ক্ষীরোদ ভট্টাচার্য: চিন ও পাকিস্তান নাগরিকদের গতিবিধি নিয়ন্ত্রণ করতে উদ্যোগী কেন্দ্র৷ পাকিস্তানের পরই গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে আফগান নাগরিকদেরও৷ যদিও আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তুলনায় অনেকটাই ভাল৷ কিন্তু তা সত্ত্বেও কেন্দ্র থেকে এই মর্মে ‘কনফেডিনশিয়াল’ বার্তা পাঠান হয়েছে রাজ্যগুলিকে৷ পশ্চিমবঙ্গেও স্বরাষ্ট্র দফতরে এই বার্তা পাঠানো হয়েছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পাঠানো বার্তায় বলা হয়েছে, প্রথম দফায় মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ডে এই নির্দেশ কার্যকর হবে৷ পরে প্রয়োজনে তা অন্য রাজ্যগুলিতেও লাগু করা হতে পারে বলে সূত্রের খবর৷ পাকিস্তান, চিন বা আফগানিস্তানের নাগরিকরা ওই তিন রাজ্যে যেতে চাইলে আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতি নিতে হবে৷
২০১০ সালে দু’বছরের জন্য এই তিন রাজ্যে চিন, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের গতিবিধি নিয়ন্ত্রণ করেছিল কেন্দ্র৷ ফের সেই নিয়ম লাগু করা হল৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, আগামী দু’বছরের জন্য এই তিন রাজ্যে এই নিয়ম বলবত্ থাকবে৷ তবে দু’বছর আগের ওই সাকুর্লার কেন ফের ফিরিয়ে আনা হল তার পক্ষে কোনও কারণ দেখানো হয়নি৷ রাজ্যগুলিকে পাঠানো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সার্কুলারে বলা হয়েছে, এই তিন দেশের নাগরিকদের ওই তিন রাজ্যে আসার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতি নিতে হবে৷ কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে কোনও চিন, পাকিস্তানি বা আফগানিস্তানের নাগরিক মণিপুর, মিজোরাম বা নাগাল্যান্ডে প্রবেশের পর ওই তিন রাজ্যের ফরেন রেজিস্ট্রেশন অফিসার (এফআরও) কে তা ২৪ ঘণ্টার মধ্যে জানাতে হবে৷ রাজ্যে প্রবেশ করলেও ওই তিন রাজ্যের ‘সংরক্ষিত’ এলাকায় প্রবেশাধিকার থাকবে না ওই তিন দেশের নাগরিকদের৷ পাশাপাশি সংশ্লিষ্ট রাজ্যের এফআরও বিস্তারিত তথ্য সংগ্রহ করে তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে জানাবেন৷ এই নিয়ম কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে৷
স্বরাষ্ট্রমন্ত্রক আরও জানিয়েছে, মায়ানমার থেকে ভারতে অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে৷ মায়ানমার নাগরিকদের গতিবিধি নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে৷ বৈধ পাসপোর্ট, ভিসা নিয়ে যেসব মায়ানমার নাগরিক ভারতে আসছেন তাঁদের পাসপোর্ট, ভিসার নম্বরও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানোর জন্য নির্দেশ জারি করা হয়েছে৷ রাজ্যগুলি সরাসরি টেলিফোন করে বা মেল করেও দিল্লিতে তথ্য পাঠাতে পারে বলে ওই নির্দেশে বলা হয়েছে৷
সর্বশেষ খবর
-
নবান্নে শুভেন্দু-অশ্বিনী বৈঠকে কাটল জট, অবশেষে কাজ শুরু হাওড়ার বামনগাছি রেলব্রিজের
-
এবার কি টেস্ট দলেও সুযোগ? ‘নিয়মিত প্র্যাকটিস করছি’, আত্মবিশ্বাসী বৈভব
-
পারফরম্যান্স নয়, টি-টোয়েন্টি দল থেকে অন্য কারণে বাদ শুভমান! প্রকাশ্যে বিস্ফোরক রিপোর্ট
-
নাবালিকাকে ধর্ষণের পর মাথা কেটে খুন, ১৯ দিনের মাথায় দোষী দম্পতিকে ফাঁসির নির্দেশ আদালতের
-
‘স্বপ্ন দেখা বন্ধ করুন’, পরমাণু নিরস্ত্রীকরণ প্রসঙ্গে আমেরিকাকে চোখ রাঙাল কিমের দেশ