সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সেরা উইকেটকিপার কে? প্রশ্ন করলে বেশিরভাগ ক্রিকেটপ্রেমী উত্তরে বলবেন মহেন্দ্র সিং ধোনির নাম। স্ট্যাম্পিংয়ে ক্ষিপ্রতা থেকে শুরু করে ডিআরএস নেওয়ার সময় তাঁর সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সবেতেই সেরা ধোনি। কিন্তু ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী, মাহি নয় বাংলার ঋদ্ধিমান সাহাই বর্তমানে দেশের সেরা উইকেটকিপার। তবে সিএবি প্রেসিডেন্টের মতে, ধোনি ২০১৯ বিশ্বকাপে খেলবেনই, কারণ ভারতীয় দলে তিনি শুধু উইকেটকিপার নন, ভারত অধিনায়ক বিরাট কোহলির কাছে তিনি একজন নেতাও বটে। আর এটাই ধোনির প্লাস পয়েন্ট।
[২০০ তম ওয়ানডেতে সেঞ্চুরি করে একাধিক রেকর্ড ভাঙলেন বিরাট]
ধোনির বিশ্বকাপে সুযোগ পাওয়ার ব্যাপারে সৌরভ বলেন, ‘আমার মনে হয় ২০১৯ বিশ্বকাপে ধোনি খেলবে। ওর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল বিরাট ওঁকে দলে চায়। ৩৬ বছর বয়সি ধোনি এবং ২০০৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামা ধোনির মধ্যে আকাশ পাতাল তফাত। শুধু উইকেটকিপার হিসেবে নয়, একজন প্রকৃত নেতা হিসেবেই কোহলির ওঁকে প্রয়োজন। কারণ স্টাম্পের পিছনে দাঁড়ানোয় গোটা মাঠ ধোনির নজরে থাকে।’
[টেস্ট ক্রিকেট থেকে কবে বিদায় নেবেন, জানিয়ে দিলেন অশ্বিন]
কিন্তু এরপরই ধোনির সঙ্গে ঋদ্ধিমানের তুলনা করে বলেন, ‘ধোনি আলাদা, আর এজন্যই ও সফল। সময় যত এগিয়েছে ও আরও ক্ষুরধার হয়েছে। কিন্তু আমাদের ঋদ্ধিমানের দিকেও নজর রাখতে হবে। উইকেটকিপিংয়ের দিক থেকে ধোনির তুলনায় ঋদ্ধি এগিয়ে। দেশে এখন ওই সেরা উইকেটকিপার। পাশাপাশি ৬-৭ নম্বরে নেমে দুর্দান্ত ব্যাটিংও করতে পারে।’ এদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে কে এল রাহুলকে দল থেকে বাদ দেওয়াটা একদমই উচিত হয়নি, এমনটাই মত সৌরভের।
সর্বশেষ খবর
-
দুই বিদেশি মহিলাকে অপহরণ করে গণধর্ষণ, পাকিস্তানের নাক কাটল খোদ উপপ্রধানমন্ত্রীর আত্মীয়
-
এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি! জ্যোতিপ্রিয়র মেয়ে প্রিয়দর্শিনীর ‘কীর্তি’তে জোর শোরগোল
-
নির্বাচনে সুপ্রিম হস্তক্ষেপ চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি ইন্ডিয়া জোটের! বিজেপি বলছে, ‘গণতন্ত্রকে অস্বীকারের চেষ্টা’
-
কলম্বিয়ার কাছে হার ঘানার, নিজের দেশকে ‘বাঁচাতে’ পারলেন না ওঝা! শেষ ষোলোয় কার বিরুদ্ধে কে?
-
বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ! জেলায় জেলায় লাল সতর্কতা, উত্তাল হতে পারে সমুদ্র