সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের সিদ্ধান্তের পর নগদের হাহাকারে বিপাকে পড়েছিল এ দেশের বহু বিবাহ আসর৷ সমস্যা সমাধানে মঞ্চে নামে কেন্দ্র৷ জানানো হয়, বিয়ের কার্ড দেখালে ব্যাঙ্ক থেকে একসময়ে আড়াই লক্ষ টাকা তুলতে পারবে পাত্র-পাত্রীর পরিবার৷ সামনেই মডেল-অভিনেত্রী হেজেল কিচের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন যুবরাজ সিং৷ তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে সোজা সংসদভবনে পৌঁছে গেলেন যুবি৷ হলটা কী? তবে কি তিনিও নগদ সমস্যায় ভুগছেন?
না, তেমন কিছুই নয়৷ চলতি মাসের ৩০ তারিখ চণ্ডীগড়ে বিয়ের পিঁড়িতে বসবেন ভারতীয় অলরাউন্ডার ও হেজেল৷ ২ ডিসেম্বর গোয়ায় আবার হিন্দু মতে বিয়ে করবেন তাঁরা৷ আর সেই বিবাহ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতেই বিয়ের কার্ড হাতে বৃহস্পতিবার সংসদভবনে যান তিনি৷ সঙ্গে ছিলেন মা শবনম সিংও৷ বিরোধীরা যখন মোদির নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে, তখন যুবরাজ চান, বিয়েতে উপস্থিত থেকে তাঁকে ও বেটারহাফ হেজেলকে আশীর্বাদ করুন মোদি৷ এর আগে নিজের বিয়েতে আমন্ত্রণ জানাতে মোদির সঙ্গে দেখা করেছিলেন ভারতীয় স্পিনার হরভজন সিংও৷
ইতিমধ্যেই ইন্দোনেশিয়ার বালিতে বাগদান সম্পন্ন হয়েছে যুবি ও হেজেলের৷ এবার পাকাপাকিভাবে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন ছ’বলে ছ’ছক্কার মালিক৷ ৬ ও ৭ ডিসেম্বর দিল্লিতে প্রীতিভোজের আয়োজন করা হচ্ছে৷ সেখানে রাজনীতিবিদ, বলিউড তারকা এবং খেলার দুনিয়ার বহু বিশিষ্টজনের উপস্থিত থাকার কথা৷ তবে এত ডামাডোলের মধ্যে প্রধানমন্ত্রী হাজির হন কি না, সেটাই দেখার৷
সর্বশেষ খবর
-
কালীবেশে নিতম্ব প্রদর্শনে ‘ভাবাবেগে আঘাত’, বিতর্কের ঝড় উঠতেই মুখ খুললেন নৃত্যশিল্পী
-
দিঘায় ভেসে এল রহস্যময় বস্তু! পর্যটকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য
-
কাজ ঢের, কর্মী কম, ‘আবাস যোজনা’য় সমীক্ষার মেয়াদ ১৫ দিন বাড়ালেন মন্ত্রী দিলীপ
-
মানুষ আর বিড়ালের সম্পর্ক, মার্জার সরণী ধরে
-
‘ঘূর্ণি উইকেটে ওরা হোয়াইটওয়াশ হয়েছে’, ভারতকে ‘খোঁচা’ দিয়েও কাকে ‘ভয়’ শ্রীলঙ্কা অধিনায়কের?