সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় কুস্তি সংস্থাকে পাল্টা দিলেন সুশীল কুমার! কিছু কর্তা সেরকমই বলছেন৷ সব কিছু ঠিকঠাক থাকলে পরের বছরই ডব্লুডব্লুইতে যোগ দেবেন সুশীল কুমার৷ ভারতীয় কুস্তির জন্য খবরটা ভাল না খারাপ, সেটাই এখন বুঝে ওঠা দায়!
ওলিম্পিকের আগে হাজারো কাজিয়ার পরও শেষমেশ নরসিংহ যাদবকেই রিওতে পাঠানোর সিদ্ধান্তে অনড় ছিল ভারতীয় কুস্তি সংস্থা৷ দেশকে ওলিম্পিকে পদক দেওয়ার পরও রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার এরকম মানসিকতায় বিরক্তি প্রকাশ করেছিলেন সুশীল৷ এর পর ডোপ কেলেঙ্কারিতে জর্জরিত হয়ে নরসিংহের আর রিওর রিংয়ে নামা হয়নি৷ নরসিংহের এই পরিণতির পিছনে সুশীলের ষড়যন্ত্র রয়েছে, এমনও কথা উঠেছিল৷ শেষ পর্যন্ত অবশ্য কিছুই প্রমাণিত হয়নি৷ তবুও ভারতীয় কুস্তি সংস্থা সুশীলকেই ‘ভিলেন’ করে তুলেছিল৷ সুশীলের বিরক্তিও দিন দিন বেড়ে যাচ্ছিল৷ তাই সংস্থাকে কার্যত পাল্টা জবাব দিতেই শেষমেশ তিনি প্রো-কেরিয়ার বেছে নিলেন বলে খবর৷
এর আগে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট-এ নাম লিখিয়েছিলেন গ্রেট খালি (দলীপ সিং)৷ এবার সুশীল৷ এর আগে অবশ্য সুশীলের মুখে কখনও প্রো-রেসলিংয়ে পা বাড়ানোর কথা শোনা যায়নি৷ তা হলে কী হঠাৎ করেই এমন সিদ্ধান্ত? সুশীলের বাণ্যিজিক কার্যকলাপ যিনি সামলান সেই রমন রাহেজা বলেছেন, অনেকদিন আগে থেকেই প্রো-রেসলিংয়ে কেরিয়ার গড়ার কথা ভাবছিলেন সুশীল৷ ডব্লুডব্লুই থেকে প্রস্তাব আসায় স্বাভাবিক ভাবেই আগ্রহ প্রকাশ করেন তিনি৷
ভারতীয় কুস্তি সংস্থার ছত্রছায়ায় বেড়ে ওঠা প্রো-রেসলিং লিগে এবার সুশীল অংশ নেবেন না৷ অর্থাৎ, ওলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর হাবেভাবে বুঝিয়ে দিচ্ছেন, তিনি রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সঙ্গে কোনওরকম সম্পর্ক রাখতেই ইচ্ছুক নন৷ ডব্লুডব্লুইর ট্যালেন্ট ডেভেলপমেন্ট প্রধান ক্যানন কেম্যান শনিবার নয়াদিল্লিতে সুশীলের এজেন্টের সঙ্গে আলোচনায় বসেছিলেন৷ তবে শোনা যাচ্ছে, অন্য বিভিন্ন প্রো-রেসলিং সংস্থার সঙ্গেও কথা বলছেন সুশীল৷
ডব্লুডব্লুইর তরফে নয়াদিল্লিতে একটি ফ্র্যাঞ্চাইজি খোলা হচ্ছে৷ সেখানে দেশের কমবয়সী কুস্তিগীরদের ট্রেনিং দেওয়া হবে৷ সুশীল সেই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থাকতে চাইছেন বলে খবর৷ কিন্তু কবে সুশীলকে ডব্লুডব্লুইর রিংয়ে দেখা যাবে তার নিশ্চিত উত্তর না পাওয়া গেলেও আগামী বছর থেকেই সুশীল রিংয়ে নামছেন এমন খবর শোনা যাচ্ছে সুশীলের ঘনিষ্ঠ মহলে৷
সর্বশেষ খবর
-
মোদির জন্মদিনে বঙ্গে একগুচ্ছ কর্মসূচি বিজেপির, দীর্ঘায়ু কামনা করে জ্বলবে প্রদীপ
-
শরণার্থী সমস্যায় ‘বিপন্ন’ ইউরোপ, প্রথমবার জার্মানির ভোটে ঐতিহাসিক জয় ‘হিটলারপন্থী’ দলের!
-
একই দিনে ভিন্ন দেশে দু’টো আলাদা ম্যাচে নামবে টিম ইন্ডিয়া! কেন গিল-শ্রেয়সদের এই অবস্থা?
-
‘মেরা ভি তো মন হ্যায়…’, এখনও ভারতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন ‘ব্রাত্য’ ভুবনেশ্বর
-
‘নবমীতে বাঙালি পাঁঠার মাংস খাবেই’, দুর্গাপুজোয় বাগেশ্বর বাবার আমিষ-বিতর্কে পালটা শমীকের