স্টাফ রিপোর্টার: কলকাতায় স্টিং অপারেশন চালানোর আগে ‘নারদ নিউজ’-এর সিইও ম্যাথু স্যামুয়েলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশ কয়েক কোটি টাকা ঢুকেছিল৷ ওই টাকা ম্যাথুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন এক রাজনৈতিক নেতা৷ নারদ স্টিং কাণ্ডের তদন্তে নেমে এই তথ্যই পেয়েছেন ‘সিট’-এর তদন্তকারী গোয়েন্দারা৷ স্টিং অপারেশনের আগে ওই রাজনৈতিক নেতা কেন ম্যাথু স্যামুয়েলকে এই বিশাল অঙ্কের টাকা দিয়েছিলেন, তাই নিয়ে তদন্ত শুরু করেছেন গোয়েন্দাকর্তারা৷ স্টিং অপারেশন চালানোর আগে ২০১৪ সালে দু’বার কলকাতায় এসেছিলেন ম্যাথু স্যামুয়েল৷ নিজের নাম ও পরিচয় গোপন করে ছিলেন মধ্য ও দক্ষিণ কলকাতার দু’টি হোটেলে৷ নাম-পরিচয় গোপন করার জন্য তিনি ভোটার কার্ড ও ড্রাইভিং লাইসেন্স জাল করেছিলেন৷ কলকাতায় এসে ম্যাথু নজরুল ইসলাম ওরফে বেচু নামে এক চালকের লাক্সারি ট্যাক্সি ব্যবহার করেছিলেন৷ বেচুর সঙ্গে ম্যাথুর পরিচয় করিয়ে দিয়েছিলেন রিপন স্ট্রিটের ব্যবসায়ী তারজাদ আলি মির্জা৷ এই তারজাদের সন্ধানেও তল্লাশি শুরু করেছে পুলিশ৷
স্টিং অপারেশন চালানোর আগে যে রাজনৈতিক নেতা ম্যাথুর অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিলেন, তার ব্যবসা রয়েছে ভিন রাজ্যে৷ ওই রাজনৈতিক নেতাকেও লালবাজারে ডেকে জেরা করতে চান গোয়েন্দারা৷ অন্যদিকে, এক সপ্তাহের মধ্যে ম্যাথু স্যামুয়েলকে জেরার জন্য লালবাজারে হাজির হতে হবে বলে নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত৷ লালবাজারের গোয়েন্দাকর্তারা জানিয়েছেন, ম্যাথুকে জেরার জন্য আসতে বলে দু-দু’বার নোটিস পাঠানো হয়েছে৷ তবু এখনও পর্যন্ত তাঁর কাছ থেকে কোনও উত্তর আসেনি৷ গোয়েন্দাদের মতে, স্টিং কাণ্ডের তদন্তে অনেক ‘মিসিং লিঙ্ক’ রয়ে গিয়েছে৷ তার কিনারা করতে ম্যাথু স্যামুয়েলকে ভালভাবে জেরা করা প্রয়োজন৷ আদালতের নির্দেশেও তিনি যদি লালবাজারে হাজিরা না দেন, তাহলে ব্যবস্থা নিতে আইনজ্ঞদের পরামর্শ নেওয়া হবে৷
সর্বশেষ খবর
-
ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির নজির, টেস্ট ফাইনালে লড়াই, ৩২-এই অবসরে ভারতীয় তারকা
-
বিদেশ সচিব হয়েই দিল্লি সফরে কুপার, ইরান যুদ্ধের জেরে বদলাচ্ছে ভারত-ব্রিটেন কূটনৈতিক অঙ্ক
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!