স্টাফ রিপোর্টার: মণিপুরের রাজ্যপাল হিসাবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নাজমা হেপতুল্লাকে নিয়োগ করা হল৷ মেঘালয়ের রাজ্যপাল ভি শানমুগানাথন মণিপুরের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন৷ তাঁর জায়গায় ৭৬ বছরের নাজমাকে আনা হল৷ গতমাসে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের সময়েই কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রিপদ থেকে ইস্তফা দেন নাজমা৷ রাজধানীর গুঞ্জন, ৭৫ বছরের বেশি বয়স্ক কাউকে মন্ত্রিসভায় রাখা হবে না, এই অলিখিত নিয়ম মেনে বয়সের কারণেই নাজমাকে মন্ত্রিপদ থেকে সরানো হয়৷ নাজমাকে যে রাজ্যপালের দায়িত্ব দেওয়া হবে, সেই সময়ই তা ঠিক হয়ে গিয়েছিল৷ হেপতুল্লা দেশের ২২তম মহিলা রাজ্যপাল৷
দেশের তিন রাজ্যের নতুন রাজ্যপাল নিযুক্ত হলেন৷ অসম, মণিপুর ও পাঞ্জাবের রাজ্যপাল এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের লেফটেন্যান্ট গভর্নর ও ভাইস লেফটান্যান্ট গভর্নর নিযুক্ত করার কথা বুধবার রাষ্ট্রপতি ভবন থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে৷ তিন রাজ্যের ক্ষেত্রেই রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন প্রতিবেশী রাজ্যের রাজ্যপাল৷
অসমের নতুন রাজ্যপাল হয়েছেন বনওয়ারিলাল পুরোহিত৷ নাগপুর থেকে নির্বাচিত তিন বারের প্রাক্তন লোকসভা সদস্য পুরোহিত মধ্য ভারতের দৈনিক সংবাদপত্র ‘দ্য হিতাবাদা’-র ম্যানেজিং এডিটর ছিলেন৷ নাগাল্যান্ডের রাজ্যপাল পদ্মনাভ বালাকৃষ্ণ আচার্য অসমের অতিরিক্ত দায়িত্বে ছিলেন৷ পাঞ্জাবের রাজ্যপাল হলেন ভি পি সিং বদনোর৷ তিনি রাজস্থানের বাসিন্দা৷ হরিয়ানার রাজ্যপাল ক্যাপ্টেন সিং সোলাঙ্কি পাঞ্জাবের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন৷ এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে প্রাক্তন বিধায়ক ও দিল্লির বিজেপি নেতা জগদীশ মুখী এবং ভাইস লেফটান্যান্ট গর্ভনর হিসাবে অবসরপ্রাপ্ত জেনারেল এ কে সিংকে নিযুক্ত করা হয়েছে৷
সর্বশেষ খবর
-
বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে বিপদ! মহিলাকে ‘ধর্ষণ’, ধৃত ২
-
বাড়ির চৌহদ্দিতে সংসার পেতেছে মেনি বিড়াল, বাস্তুমতে এই লক্ষণ শুভ নাকি অশনি সংকেত?
-
সাউথ সিটি থেকে অ্যাক্রোপলিস, ‘অখাদ্য’ খুঁজতে এবার কলকাতার নামী ৩ মলে অভিযান
-
ঘরে বৃদ্ধের রক্তাক্ত দেহ, কাছেই ঝোপে খোঁজ মিলল স্ত্রীর! জোড়া ‘খুনে’ চাঞ্চল্য কোচবিহারে
-
উত্তর সিকিমে বিরাট ভূমিধস, অবরুদ্ধ তিস্তা নদী! জারি হল চরম সতর্কতা