সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান দু’দেশের মধ্যে অশান্তির কথা কারও কাছেই আর অজানা নয়। কখনও কাশ্মীর ইস্যু, কখনও আবার সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন, আবার কখনও সীমান্তের ওপারে জঙ্গিগোষ্ঠীগুলিকে মদত দেওয়া- বিভিন্ন বিষয় নিয়ে দু’দেশের মতভেদ রয়েছে। সীমান্তে সন্ত্রাস বন্ধ না হলে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের কোনও প্রশ্নই উঠছে না। বিসিসিআইকে সাফ জানিয়ে দিয়েছিল কেন্দ্র। আর সে কারণেই বন্ধ হয়ে গিয়েছে দ্বিপাক্ষিক সিরিজের সমস্ত সম্ভাবনা। সেই নিয়েই আরও বড় সংঘাতে জড়িয়েছে দু’দেশের ক্রিকেট বোর্ড। প্রতিশ্রুতিমতো দ্বিপাক্ষিক সিরিজ না খেলায় এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছ থেকে প্রায় ৭০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ চাইতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনটাই জানা গিয়েছে পিসিবি মারফত। সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যেই আইসিসি-র কাছে আবেদন জানাবে তাঁরা।
[২ অক্টোবর আসছেন না মারাদোনা, পিছল ‘দাদা বনাম দিয়েগো’ ম্যাচও]
এর আগে ২০১৪ সালে দুই দেশের বোর্ড কর্তাদের মধ্যে একটি মউ চুক্তি সাক্ষরিত হয়। যাতে উল্লেখ ছিল, ২০১৫ থেকে ২০২২ পর্যন্ত মোট ছ’টি দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। কিন্তু দুই দেশের মধ্যে তিক্ত সম্পর্ক এবং সীমান্তে লাগাতার অশান্তির কারণে সেই সিরিজ বাস্তবায়িত হয়নি। পিসিবির প্রাক্তন চেয়ারম্যান শাহরিয়ান খান ভারতে এসে এ নিয়ে একাধিকবার আলোচনাও করেছেন। কিন্তু ফল সেই শূন্য। এমনকী বলা হয়েছিল, পাকিস্তানে সিরিজ আয়োজন না করে নিরপেক্ষ কোনও ভেন্যুতে খেলতেও রাজি পাক দল। তবে কেন্দ্রের সম্মতি না মেলায় কোনও উদ্যোগ নিতে পারেনি বিসিসিআই। যার ফলে বোর্ডের কাছে ক্ষতিপূরণ দাবি করতে চলেছে পাকিস্তান বোর্ড। ইতিমধ্যেই নাকি ভারতীয় বোর্ডের থেকে ৬০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করে নোটিস পাঠিয়েছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান। শোনা যাচ্ছে, বিশ্বের সবচেয়ে ধনী বোর্ডের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ১০০ কোটি টাকা মজুত রাখছে পিসিবি। সূত্রের খবর, খুব শীঘ্রই বোর্ডের তরফে বিসিসিআইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
[লা লিগা ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে চলেছে বার্সেলোনা!]
উল্লেখ্য, ২০১২ সালে শেষবার ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ আয়োজিত হয়েছিল। ভারতের মাটিতে সেই ওয়ানডে সিরিজে ২-১ জিতেছিল পাকিস্তান। টি-টোয়েন্টিতে ১-১ ড্র দিয়ে শেষ হয় সিরিজ। ২০১৫ সালে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে সামান্য আশার আলো দেখা গেলেও পাঠানকোট ও উরি হামলার পর সে সম্ভাবনাও পুরোপুরি মুছে যায়। যদিও এর আগেও মউ চুক্তি নিয়ে বিসিসিআই-এর বিরুদ্ধে গর্জে উঠেছিল পিসিবি। তবে লাভের লাভ কিছুই হয়নি।
সর্বশেষ খবর
-
নির্দল থেকে চেয়ারম্যান পদে! তৃণমূলের সমর্থনে কামারহাটির পুরপ্রধান লকেটের দাদা
-
বিধায়কদের ক্লাস করাতে এসে শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ ওম বিড়লা! মুখ্যমন্ত্রীর নিশানায় বাম-তৃণমূল
-
বিজ্ঞান জগতেও সমাদৃত শ্যামাপ্রসাদ! নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার নামকরণে ‘ভারত কেশরী’
-
ব্রিজে ওঠার মুখে গাড়ির উপর ভেঙে পড়ল লোহার বার, বন্ধ বাগুইআটি ফ্লাইওভার
-
মিলবে ৫০ শতাংশ এরিয়ার! রাজ্য সরকারের সিদ্ধান্তে পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর