেন তিনি। আর যদি তা নাও হয়, সমস্যা হবে না বলে প্রত্যয়ী প্রণতি। এর আগে তিনটে এশিয়ান গেমসেও খেলেছেন তিনি। সেই অভিজ্ঞতা জাপানে কাজে লাগানোই লক্ষ্য তাঁর।
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক পর্যায়ে দু’টো পদক পেয়েছেন প্রণতি। এবছর মে মাসে ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে রুপো। গতবছর এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ। দু’টো পদকই এসেছে ভল্ট টেবলে। এবার এশিয়ান গেমসেও এই ইভেন্টেই শুধু লড়বেন প্রণতি। সে জন্য একাধিক বিকল্প তৈরি রাখছেন তিনি। তাঁর কথায়, “কোন ভল্ট দেব, তা এখনও ঠিক করিনি। তবে কয়েকটা ভল্ট নিয়ে কাজ করছি। প্রতিযোগিতার দিন পরিস্থিতি বুঝে কোচের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।” এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদক জিতলেও এশিয়াড নিয়ে সাবধানী প্রণতি। “এখানে অলিম্পিক চ্যাম্পিয়নরাও খেলবে। ফলে পদক জয়ের লড়াই আরও কঠিন হতে চলেছে। আমিও সেই ভাবে প্রস্তুতি সারছি। তবে পদক নয়, আমার প্রাথমিক লক্ষ্য নিজের সেরাটা দেওয়া।” বুধবার জাপানের উদ্দেশে রওনা দেবেন প্রণতি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ময়দার দরকারই নেই! স্বাস্থ্যকর উপাদানে সহজেই বানিয়ে ফেলুন ৪ ধরনের মোমো
-
‘ট্রফিচোর নকভি’, এশিয়া কাপ ফাইনালে গ্যালারি থেকে তুমুল কটাক্ষ, পালিয়ে বাঁচলেন পাক বোর্ড প্রধান!
-
দেশেই আক্রান্ত কার্গিল যুদ্ধের বীর! অপারেশন সফেদ সাগরের ‘হিরো’কে বেধড়ক মারধর দুষ্কৃতীদের
-
স্ত্রীর মাথা কেটে ফ্রিজে, চলন্ত পুলিশভ্যান থেকে লাফ দিয়ে মৃত্যু অসমের সেই যুবকের
-
কালীঘাট মন্দিরে গয়না চুরিতে সিবিআই তদন্তের দাবি! এবার ‘সুপ্রিম’ দরবারে সাবর্ণ পরিবার