সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ ম্যাচের জন্য নির্বাসিত দলের তারকা খেলোয়াড়। স্বাভাবিকভাবেই এ পরিস্থিতিতে ভেঙে পড়তে পারত যে কোনও দল। বিশেষত খেলা যখন চির প্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে। কিন্তু ফুটবলে তারকা খেলোয়াড়ের ক্যারিশমার থেকেও বোধহয় জরুরি হয়ে ওঠে কোচের কৌশলি মস্তিষ্ক। আর সে কোচ যদি জিনেদিন জিদান হয় তবে তো কোনও কথাই নেই। ভেঙে পড়া দূরে থাক, চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়েই স্প্যানিশ সুপার কাপ জিতে নিল রোনাল্ডো হীন রিয়াল মাদ্রিদ। ফাইনালে দুই লিগ মিলিয়ে ৫-১ ব্যবধানে জয়ী মাদ্রিদের ক্লাব।
রেফারিকে ধাক্কা দেওয়ার মতো গর্হিত অপরাধ। ফলে পাঁচ ম্যাচের নির্বাসন। দল থেকে রোনাল্ডোর ছিটকে যাওয়া। কিন্তু খেলোয়াড়ি জীবনের মতো, কোচের চেয়ারে বসেও এবারে ভেঙে পড়ার কোনও লক্ষণ ছিল না জিদানের। বরং সংকটের মুহূর্তে কীভাবে ম্যাচ করতে হয় তা তিনি ভালই জানেন। সে মাঠে হোক ও মাঠের বাইরে। দ্বিতীয় লেগে বার্সেলোনাকে ২-০ তে হারিয়ে সুপার কাপ জিতে নেওয়ার পর তাই জিদানের প্রশস্তি ছাড়া আর কিছু হাতে নেই ফুটবল দুনিয়ার। সাধারণত যে কোনও ম্যাচে লাইমলাইট কেড়ে নিয়ে যান তারকা খেলোয়াড়রা। কিন্তু এক্ষেত্রেও জিদানেরই জয়জয়কার। দায়িত্ব নেওয়ার পর কুড়ি মাসে রিয়ালকে সাতটি ট্রফি এনে দিয়েছেন তিনি।
এদিনের ম্যাচ নিয়ে তিনি বলেন, এই দলটার জেতার যে খিদে, সেটাই ইউএসপি। দলের প্রথমসারির অনেক খেলোযাড়কে ছাড়াই প্রথমার্ধে চোখ ধাঁধানো ফুটবল খেলে রিয়াল। এমনকী বার্সেলোনা প্রায় দাঁত ফোটাতেই পারেনি। রোনাল্ডোর পরিবর্ত হিসেবে মাঠে নামা মার্কো অ্যাসেনসিও এদিন সুযোগের পূর্ণ সদ্বব্যবহার করেছেন। ফুটবল দুনিয়ায় তিনিও যে উঠতি তারকা, এদিন বার্সেলোনার গোলে প্রথমেই বল জড়িয়ে দিয়ে তা প্রমাণ করে দিয়েছেন। প্রথমার্ধের শেষের দিকে ব্যবধান বাড়াতে কোনও ভুলচুক করেননি করিম বেঞ্জিমা। দ্বিতীয়ার্ধে বেশ খানিকটা চাঙ্গা দেখালেও, খেলায় আর ফিরতে পারেনি বার্সেলোনা।
সাফল্যের মুহূর্তেও অবশ্য কোচ জানেন, দৌড়টা বেশ বড়। তাই বললেন, “আমরা এভাবেই সাফল্য ধরে রাখতে চাই। কেননা এটা সবে শুরু। সামনে অনেকটা পথ অপেক্ষা করছে।”
সর্বশেষ খবর
-
বাবা-মা তুলে ওসিকে আক্রমণ, পুলিশি হাজিরার দিনও বিতর্কে হুমায়ুন
-
লড়াই করেও থামল আলজেরিয়ার রূপকথা, শেষ ষোলোয় সুইজারল্যান্ড, কবে স্পেন-পর্তুগাল দ্বৈরথ?
-
এটাই লাস্ট ডান্স, বিশ্বকাপ শেষেই অবসর রোনাল্ডোর! বোনের ঘোষণার নিয়ে মুখ খুললেন সিআর সেভেন
-
প্রিয়তমার সঙ্গে আদরে মাখামাখি! ভাইরাল ভিকি ক্যাটরিনার একান্ত ব্যক্তিগত মুহূর্তের ছবি
-
সরকারি বাসে বিনা খরচে যাতায়াতে লাগবে ‘পিংক কার্ড’, রইল অনলাইন ও অফলাইন আবেদনের পদ্ধতি