সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণ মানুষের সুবিধা করতে প্রায় ১০ লক্ষ কুইন্টাল পিঁয়াজ কিনেছিল রাজ্য সরকার৷ কিন্তু হিতে বিপরীত হল৷ সঠিক বিপণনের অভাবে পচল প্রায় ৭ লক্ষ কুইন্টাল পিঁয়াজ৷ তা সরাতে খরচ হচ্ছে আরও প্রায় ৬.৭ কোটি টাকা৷ এই বিপুল ক্ষতির দরুণ প্রশ্নের মুখে পড়েছে মধ্যপ্রদেশ সরকার৷
জানা যাচ্ছে, গত মে মাসে চাষিদের থেকে ৬ টাকা কেজি দরে প্রায় ১০ লক্ষ কুইন্টাল পিঁয়াজ কিনেছিল রাজ্য সরকার৷ উদ্দেশ্য ছিল, আরও কম দামে তা সাধারণ ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়া৷ ফেয়ার প্রাইস শপের মাধ্যমে তা বিক্রি করার পরিকল্পনা নেওয়া হয়েছিল৷ কিন্তু সংরক্ষণ ব্যবস্থা উপযুক্ত না হওয়ায় বাধল গণ্ডগোল৷ জুলাই থেকেই পচতে শুরু করেছিল পিঁয়াজ৷ এমনকী পরের দিকে কেজি প্রতি এক টাকা দরে পিঁয়াজ বিক্রি করতে চাইলেও ক্রেতা পায়নি সরকার৷
সরকারি তরফে এই গাফিলতি একরকম স্বীকারই করে নেওয়া হয়েছে৷ যদিও তাতে ক্ষোভ মিটছে না৷ ফেয়ার প্রাইস শপের মালিকরা বলছেন, সঠিকভাবে বিপণনের ব্যবস্থাই করতে পারেনি সরকার৷ তাই এত পিঁয়াজ পচে গেল৷ অন্যদিকে বিপিএল তালিকায় থাকা সাধারণ মানুষ জানাচ্ছেন, ১ টাকা কেজি পিঁয়াজ পাওয়ার কথা তাঁরা শুনেছিলেন মাত্র৷ কিন্তু প্রতিশ্রুতিমতো বাস্তবে গিয়ে আর তা পাননি৷ অথচ সবার অলক্ষে থাকা ১০ লক্ষ কুইন্টাল পিঁয়াজ পচল৷ যা সরাতে এখন রাজ্য সরকারকে গচ্চা দিতে হচ্ছে আরও ৬.১৭ কোটি টাকা৷ বিপুল পরিমাণ পিঁয়াজ নষ্টের প্রভাব সারা দেশের বাজারেই পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
‘বহিষ্কারের চিঠি বৈধ নয়’, তৃণমূলের সংবিধান তুলে ঋতব্রত-প্রশ্নে জবাব স্পিকারের
-
সময়ের ধুলো ঝেরে ঝকঝকে ঋত্বিকের কালজয়ী কীর্তি, লন্ডনে দেখানো হবে ‘অযান্ত্রিক’ সহ ৮ সিনেমা
-
১৫ বছর বয়সেই কোটি কোটি সম্পত্তি, নাবালক বৈভবকে কি আয়কর দিতে হয়?
-
দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, হরমুজ হাহাকারে মিলবে জ্বালানি সমাধান?
-
প্রয়াত পদ্মশ্রী সাহিত্যিক রবিলাল টুডু, রোগভোগের পর না ফেরার দেশে ‘বীর বীরসা’র স্রষ্টা