সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঐতিহাসিক!
রক্ষণশীলতার বেড়া ভেঙে এই প্রথম লখনউয়ের আইশবাগের ইদগায় নামাজ পড়ার অনুমতি পেলেন মহিলারা৷ অর্থাৎ প্রথমবার ইদগায় ইদ-উল-ফিতরের নমাজে সামিল তাঁরাও৷ তবে পুরুষদের সঙ্গে নয়৷ ইদগা সংলগ্ন পৃথক চত্বরে৷
এই প্রথম সেখানে বিশেষ বন্দোবস্ত করা হয়েছে শুধুমাত্র মহিলাদের কথা ভেবেই৷ আইশবাগ ইদগার ইমাম মৌলানা খালিদ রশিদ ফারাঙ্গি মাহালি এ কথা জানিয়েছেন৷ মৌলানার দাবি, এমনটা কখনওই নয় যে, এই প্রথম তাঁরা মহিলাদের জন্য আইশবাগের এই ইদগার দরজা খুলে দিলেন৷ কিন্তু ইদের নমাজ পড়তে শুধুমাত্র মহিলাদের জন্য ইদগা সংলগ্ন পৃথক চত্বরে বসার ব্যবস্থা নিঃসন্দেহে এই প্রথম৷ তিনি জানিয়েছেন, এর ফলে বহু মহিলা একসঙ্গে নমাজ পড়তে পারবেন৷
প্রসঙ্গত, এর আগে ধর্মীয় স্থানে মহিলাদের প্রবেশাধিকার নিয়ে দেশজুড়ে বিতর্ক ছড়িয়েছিল৷ দীর্ঘদিন ধরে লড়াই চালানোর পর অবশেষে চলতি বছরের এপ্রিল মাসে মহারাষ্ট্রের শনি শিঙ্গনাপুর মন্দিরে মহিলা ভক্তদের প্রবেশের উপর বহাল থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়৷ মুম্বইয়ের হাজি আলি দরগায় মহিলাদের প্রবেশের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে, তাকে চ্যালেঞ্জ জানিয়ে সম্প্রতি ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন (বিএমএমএ)-এর তরফে বম্বে হাই কোর্টে একটি পিটিশন দায়ের করা হয়েছিল৷ ঘটনাচক্রে এমনিতে ‘মাজার’ (স্মৃতিসৌধ)-এ মহিলাদের প্রবেশে কোনও নিষেধাজ্ঞা নেই৷ তবে মসজিদ এবং ইদগায় সেভাবে মহিলাদের নমাজ পড়তে দেখাও যায় না৷ সে সব দিক খতিয়ে দেখেই আইশবাগ ইদগার ইমাম মৌলানা খালিদ রশিদ ফারাঙ্গি মাহালির দাবি, তাঁদের এই পদক্ষেপ শুধুমাত্র ঐতিহাসিকই নয়, প্রগতিশীলও বটে৷
সর্বশেষ খবর
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন