স্টাফ রিপোর্টার: নিরাপদ আশ্রয় ভেবে পুলিশের হাত থেকে বাঁচতে কচুরিপানায় মধ্যে গা ঢাকা দিয়েছিল কুখ্যাত ডাকাত৷ কিন্তু শেষ রক্ষা হল না নাছোড়বান্দা পুলিশের পাল্লায় পড়ে৷ ভেড়িতে কচুরিপানার ভর্তি জলে ঝাঁপ দেয় পুলিশের দলও৷ দীর্ঘসময়ের জন্য কচুরিপানার মধ্যেই চলে ডাকাত আর পুলিশের ‘লুকোচুরি’৷ এমনকী, রাতের অন্ধকারে ডুবসাঁতার দিয়েও পালানোর চেষ্টা করে ডাকাত মহাশয়৷ কিন্তু শেষমেশ ধরা দিতে বাধ্য হয় উত্তর বন্দর থানার পুলিশের জালে৷
গঙ্গার পাড়ে উত্তর বন্দর থানার পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীদের নিয়মিত সাঁতার কাটার অভ্যাস৷ সেই অভ্যাসই কাজ দিল শনিবার গভীর রাতে৷ অন্ধকারের মধ্যে হাওড়ার লিলুয়ার ভেড়িতে ডুবসাঁতার কেটে পালানোর সময় হাতেনাতে ধরে ফেলে কুখ্যাত রেল ডাকাত বিক্রম রায়কে৷ ওই গ্যাংয়ের লিডার রানা মালাকেও গ্রেফতার করেছেন উত্তর বন্দর থানার পুলিশ আধিকারিকরা৷ গত মাসে হাওড়া ব্রিজের উপর একটি ডাকাতির অভিযোগে তাদের দু’জনকে গ্রেফতার করা হয়৷ তাদের গ্যাংয়ের আরও একজন পলাতক৷
পুলিশ জানিয়েছে, গত ২০ জুন গভীর রাতে রিজেন্ট পার্কের এক বাসিন্দা বাস না পেয়ে হেঁটে হাওড়া ব্রিজ পার হচ্ছিলেন৷ তখনই তিন দুষ্কৃতী ওই ব্যক্তির মাথায় একটি রিভলভারের বাঁট দিয়ে আঘাত করে তাঁর কাছ থেকে বেশ কয়েক হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুঠ করে পালায়৷ সিসিটিভি-র ফুটেজের মাধ্যমে তদন্ত চালিয়ে পুলিশ জানতে পারে যে, এই কাজ করেছে হাওড়ার রেল ডাকাতের একটি দল৷
শনিবার পুলিশের কাছে খবর আসে, ডাকত দলটি লুকিয়ে রয়েছে লিলুয়ার একটি ভেড়িতে৷ গভীর রাতে ওই ভেড়ির একটি ঘর ঘিরে ফেলে প্রথমে রানা মালাকে পুলিশ ধরে ফেলে৷ তার কাছ থেকে উদ্ধার হয় একটি রিভলভার৷ তা দিয়েই ওই যুবককে আঘাত করা হয়েছিল৷ রানা ধরা পড়তেই তার সঙ্গী বিক্রম ভেড়িতে ঝাঁপিয়ে পড়ে৷ লুকিয়ে পড়ে কচুরিপানায়৷ কয়েকজন পুলিশকর্মী জলে নেমে ঘিরে ধরেন ওই ডাকাতকে৷ অন্যরা উপর থেকে জলে টর্চের আলো ফেলতে থাকেন৷ শেষে ডুবসাঁতার কাটতে গেলে পাল্টা ডুবসাঁতার কেটেই পুলিশ তাকে ধরে ফেলে৷ লুঠ হওয়া জিনিসগুলির সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
১৫ বছর বয়সেই কোটি কোটি সম্পত্তি, নাবালক বৈভবকে কি আয়কর দিতে হয়?
-
দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, হরমুজ হাহাকার কাটিয়ে মিলবে জ্বালানি সমাধান?
-
প্রয়াত পদ্মশ্রী সাহিত্যিক রবিলাল টুডু, রোগভোগের পর না ফেরার দেশে ‘বীর বীরসা’র স্রষ্টা
-
বিশ্বকাপের আগে ‘অমানবিক’ ফিফা! দর্শকদের ভোগান্তি বাড়তে পারে এই সিদ্ধান্তে
-
দাউদ ইব্রাহিমের হাড়হিম হুমকি, ‘তোর খেলা শেষ’, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত