স্টাফ রিপোর্টার: রোদ চশমা৷ তাই চোখের জল দেখা যাচ্ছিল না! কিন্তু দূর থেকে দেখে বলে দেওয়া যাবে কাঁদছেন ম্যাকো৷ সতীর্থরা কোলে তুলে নিতেই কান্না আরও বাড়ল৷ কোনওরকমে হাত দুটো তুলেছেন৷
আবেগকে আর কতক্ষণ বশীভূত করে রাখবেন! জানেন, ইচ্ছে করলেও আর বল হাতে বাইশ গজে ছুটতে পারবেন না৷ আলবিদা ক্রিকেট৷ বিদায় জানালেন ভালবাসাকে৷ ক’দিন আগে সৌরাশিস লাহিড়ী ইডেনের ওই ঘরটাতে বসে অবসর জানিয়েছিলেন৷ এবার সেই চেয়ারে শিবশঙ্কর পাল৷ পাশেই সৌরভ গঙ্গোপাধ্যায়, মনোজ তিওয়ারি, অভিষেক ডালমিয়া, বিশ্বরূপ দে-রা৷ স্মৃতির সরণি বেয়ে কখনও ভারতীয় দলে ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার গল্প, কখনও আবার প্রথমবার সৌরভের সঙ্গে খেলার স্মৃতি৷
মোহনবাগানের পক্ষ থেকে স্মারক তুলে দেওয়া হল৷ আরও বেশি নস্ট্যালজিক৷ কেরিয়ারের বেশির ভাগ সময়ই খেলেছেন মোহনবাগানের হয়ে৷ এমনকী ভারতের জার্সি গায়ে চাপানোও মোহনবাগানের হয়ে খেলার সময়৷ তাই এই ক্লাবের প্রতি আলাদা একটা টান অনুভব করেন ম্যাকো৷ বলছিলেন, “মোহনবাগান আমাকে অনেক কিছু দিয়েছে৷ একটা কথা প্রচুর শুনতাম, মোহনবাগান থেকে বেশিরভাগ ক্রিকেটার ভারতীয় দলে৷ আমার ক্ষেত্রেও সেটাই হয়েছিল৷”
জ্বর, ড্রেসিংরুমে শুয়ে রয়েছেন৷ পরশ মামরে হঠাৎ এসে বসেছিলেন, “আরে তুমি আমার প্রধান পেসার৷ তোমাকে খেলতেই হবে৷” মাঠে বমি করছেন৷ তারপরও পাঁচ উইকেট নিয়েছিলেন৷ সেইসব কথা মনে আসে৷ পরক্ষণেই সামনে রূঢ় বাস্তব৷ কাল থেকে সকালে উঠে আর মাঠে আসার তাড়া থাকবে না৷ সৌরভ, মনোজরা যখন স্মারক তুলে দিচ্ছেন, চোখের কোণায় আবারও জল৷ দূরে দাঁড়িয়ে স্ত্রী দেবিশ্রী৷ কোলে মেয়ে৷ হাতে সেই ম্যাচ বল৷ না, আজ থেকে আর বল হাতে দৌড়বেন না শিবশঙ্কর পাল৷
সর্বশেষ খবর
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, স্টুডিও পাড়ায় তোলাবাজির অভিযোগে ধৃত অরূপের ভাই
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন
-
৯ মাসের অন্তঃসত্ত্বার ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত! ভিডিও দেখে হতবাক নেটপাড়া, উঠল সমালোচনার ঝড়