সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি যে দেশপ্রেমিক তা বরাবরই কথায় ও কাজে প্রমাণ করেছেন৷ তবে মাঝেমধ্যেই গুজব উঠেছে, এই দেশভক্তি নাকি নেহাতই ছবির প্রমোশনের খাতিরে৷ সেই সংশয় উড়িয়ে এবার সেনা পরিবারের হাতে ৮০ লক্ষ টাকা তুলে দিলেন অক্ষয় কুমার৷
দেশে পাঠানকোট হামলার পর, তিনি পাকিস্তানে ঢুকে জঙ্গিদের মারার ডাক দিয়েছিলেন৷ বলেছিলেন, প্রত্যাঘাত করার সময় এসেছে৷ দেশের তরুণ প্রজন্মও তাই-ই চাইছে বলে অভিমত ছিল তাঁর৷ সন্ত্রাস প্রসঙ্গে তাঁর কড়া মনোভাব কখনও লুকিয়ে রাখেননি৷ তবে নিন্দুকের অভাব নেই৷ আর তাই অনেকেই বলেছেন এসবই আসলে ‘এয়ারলিফট’ বা ‘রুস্তম’-এর মতো সিনেমা হিট করানোর কৌশল৷ কিন্তু অক্ষয় যে অন্য ধাতুতে গড়া মানুষ তার প্রমাণ রাখেন মাঝেমধ্যেই৷ এর আগে মহারাষ্ট্রের খরা কবলিত মানুষদের আর্থিক সাহায্য করেছিলেন তিনি৷ এবার দেশের বেশ কয়েকটি সেনা পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকা করে মোট ৮০ লক্ষ টাকা তুলে দিলেন তিনি৷
কেন হঠাৎ সেনাদের জন্য কাজ করতে গেলেন বলিস্টার? অক্ষয়ের জবাব, “দেশকে ওঁরা নানা অন্যান্য সম্মানে ভরিয়ে তুলেছেন৷ সম্মানের অভাব নেই ওঁদের, কিন্তু ওঁদের তো অর্থেরও প্রয়োজন আছে৷ তাই এই ভাবনা৷” সেই সঙ্গে তিনি জানান, সকলে যে তাঁর এই কাজ লক্ষ্য করেছে তা জেনে তাঁর ভালই লাগছে৷
বলি অভিনেতারা নানাভাবে সমাজকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন৷ তবে অক্ষয় যেভাবে সেনাদের পাশে দাঁড়ান, যেভাবে তাঁদের সমর্থন করেন, তার তুলনা মেলে না৷ স্রেফ প্রমোশন নয়, ইমোশনেও যে সত্যি তিনি দেশকে ভালবাসেন তাই-ই যেন আরও একবার কাজে করে দেখালেন অক্ষয়৷
সর্বশেষ খবর
-
অবশেষে সুখবর দিল হাওয়া অফিস, নিনো ভ্রুকুটির মাঝেই দেশে ঢুকেছে বর্ষা!
-
রাহুলের মৃত্যুতে আচমকা বন্ধ ‘চিরসখা’, দুমাস পর ছোট পর্দায় প্রত্যাবর্তন ‘কমলিনী’র, কোন ভূমিকায় অপরাজিতা?
-
সোনা বিক্রি করে ডলার কেন? আরবিআইয়ের পদক্ষেপ কতটা স্বাভাবিক ও প্রয়োজনীয়
-
মমতার পাশ থেকে সরলেন ‘শহিদ জননী’ ফিরোজাও! ‘ঘরের ছেলে’ শুভেন্দুর সঙ্গে থাকার বার্তা
-
বিরাটের পর রোহিত! আফগানিস্তান সিরিজ থেকে কার্যত ছিটকে গেলেন হিটম্যান, নেপথ্যে গম্ভীর?